ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- এমিলি-রবিনের অনুপস্থিতিতে পুরো জাতিকে আনন্দে ভাসিয়েছেন এনামুল হক। তার একমাত্র গোলে কম্বোডিয়াকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ কাপের 'এ' গ্র"পের বাছাইপর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ।
এখনই সম্পূরক প্রশ্ন হতে পারে কে এই এনামুল ? গত কয়েকদিনে এমিলি-রবিনের জন্য যে পরিমান হা-হুতাশ হয়েছে তার ভীড়ে একবারের জন্যও শোনা যায় নি এই স্ট্রাইকারের নাম। শোনা যায়নি, কারণ তিনি খেলেছেন ফারশগঞ্জে। ইনজুরিতে পড়া ওই দুজনের মতো বড় দলের লেভেল নেই তার গায়ে। এবার তা ভালোমতো লাগিয়ে নিয়েছেন; আর দলের নাম বাংলাদেশ। যখন সবাই ড্রয়ের আশংকা করছিল তখনই এনামুলের হেডে বঙ্গবন্ধু স্টেডিয়ামের হাজার চারেক দর্শক উৎসবে মেতে ওঠে। ৭২ মিনিটে ডানদিক থেকে মামুনুল ইসলামের এক ফ্রি কিকটি মিশুর মাথা ঘুরে অখ্যাত এই স্ট্রাইকারের মাথায় পড়তেই এগিয়ে যায় লাল-সবুজের বাংলাদেশ।
তাতে অবশ্য জাহিদ হোসেনের অবদানও ধরতে হবে। ইনজুরি পুরোপুরি না সারায় শুরুরও একাদশে জায়গা হয়নি এই মিডফিল্ডারের। কিন্তু অবস্থা বেগতিক দেখে তাকে নামাতে বাধ্য হন বাংলাদেশের কোচ ডিডো। ৫৭ মিনিটে ইমনের বদলি হয়ে তিনি নামতেই যেন দলে নতুন করে প্রাণ সঞ্চারিত হয়। ৬৮ মিনিটে ডানদিক দিয়ে ওয়ান টু ওয়ানে ঢুকে ডান পায়ে গোলার মতো এক শট করে ব্রাদার্সের এই মিডফিল্ডার নিজের উপস্থিতি জানান দেন। ৭২ মিনিটেও সেভাবে ঢুকতে গিয়ে ডি-বক্সের ডানদিকে ফাউলের শিকার হন এবং ওই ফ্রি-কিকই হয়ে গেছে গোলের উৎস। গোলের মিনিট দুয়েক পরেই ডান দিক থেকে পাঠানো জাহিদের ক্রসে আরেকটি দুর্দান্ত সুযোগ তৈরি হয়েছিল। ক্রসটি কম্বোডিয়ার গোলরক্ষকের গ্রিপ থেকে বের হয়ে চলে এসেছিল মিশুর পায়ে, তিনি ক্রসবার উঁচিয়ে মেরে ব্যবধান বাড়ানোর সুেেযাগ নষ্ট করেন।
তাই জয়টি আর বড় হতে পারেনি। রোববার শুরু থেকেই অন্যরকম এক বাংলাদেশ। ডিডোর বাংলাদেশ। এই ব্রাজিলিয়ান কোচের তত্ত্বাবধানে ছোট ছোট পাসে খেলে আক্রমণে ওঠা শিখেছে। শিখেছে দুই উইং দিয়ে প্রতিপক্ষের ডিফেন্সে হানা দেওয়া। কিন্তু এসব আক্রমণ বার বার মনে করিয়ে দিচ্ছিল এমিলি-রবিনের অনুপস্থিতির কথা। যেমন ৩২ মিনিটে বাঁদিক থেকে পাঠানো মিশুর ক্রসটি তারা অন্তত গোলপোস্টে রাখতো বলে সবার বিশ্বাস। কিন্তু অভিষেক হওয়া ইমন মাহমুদ ফাঁকায় দাঁড়িয়ে তা বিস্ময়করভাবে পাঠিয়ে দিয়েছেন বাইরে।
তার সঙ্গে এই ম্যাচে অভিষেক হয়েছে নাসির, মানিক, মামুন মিয়ার। এই চার নতুন মুখের মধ্যে ডিফেন্ডার সুজনের জায়গায় খেলেছেন মামুন মিয়া এবং দারুন আত্মবিশ্বাসের সঙ্গে তিনি পুরো ম্যাচে পাহারা দিয়েছেন বাংলাদেশের ডিফেন্স।
অবশ্য বাংলাদেশের ওপর সেরকম চাপ দিতে পারেনি কম্বোডিয়া। বেশিরভাগ সময়ই তো নিজেদের ডিফেন্স সামলাতে হয়েছে তাদের। ৫০ মিনিটে গোলরক্ষক সিয়াহ বাধা হয়ে না দাঁড়ালে হলে তখন পিছিয়ে পড়ে। এনামুল ও মামুনুল ইসালাম একটা ওয়ান-টু খেলে ডিফেন্স ভেঙ্গে ফেলেন, তারপর মামুনের শট এই গোলরক্ষক অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দেন। আরেকবার ৮৪ মিনিটে তিনি বঞ্চিত করেছেন এনামুলকে। ওয়ান টু ওয়ান পজিশনে তার পা থেকে বল একটু বের হয়ে গেলেই ছোঁ মেরে গ্রিপে নিয়ে নেন কম্বোডিয়ার এই গোলরক্ষক। বল রিসিভিংটা একটু ভাল হলেই কিন্তু এনামুলের দুই গোলের জয়োৎসব হতো।
সেটা হয়নি বলে মন খুব খারাপ হয়নি ডিডোর। বাংলাদেশের এই ব্রাজিলিয়ান কোচ বলেছেন, "আমাদের ফিনিশিং খারাপ হয়েছে। অনেক মিস হয়েছে, নইলে আরো বড় ব্যবধানে জিততে পারতাম। অল্প সময়ের প্রস্তুতিতে এই ফল পেয়ে আমি খুশি।" মাত্র তিন মাস সময় পেয়েছেন তিনি দলের প্রস্তুতির জন্য। তার মধ্যে আবার তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে। পুরোপুরি সুস্থ না হলেও জহিদকে নামিয়ে ম্যাচ বের করে এনেছেন কোচ। এই ব্রাজিলিয়ান কোচও স্বীকার করছেন, "বদলি হয়ে জাহিদের মাঠে নামায় একটা ইতিবাচক প্রভাব পড়েছে দলের ওপর।"
জাহিদকে পেয়ে যেন দল মানসিকভাবে চাঙ্গা হয়ে উঠে। এবং অখ্যাত এনামুলও খ্যাতিমান হয়ে উঠেছেন ২৫ ম্যাচ পর বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে জয় উপহার দিয়ে।
বাংলাদেশ দল : আমিনুল, নাসির, মামুন মিয়া, রজনী, আরমান আজিজ, ওয়ালী ফয়সাল, মামুনুল ইসলাম (জাহেদ পারভেজ), মিশু, মানিক, ইমন (জাহিদ হোসেন) ও এনামুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৫০ঘ.
bdnews24