ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রস্তুতি আহামরি কিছু নয়। তারপরও প্র্যাকটিস ম্যাচ খেলার রেওয়াজ ধরে রাখতেই ভাঙ্গাচোরা বাংলাদেশ দল নিয়ে ডিডো প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন নেপালে।
ম্যাচ আগামী শনিবার, প্রতিপক্ষ নেপাল পুলিশ দল। এজন্য বৃহস্পতিবার কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হচ্ছে ২৫ সদস্যের বাংলাদেশ দল। তাতে খেলোয়াড় সংখ্যা ২০ জন, মানে প্রশিক্ষণ ক্যাম্পের ২৫ জন থেকে বাদ পড়েছেন ৫ জন। এগুলো যেনতেন নাম নয়, নিয়মিত একাদশে অনায়েসে যাদের জায়গা হয় সেই এমিলি, রবিন ও জাহিদ হোসেন আছেন বাদ পড়াদের তালিকায়। তাদের জন্য কোচ এডসন ডিডোরও মন খারাপ, "তারা থাকলে হয়তো দলের ভারসাম্য বজায় থাকতো। কিছু করার নেই, ইনজুরির কারণে তাদের রেখে যেতে হচ্ছে।" এটা একটা বড় ধাক্কা। স্ট্রাইকার সংকটের এ দেশে সুপার কাপের সেরা খেলোয়াড় জাহিদ হাসান এমিলিই সম্বল। আলো ছড়াচ্ছিলেন উঠতি স্ট্রাইকার রবিনও। আর মাঝমাঠের তারকা জাহিদ হোসেন। ২৬ এপ্রিল থেকে শুরু এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বের আগে এই ত্রিমূর্তি সেরে উঠার ওপরই নির্ভর করছে বাংলাদেশের চ্যালেঞ্জ।
এছাড়া বাদ পড়া বাকি দুজনকে নিয়ে সন্তুষ্ট নন ব্রাজিলিয়ান কোচ। "গোলরক্ষক হিমেল ও ডিফেন্ডার আরিফুল প্র্যাকটিসে সেরকম উন্নতি করেনি। দলে ঢুকতে হলে প্র্যাকটিসে তাদের আরো ভাল করতে হবে"---- বলেছেন এডসন সিলভা ডিডো।
তবে প্র্যাকটিস নিয়েও তিনি সন্তুষ্ট নন, "এই কদিনের প্র্যাকটিসে বেশি কিছু অগ্রগতি নেই। তবে খেলোয়াড়রা বুঝতে পারছে আমি তাদের কাছ থেকে কী চাই। আমরা কী স্টাইলে খেলবো, এটা তাদের কাছে পরিস্কার হয়ে গেছে আশা করি।" স্টাইল অনেকটা ল্যাটিন আমেরিকান ধাঁচের ছোট পাসে খেলা। মাত্র ১৭ দিনের প্র্যাকটিসে খেলোয়াড়রা তা কতোটা রপ্ত করতে পারবেন বলা মুশকিল। গত ২৮ মার্চ থেকে তারা ফুটবল-পাঠ নিচ্ছেন নতুন ল্যাটিন আমেরিকান শিক্ষকের অধীনে।
প্রশ্ন জাগছে, কোচের প্রথম ম্যাচের ভেন্যু পছন্দ নিয়ে। এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্ব হবে ঢাকায় আর তিনি ম্যাচ খেলতে যাচ্ছেন নেপালে। কোচের ব্যাখ্যা হচ্ছে, "খেলোয়াড়দের মানসিকতার কথা মাথায় রেখে আমি দেশের বাইরে ভেন্যু পছন্দ করেছি। কারণ বাইরে খেলে হারলেও তাতে নেতিবাচক প্রভাব পড়বে না তাদের মনে। টুর্নামেন্টের আগে দেশের মাটিতে হারলে মনে একধরনের ভয় ঢুকে যায়।"
এই ম্যাচ নিয়ে যে আমিনুলের দলেরও ভয় নেই তা বলা যাবে না। কারণ গত বছর এএফসি প্রেসিডেন্ট কাপে নেপাল পুলিশ দলের কাছে ৪-০ গোলে হেরেছিল বি. লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। আছে ভূ-প্রকৃতিগত একটা বাধা, হঠাৎ করে সমুদ্রপৃষ্ঠের প্রায় সাড়ে চার হাজার ফুট ওপরে গিয়ে ম্যাচ খেলতে হবে। "এটা একটা সমস্যা। কম সময়ের মধ্যে তারা ওখানে কতোটা মানিয়ে নিতে পারবে তার ওপরই পারফরম্যান্স নির্ভর করছে। আরেকটা হচ্ছে, প্রতিপক্ষ সম্পর্কে আমি কিছুই জানি না"---- প্রতিপক্ষকে নিয়ে সম্পূর্ণ অন্ধকারে থেকেই প্রথম পরীক্ষায় নামছেন বাংলাদেশের ব্রাজিলিয়ান কোচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১০০ঘ.
bdnews24