২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উয়েফা কাপের ফাইনালে জার্মানি-ইউক্রেন লড়াই

এবারের উয়েফা কাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে জার্মানি ও ইউক্রেনের দুই দল। সেমিফাইনালের লাইনআপ ঠিক হওয়ার সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয়ে গেছে তা। ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্টের একটি সেমিফাইনালে মুখোমুখি হবে জার্মানির দুই ক্লাব ওয়ার্ডার ব্রেমেন ও হামবুর্গ এসভি। অন্য সেমিফাইনালে ইউক্রেনের ডায়নামো কিয়েভের প্রতিপক্ষ স্বদেশের শাখতার দোনেৎস্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2009, 12:07 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

লন্ডন, ১৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এবারের উয়েফা কাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে জার্মানি ও ইউক্রেনের দুই দল। সেমিফাইনালের লাইনআপ ঠিক হওয়ার সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয়ে গেছে তা। ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্টের একটি সেমিফাইনালে মুখোমুখি হবে জার্মানির দুই ক্লাব ওয়ার্ডার ব্রেমেন ও হামবুর্গ এসভি। অন্য সেমিফাইনালে ইউক্রেনের ডায়নামো কিয়েভের প্রতিপক্ষ স্বদেশের শাখতার দোনেৎস্ক। ওয়ার্ডার ব্রেমেনের শেষ চারে পৌঁছানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা ডিয়েগোর। গত সপ্তাহে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তিনি দুই গোল করায় ব্রেমেন ৩-১ ব্যবধানে হারিয়েছিল ইতালির উদিনেসেকে। বৃহস্পতিবার উদিনেসের মাঠে জার্মান ক্লাবটির রক্ষাকর্তাও ব্রাজিলিয়ান প্লেমেকার। বিরতির সময় ১-৩ গোলে পিছিয়ে থাকা ব্রেমেন ডিয়েগোর দুর্দান্ত নৈপুণ্যের জন্যই ম্যাচটা ৩-৩ গোলে ড্র করতে পেরেছে। ডিয়েগো আবারো দুই গোল করেছেন, সমতাসূচক শেষ গোলটা ক্লদিও পিজারোর। অবশ্য দ্বিতীয়ার্ধে ডিয়েগো পেনাল্টি মিস না করলে ইতালি থেকে জয় নিয়েই ফিরতে পারতো ব্রেমেন। তারপরও দুই লেগ মিলিয়ে ৬-৪এ এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে পৌঁছে গেছে তারা। আরেক জার্মান ক্লাব হামবুর্গ অবশ্য ১-২ গোলে হেরে গেছে ম্যানচেস্টার সিটির কাছে। পাওলো গুয়েরেরো হামবুর্গকে এগিয়ে দিলেও এলানো এবং ফেলিপে ক্যাইসিডোর গোল জয় এনে দিয়েছে স্বাগতিক ম্যানচেস্টার সিটিকে। কিন্তু হামবুর্গে অনুষ্ঠিত প্রথম লেগে তারা ১-৩ গোলে হেরে যাওয়ায় ৪-৩ অ্যাগ্রিগেটে শেষ চার নিশ্চিত করেছে ব্রেমেনের স্বদেশের ক্লাবটি। অন্য দুই কোয়ার্টার ফাইনাল ছিল ফ্রান্স বনাম ইউক্রেনের লড়াই। এবং দুটোতেই বিজয়ী 'ইউরো ২০১২'র সহ-স্বাগতিক ইউক্রেনের দুই ক্লাব। প্রথম লেগ প্যারিস সেন্ট জার্মেই'র মাঠে গোলশূন্য ড্র করে আসা ডায়নামো কিয়েভ বৃহস্পতিবার ঘরের মাঠে অনুষ্ঠিত ফিরতি লেগে জিতেছে ৩-০ গোলের পরিষ্কার ব্যবধানে। শাখতারের কৃতিত্ব আরো বেশি। মার্সেইকে দুই লেগেই হারিয়েছে তারা। গত সপ্তাহে ঘরের মাঠে ২-০ গোলে জয় পাওয়া শাখতার ফিরতি লেগে মার্সেই থেকে ফিরেছে ২-১ গোলের জয় নিয়ে। দুই লেগের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল ও ৭ মে। ২০ মে অনুষ্ঠেয় ফাইনালের ভেন্যু ইস্তাম্বুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮১১ঘ.