২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউলের হ্যাটট্রিকে ব্যবধান কমালো রিয়াল, ইন্টারের হার

অধিনায়ক রাউল গনজালেসের হ্যাটট্রিকে স্প্যানিশ প্রিমেরা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান খানিকটা নামিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ। রোববার তৃতীয় স্থানে থাকা সেভিয়াকে ৪-২ গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। পাঁচ ম্যাচ বাকি থাকতে লা লিগার শীর্ষ দুদলের পয়েন্টের ব্যবধান এখন নেমে এসেছে চারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 12:22 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

মাদ্রিদ, ২৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অধিনায়ক রাউল গনজালেসের হ্যাটট্রিকে স্প্যানিশ প্রিমেরা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান খানিকটা নামিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ। রোববার তৃতীয় স্থানে থাকা সেভিয়াকে ৪-২ গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। পাঁচ ম্যাচ বাকি থাকতে লা লিগার শীর্ষ দুদলের পয়েন্টের ব্যবধান এখন নেমে এসেছে চারে। ব্যবধান খানিকটা কমেছে ইতালিয়ান সিরি-আ'র শীর্ষ দুদলের মধ্যেও। রোববার ন্যাপোলির কাছে হেরেই গেছে শীর্ষে থাকা ইন্টার মিলান। মার্সেলো জালায়েতার দেওয়া একমাত্র গোলে হোসে মরিনিয়োর দল হারলেও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসি মিলান ৩-০ গোলে হারিয়েছে পালের্মোকে। পাঁচ ম্যাচ বাকি থাকতে দুদলের ব্যবধান এখন ৭। আর রেজিনার সঙ্গে ২-২ গোলে ড্র করে তৃতীয় স্থানে নেমে গেছে জুভেন্টাস। এদিকে সেস্ক ফ্যাব্রিগাসের জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে আর্সেনাল। মিডলসবরোকে ২-০ গোলে হারিয়েছে তারা। আগের দিন বার্সেলোনা ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করায় ব্যবধান কমানোর সুযোগ এসেছিল রিয়ালের সামনে। কিন্তু রোববারের ম্যাচে শুরুটা মোটেই সে রকম হয়নি তাদের। ১৭ মিনিটে রেনাটোর গোলে এগিয়ে গিয়েছিল সেভিয়াই। তবে এরপর ঘুরে দাঁড়িয়েছে রিয়াল। গনজালো হিগুয়াইন বেশ কটি সহজ সুযোগ মিস করার পর বিরতির ঠিক আগে ম্যাচে সমতা এনেছেন রাউল, তারপর ৬৩ ও ৬৫ মিনিটে আরো দুটি গোল করে রিয়ালকে ৩-১ গোলে এগিয়ে নিয়েছেন তিনি। ম্যাচ শেষের ১০ মিনিট বাকি থাকতে বদলি খেলোয়াড় দিয়েগো ক্যাপেল সেভিয়ার পক্ষে একটি গোল শোধ করে দিলে আবার জমে উঠেছিল ম্যাচ, কিন্তু রিয়ালের পক্ষে চতুর্থ গোলটি করে সেই উত্তেজনা থামিয়ে দিয়েছেন মার্সেলো। গত ১৭ ম্যাচে ১৬তম এই জয়ের পর রিয়ালের পয়েন্ট এখন ৭৮, ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গেই পরের ম্যাচটি খেলবে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৭৫৮ ঘ.