ঢাকা, ২৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- এবারের বার্সেলোনার মানে লিওনেল মেসি এটা অনেকেই ধরে নিচ্ছেন এবং ভুল করছেন। তারকাদের তারকা মেসি, সফলদের মধ্যে সফলতম, কিন্তু বার্সেলোনার এই স্বপ্নের দলে এতো-অঁরিও আছেন। আছেন ইউরো চ্যাম্পিয়নশিপের সেরা ফুটবলার জাভি হার্নান্দেজও। তবু বুধবার বার্সার সেভিয়া-বধের পর স্পেনের একটি পত্রিকা বিশ্লেষণ করে দেখিয়েছে এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় সেরা ফুটবলারের নাম আন্দ্রেস ইনিয়েস্তা। অনেকে চোখ কপালে তুলবেন, কিন্তু যারা বার্সার এই মৌসুমের স্বপ্নযাত্রার একনিষ্ঠ অনুসারী তাদের কাছে সেটা একটুও বাড়াবাড়ি নয়। বুধবারের ম্যাচে মেসি ছিলেন না, তার জায়গায় অর্থাৎ রাইট উইংগার হিসেবে খেলেছেন তিনি। করেছেন প্রথম গোল, করিয়েছেন বাকি তিনটি। আর এজন্যই কোচ গার্ডিওলার পরিকল্পনামতো মেসিকে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামাতেও হয়নি।
বার্সেলোনার তরুণ প্রকল্প থেকে তৈরি ইনিয়েস্তার সমস্যা আসলে একটাই। এত তারকার ভীড়ে তার তারকাদ্যুতিটা ঠিক সাধারণ্যে পৌঁছায় না। এটুকু বাদ দিলে আর কোনো সমস্যা নেই। মিডফিল্ডার তিনি, কিন্তু সমান দক্ষতায় খেলতে পারেন ফরোয়ার্ড হিসেবে। বার্সেলোনার প্রায় ম্যাচেই দ্বিতীয়ার্ধে তুলে নেয়া হয় ক্লান্ত অঁরিকে এবং তার জায়গায় একজন মিডফিল্ডার নামিয়ে গার্ডিওলা ইনিয়েস্তাকে পাঠিয়ে দেন ফরোয়ার্ডে। ব্যস আরও জোর পায় বার্সায় আক্রমণের রথ। এমনিতে জাভির পাশে দেখে মধ্যমাঠ থেকে খেলাটা নিয়ন্ত্রন করেন অনায়াসে। মেসির মতো চিতাবাঘের গতি নেই, কিন্তু বল নিয়ন্ত্রণ আর ড্রিবলিংয়ে বিশ্বসেরাদের একজন তিনি অবশ্যই। সেভিয়ার সঙ্গে ম্যাচে সামর্থ্যরে সবটা মেলে ইনিয়েস্তা জানান দিলেন প্রচারের আলোর বাইরেও আর বেশিদিন থাকতে রাজি নন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৮২০ঘ.
bdnews24