ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- এমিলি ও জাহিদকে ছাড়াই এএফসি চ্যালেঞ্জ কাপের চ্যালেঞ্জে শরীক হচ্ছে বাংলাদেশ দল! তারপরও চ্যালেঞ্জে নাম্বার ওয়ান হতে চান ডিডো।
সেই শুরু থেকে ইনজুরিতে জর্জরিত বাংলাদেশ ফুটবল দলের ক্যাম্প। কেউ ইনজুরি নিয়ে ক্যাম্প এসেছিলেন, কেউ এসে পড়েছেন। তাদের নিয়ে এতদিনের আশা-নিরাশার দোলাচল কাটিয়ে এডসন সিলভা ডিডো একরকম ঘোষণাই দিয়েছেন, "এমিলি ও জাহিদকে আমরা পাচ্ছি না ধরে নেওয়া যায়। কারণ তারা অনেকখানি ইনজুরি সেরে উঠলেও এখনো মাঠে নামার অবস্থায় পৌঁছেনি। এদের ছাড়াই চ্যালেঞ্জ কাপের চিন্তা করতে হবে আমাদের।"
দিন পাঁচেক আগে অবশ্য জাহিদ হাসান এমিলিকে সুস্থ ঘোষণা করেছিলেন ফিজিও দলিলুর রহমান। তারপর মাঠে নেমে পুরোদমে প্র্যাকটিসও করেছেন। কিন্তু রাতে আবার ব্যাথা অনুভব করেন, মানে হ্যামস্ট্রিং ইনজুরি পুরোপুরি সারেনি এই স্ট্রাইকারের। ফিজিও অবশ্য নানা কথা বলে এখনো আশা জাগিয়ে রাখার চেষ্টা করলেও তাতে ভরসা রাখছেন না বাংলাদেশের ব্রাজিলিয়ান কোচ। বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে এমিলি ক্যাম্পে এলেও জাহিদ হোসেনের ইনজুরি হয়েছে ক্যাম্পে প্র্যাকটিস করতে গিয়ে। এই মিডফিল্ডারের বেলায় ফিজিও সরাসরি বলছেন, "তার ডান পায়ের গোড়ালির অবস্থা ভাল নয়। মাঠের নামার মতো অবস্থা হয়নি।" সুতরাং এই দুজনের এএফসি চ্যালেঞ্জ কাপের বাংলাদেশ দলে রাখার কোনো সুযোগ নেই।
তবে খানিকটা সম্ভাবনা জেগে উঠেছে রবিনকে নিয়ে। এমিলি-জাহিদের মতো তিনিও ইনজুরির কারণে নেপালে প্র্যাকটিস ম্যাচ খেলতে যাওয়া দলের সঙ্গী হতে পারেননি। তার বাম পায়ের উরুর মাংসপেশীতে সমস্যা। এটা নাকি অনেক পুরনো ইনজুরি, কোনো কারণে তার বাম পায়ের মাংসপেশী ডান পায়ের মতো সুগঠিত নয়। ফিজিও দলিলুর রহমানের বক্তব্য অনুযায়ী আস্তে আস্তে এই সমস্যা কাটিয়ে উঠছেন রবিন। আশার কথা, গত কয়েকদিন ধরে মোহামেডানের এই স্ট্রাইকার দলের সঙ্গে প্র্যাকটিস করছেন। সেজন্যই কোচ আশাবাদী, তবে কয়েকদিনের প্র্যাকটিস নিয়ে তিনি ম্যাচ খেলার মতো অবস্থায় পৌঁছাতে পারবেন কিনা বলা মুশকিল।
আরেকটা সুখবর হচ্ছে মিডফিল্ডার মামুনুল ইসলাম এবং নেপালে গিয়ে ইনজুরিতে পড়া আরমান আজিজ, মোহাম্মদ সুজন ও ওয়ালী ফয়সাল এখন সুস্থ। এজন্যই তো ডিডোর নাম্বার ওয়ান হওয়ার স্বপ্ন এখনো বেঁচে আছে, "আমি দুই কিংবা তিন নম্বর বুঝি না, টুর্নামেন্টে এক নম্বর হতে হবে।" এমিলি-জাহিদের মতো দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকার পরও? ডিডোর ইতিবাচক জবাব, "যারা নেই তাদের জন্য আক্ষেপ করে লাভ নেই। বরং ক্যাম্পে যারা আছে তাদের মধ্য আত্মবিশ্বাস জোগানো উচিত যে আমরা পারবো।"
এই আত্মবিশ্বাস সঞ্চয় করে বাংলাদেশ আগামী ২৬ এপ্রিল থেকে এএফসি চ্যালেঞ্জ কাপের 'এ' গ্র"পের লড়াইয়ে নামবে কম্বোডিয়া, মায়ানমার ও ম্যাকাউয়ের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০২০ঘ.
bdnews24