ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- বলা হচ্ছে সুপার কাপ বাংলাদেশের ফুটবলের এক টার্নিং পয়েন্ট। বহু-চর্চিত কথাটির সত্যতা মিলিয়ে নেওয়ার পালা এবার এএফসি চ্যালেঞ্জ কাপের বাছ্ইাপর্বে। রোববার বিকেল ৩ টায় মায়ানমার-ম্যাকাও ম্যাচ দিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে 'এ' গ্র"পের লড়াই। ৬টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও কম্বোডিয়া।
সুপার কাপ ছিল কোটি টাকা শিরোপা আর উন্মাদনার টুর্নামেন্ট। চ্যালেঞ্জ কাপে সেরকম বিশাল অংকের অর্থ পুরস্কার নেই। আছে জাতীয় দল, যার তুলনা হয় না কিছুর সঙ্গে। আবাহনী-মোহামেডানের বিভক্তি ভুলে এক পতাকাতলে সবার শামিল হওয়ার এ-ই সুযোগ। তাই ফুটবল প্রিয় দর্শকের উপস্থিতিতে চার দলের এই লড়াই জমে ওঠার প্রত্যাশা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে বিশদ জেনে গেছে মানুষ। বাফুফেও মেতেছ অন্যরকম প্রচারনায়, ফার্মগেট ও গুলশানে বিশাল স্ক্রিনে কয়েকদিন ধরে বিজ্ঞাপিত হচ্ছে এএফসি চ্যালেঞ্জ কাপ। টিকেটের মূল্য কম, ২০ টাকায় পূর্ব গ্যালারি, ৩০ টাকায় পশ্চিম গ্যালারি এবং ভিআইপি ১০০ টাকা। তাছাড়া প্রথমদিনে দর্শকদের জন্য আছে বিশেষ উপহার--- একটি গাড়ি। টিকেট কেটে খেলার দেখার পাশাপাশি নিজের ভাগ্যটা পরীক্ষা করে নেওয়ার এই-তো সুযোগ।
খেলা দেখে ঠকার সম্ভাবনাও কম। কারণ ঢাকায় পা রেখে তিন অতিথি দলও গ্র"প চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথা বলে রেখেছে। গত এক মাস ধরে এই স্বপ্ন দেখছেন বাংলাদেশের কোচ ডিডো। মায়ানমার, কম্বোডিয়া ও ম্যাকাওয়ের কথার সারমর্মও এক ---- দ্বিতীয় হওয়ার জন্য তারা আসেনি। এমনকি বীভৎস গরমেও নাকি তাদের সমস্যা হবে না, নিজেদের দেশের আবহাওয়ার সঙ্গে মিল খুঁজে নিয়েছেন !
বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ মায়ানমার এসেছে এক তারুণ্য নির্ভর দল নিয়ে। তাদের কোচ তিন মিন্ট আং বলেছেন, "নতুন একটা প্রজন্ম তৈরি করেছি আমি। প্রায় অনূর্ধ্ব-২৩ দল নিয়ে এসেছি আমরা। বাংলাদেশ কেমন খেলে আমরা জানি। নিজেদের মাঠে তারা সত্যিই কঠিন প্রতিপক্ষ।" গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপে গতবছর ইয়াঙ্গুনে গিয়ে মায়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। ম্যাকাওয়ের অভিজ্ঞতা ২০০৬ সালে ঢাকায় এএফসি চ্যালেঞ্জ কাপে খেলার। তাদের কোচ লিউং সুই উইংয়ের বিশ্বাস, "এই দলটির দেড় বছর এক সঙ্গে খেলার অভিজ্ঞতা এখানে কাজ দেবে। দু-একজন ম্যাচ উইনারও আছে দলে।" আর কম্বোডিয়া নিজেদের সম্ভাবনা টিকিয়ে রাখতে রোববার বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে শুরু করতে চায়।
কম্বোডিয়া সেটা করতে না পারলে সুপার কাপের মতো এএফসি চ্যালেঞ্জ কাপও জমজমাট হয়ে উঠবে। দর্শকে মুখরিত হয়ে উঠবে বঙ্গবন্ধু স্টেডিয়াম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪০ঘ.
bdnews24