ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- বাংলাদেশ দল ইনজুরিতে কাতর। দলের প্রস্তুতিতে খুশি নন ডিডো। প্রতিপক্ষের ব্যাপারেও তিনি সম্পূর্ণ অন্ধকারে। কিন্তু তার কন্ঠে প্রতিশ্র"তি অন্ধকার থেকে আলোয় ফেরার, "আপনারা সবাই ফুটবল দলের সঙ্গে থাকুন। এটা একটা ভাল দল হতে যাচ্ছে।" ডিডোর কল্পিত এই রূপান্তর শুরু হচ্ছে এএফসি চ্যালেঞ্জ কাপে কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। রোববার সন্ধ্যা ৬ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ।
এই বাংলাদেশ ফুটবল দল আমাদের চেনা। যারা শ্রীলঙ্কা নেপালের সঙ্গে হারে, ভূটানের কাছেও হারি হারি করে। নিকট অতীতে তাদের কাছে প্রত্যাশা করে সবাই ঠকেছে। এবার তাদের সঙ্গী হয়েছে নতুন এক চরিত্র এডসন সিলভা ডিডো। আদ্যন্ত ফুটবল-মনস্ক দেশ ব্রাজিল থেকে এসে এখানে ফুটবল শেখাচ্ছেন। প্রথমত বিদেশী কোচে ভীষণ মজে যায় আমাদের খেলোয়াড়রা, মন্দ কিছু চোখে পড়ে না তাদের। দ্বিতীয়ত তার আবাস পেলের দেশে। ব্রাজিলিয়ান হওয়ার সুবাদে না হয় ডিডোর ডাকে আমজনতা সাড়া দেবে প্রথমে। মাঠে আসবে বাংলাদেশ দলের রূপান্তর দেখতে। সঙ্গে গাড়ির টানও আছে। প্রশ্ন হচ্ছে ইনজুরি-জর্জর দলটি দর্শক-ক্ষুধা কতোটা মেটাতে পারবে ?
যখন কম্বোডিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই ডিডোর গলায় ঝরছে আক্ষেপ, "তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে আছে। তবে ডাক্তার তাদের ছাড়পত্র দিয়েছে খেলার জন্য।" সেজন্যই হয়তো এমিলি, জাহিদ ও রবিনকে শেষপর্যন্ত ২৩ জনের দলে রাখা হয়েছে। কিন্তু ওটা এক হাস্যকর ছাড়পত্র। একদিন আগেও যাদের নিয়ে ডাক্তার-বৈদ্যর কাছে দৌড়াদৌড়ি হয়েছে হঠাৎ তাদের ইনজুরি-মুক্ত ঘোষণা করা হয়েছে ! আবার ইনজুরির কারণে তাদের প্র্যাকটিসও হয়নি। কেবল রবিন দলের সঙ্গে ৫/৬ দিন প্র্যাকটিস করেছেন। তাই স্কোয়াডে থাকলেও তাদের একাদশে জায়গা না পাওয়ার সম্ভাবনাই বেশি বলে শোনা যাচ্ছে।
মানে কম্বোডিয়ার বিপক্ষে নিয়মিত দুই স্ট্রাইকার এমিলি-রবিনকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ। তাদের অনুপস্থিতি সুযোগ করে দিচ্ছে এনামুল হককে। নেপালে একমাত্র প্র্যাকটিস ম্যাচেও খেলেছেন এই স্ট্রাইকার। স্ট্রাইকিং জোন নিয়ে দুশ্চিন্তা থাকলেও কোচ তা গোপন রেখে খেলোয়াড়দের আত্মবিশ্বাস জোগানোর তাগিদ দিয়েছেন বারবার। তাই বাংলাদেশ দলের অধিনায়ক আমিনুল হকের ঘোষণা, "আমরা জেতার জন্যই খেলবো। কম্বোডিয়ার সঙ্গে ম্যাচটাকে আমরা কোয়ার্টার ফাইনাল ধরেছি, তারপর সেমিফাইনাল জিতে ফাইনাল খেলবো ---এটাই হচ্ছে লক্ষ্য।" অধিনায়কত্ব ফিরে পাওয়া গোলরক্ষক এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বের ম্যাচ তিনটিকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছেন।
তবে চূড়ান্ত পর্বে উত্তরণের জন্য কম্বোডিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরুটা অত্যন্ত জরুরি। তার জন্য পরিসংখ্যানও আছে বাংলাদেশের পাশে। এর আগে কম্বোডিয়ার সঙ্গে দুটো ম্যাচের কোনোটিতে হারেনি বাংলাদেশ। ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে ঢাকায় তাদের হারিয়েছে ২-১ গোলে, তারপর গতবছর নেহেরু কাপে ১-১ গোলে ড্র করেছে। সমস্যা হচ্ছে, এই কম্বোডিয়া দল সম্পর্কে কিছুই জানেন না বাংলাদেশের ব্রাজিলিয়ান কোচ। ভিয়েতনামের কোচ থাকাকালীন তিনি তাদের খেলা দেখেছেন, তারপর বিশেষ কোনো খবর রাখেননি। প্রতিপক্ষ সম্পর্কে অন্ধকারে থেকেই ডিডো স্বপ্ন দেখছেন গ্র"প চ্যাম্পিয়ন হওয়ার।
ওদিকে কম্বোডিয়ার কোচ সোভান্নারা দাবি করছেন তারাও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে ঢাকায় এসেছেন। এজন্য ভাল প্রস্তুতিও আছে, "দু' মাস প্র্যাকটিস হয়েছে দলের। বেশ কিছু তরুণ খেলোয়াড় যোগ হয়েছে দলে। আমাদের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা আছে।" এ উপলক্ষে ভিয়েতনামে গিয়ে তারা বিভিন্ন দলের সঙ্গে চারটি প্র্যাকটিস ম্যাচ খেলেছে। যদিও জিতেছে মাত্র একটি ম্যাচ, দুটো ড্র করেছে এবং হেরেছে একটি। প্রতিপক্ষ বাংলাদেশ নেপালে গিয়ে একটি খেলে একটিই জিতেছে। প্র্যাকটিস ম্যাচের পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ। এবার নিজেদের মাঠে সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে নামছে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯১৫ঘ.
bdnews24