বার্সেলোনা, ২৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র করে একটু পিছিয়ে পড়ল বার্সেলোনা। এটা যেমন সত্য, তেমনি এটাও সত্য যে ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগ পর্যন্ত পিছিয়ে থাকা বার্সেলোনার জন্য ড্র করাটাও একটা অর্জন। ভ্যালেন্সিয়ার মাঠে ২-২ গোলের এই ড্র'র ফলে ৩৩ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৮২। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৫, যার অর্থ সেভিয়ার সঙ্গে রোববার রাতের ম্যাচটা জিততে পারলে দুদলের পয়েন্টের ব্যবধান কমে আসবে ৪এ। ইংলিশ লিগে অবশ্য তেমন কোনো সুযোগ দেয়নি ম্যানচেস্টার। শনিবার রাতে টটেনহাম হটস্পারের সঙ্গে এক থ্রিলারে ৫-২ গোলে জিতে তারা এক ম্যাচ হাতে রেখে লিভারপুলের চেয়ে এগিয়ে গেছে ৩ পয়েন্টে। তাদের পয়েন্ট ৭৭, এক ম্যাচ বেশি খেলা লিভারপুলের পয়েন্ট ৭৪। এদিন লিভারপুল হাল সিটিকে হারিয়েছে ৩-১ গোলে। অন্য বড় দল চেলসি ১-০ গোলে জিতেছে ওয়েস্টহামের বিপক্ষে। লিভারপুলের সমান ৩৪ ম্যাচে চেলসির পয়েন্ট ৭১।
ভ্যালেন্সিয়ার সঙ্গে ম্যাচটা কঠিন হবে বলেই জানিয়েছিলেন এই মৌসুমে স্বপ্নের ফুটবল খেলতে থাকা বার্সেলোনার কোচ পেপ গার্ডিওলা। হলোও তাই। শুরুতে অবশ্য যথারীতি বল-দখল, আধিপত্য এসবকিছুতেই এগিয়ে ছিল বার্সা। এবং গোলও পেয়ে যায় তার ফল হিসেবে। যথারীতি বার্সেলোনার মতোই অসাধারণ গোল, মেসি এবং ইনিয়েস্তা বক্সের মধ্য এমনভাবে বল দেয়া-নেয়া করেন যেন বিপক্ষ দলের ডিফেন্ডাররা মাঠেই নেই। সমাপ্তি টানেন মেসি, প্লেসিং শটে। তখন মনে হচ্ছিল বার্সেলোনা তাদের স্বভাবমতো প্রথমার্ধেই আরও একাধিক গোল করে শেষ করে দেবে ম্যাচ। সম্ভাবনাও ছিল তেমন, এতোর শট অল্পের জন্য বাইরে দিয়ে যায়। মেসির ভলি আটকে দেন গোলরক্ষক। কিন্তু এই চাপটা সামলানোর পরই ম্যাচে ফিরে আসতে থাকে ভ্যালেন্সিয়া। প্রথমার্ধের শেষ ৩ মিনিটে ২ গোল করে এগিয়ে যায় তারা। প্রথম গোলটা গোলরক্ষক ভালদেসের উপহার আসলে, কর্নার ধরতে এসে তিনি ফ্লাইট মিস করলে ফাঁকা পোস্টে বল ঠেলে দেন। দ্বিতীয় গোলটি অবশ্য অসাধারণ। বার্সেলোনা সাধারণত যেরকম ডিফেন্সভাঙ্গা গোল করে তেমনি ওয়ান-টুতে একেবারে বার্সেলোনার ডিফেন্স ভেঙ্গে ঢুকে পড়েন পাবলো। তারপর ঠাণ্ডা মাথায় দুরের পোস্ট দিয়ে বল পাঠান জালে।
দ্বিতীয়ার্ধে একচেঠিয়া খেলেছে বার্সেলোনা। আর ভ্যালেন্সিয়ার লক্ষ্য ছিল অগ্রগামিতা ধরে রাখা এবং সুযোগ পেলে পাল্টা আক্রমণ করা। তা এভাবে খেলে ৮৫ মিনিট পর্যন্ত কাটিয়ে দিয়েছিল তারা, কাটাতে পারত হয়ত বাকি সময়টা। ভুলটা করে বসেন তাদের গোলরক্ষক। মেসির একটা নিরীহ ফ্রি কিক ধরতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বল মিস করলে অঁরি বল পৌঁছে দেন জালে।
ইংলিশ লিগে টটেনহাম হটস্পারের সঙ্গে ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার। মনে হচ্ছিল লিগ শিরোপার লড়াইটা বোধ হয় জমে গেল আবার। কিন্তু দ্বিতীয়ার্ধে অসাধারণ ফুটবল খেলে মাত্র ২২ মিনিটেই ৫ গোল করে ফেলেন রোনালদো-রুনিরা। পেনাল্টি থেকে প্রথম গোল করার পর ডাইভিং হেডে দ্বিতীয় গোল করেন রোনালদো। বাকি তিনটি গোলের দুটো করেন রুনি, অন্যটি বার্বাতোভের।
কাউট দুটো এবং আলনসো একটি গোল করেছেন হাল সিটির বিপক্ষে লিভারপুলের ৩-১ গোলের জয়ে। ওয়েস্টহামের বিপক্ষে চেলসির একমাত্র গোলটি সলোমান কালুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৯০০ঘ.
bdnews24