ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- ফুটবলের স্বাদ ক্রমশ বাড়ছে নকিয়ার কাছে। দু'দফায় ২৬ লাখ টাকা দেওয়ার পর এবার তারা এক কোটি টাকা নিয়ে হাজির ফুটবলের কাছে! এক বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে এই মোবাইল প্রস্তুতকারী কোম্পানি।
বৃহস্পতিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে নকিয়া ইমার্জিং এই ঘোষণা দিয়েছে। যুব ফুটবল উন্নয়ন এবং যথারীতি জাতীয় দলকে স্পন্সর করতে তারা এক বছরের জন্য বাফুফের সঙ্গী হচ্ছে। ২৬ এপ্রিল থেকে এএফসি চ্যালেঞ্জ কাপ দিয়ে তাদের জাতীয় দলের স্পন্সর শুরু হচ্ছে। এছাড়া এক বছরব্যাপী অনূর্ধ্ব ১৮ বছর বয়সী ফুটবলারদের প্রশিক্ষণে সার্বক্ষনিক সঙ্গী হবে নকিয়া। কোম্পানির জেনারেল ম্যানেজার প্রেমচাঁদ বলেছেন, "ফুটবলের সঙ্গে নকিয়ার একটি সুদৃঢ় সম্পর্ক রয়েছে। মূলত আমাদের আগ্রহ যুব ফুটবল উন্নয়নে কাজ করা, স্কুলের ছেলেদের নিয়ে কাজ করা। বলা যায় বাফুফের সঙ্গে আমাদের এই পার্টনারশিপটা হচ্ছে উন্নয়নের।"
আগে তারা বন্ধুত্ব করতো মৌসুম বুঝে। যখন বাংলাদেশ ফুটবল দল কোনো টুর্নামেন্ট খেলতে যেতো। গতবছর মে মাসে প্রথমবারের মতো নকিয়া ইমার্জিং লিমিটেড ফুটবল অঙ্গনে আসে এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ দলের স্পন্সর হয়ে। তারপর জুনে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপেও তারা সঙ্গী। মাঝে বিরতি দিয়ে তারা আবার অক্টোবরে ফেরে বাংলাদেশ দলের মারদেকা কাপ ও মায়ানমার গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপ মিশনে। দু'দফায় ফুটবল দলের জন্য তাদের বরাদ্দ ছিল মাত্র ২৬ লাখ টাকা। অংকটা বেড়ে এবার এক কোটি ! নকিয়ার প্রধান বিপণন কর্মকর্তা নওফেল আনোয়ার কোনো ভনিতা না করেই বলেছেন, "ফুটবল আমাদের যতো মিষ্টি লাগবে ততোই এগুবো।"
নকিয়ার এই অন্তর্ভূক্তিকে স্বাগত জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তার প্রত্যাশা, "বাংলাদেশের তরুন ফুটবল প্রতিভা বিকাশে নকিয়ার অংশগ্রহণকে আমরা অভিনন্দন জানাই। আমার প্রত্যাশা, এই চুক্তির ফলে নতুন নতুন প্রতিভা পাদপ্রদীপের আলোয় আসবে।" তবে যুব ফুটবল উন্নয়নের আওতায় কী শুধু অনূর্ধ্ব-১৮ দল থাকবে নাকি অন্য কোনো পর্যায়ে চলবে তা নিশ্চিত করেননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৫০ঘ.
bdnews24