২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট গোলের থ্রিলারে ড্র করলো চেলসি-লিভারপুল

ম্যাচ শুরুর আগে এক সময়ের তারকা ইয়ান রাশ লিভারপুলের খেলোয়াড়দের বলেছিলেন অলৌকিকতায় বিশ্বাস করতে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিগ কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় লেগে শনিবার সে রকম একটা কিছুর প্রত্যাশা সত্যিই জাগিয়েছিল অলরেডরা, কিন্তু ২-০ গোলে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে চেলসি রুখে দিয়েছে সেই সম্ভাবনা। আট গোলের নাটকীয় ম্যাচটি ৪-৪ গোলে ড্র হওয়ায় সেমিফাইনালে উঠে গেছে ব্লুজরা। সেখানে বার্সেলোনার মুখোমুখি হবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2009, 04:20 AM

Updated : 26 Aug 2022, 11:20 AM

লন্ডন, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ম্যাচ শুরুর আগে এক সময়ের তারকা ইয়ান রাশ লিভারপুলের খেলোয়াড়দের বলেছিলেন অলৌকিকতায় বিশ্বাস করতে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিগ কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় লেগে শনিবার সে রকম একটা কিছুর প্রত্যাশা সত্যিই জাগিয়েছিল অলরেডরা, কিন্তু ২-০ গোলে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে চেলসি রুখে দিয়েছে সেই সম্ভাবনা। আট গোলের নাটকীয় ম্যাচটি ৪-৪ গোলে ড্র হওয়ায় সেমিফাইনালে উঠে গেছে ব্লুজরা। সেখানে বার্সেলোনার মুখোমুখি হবে তারা। প্রথম লেগে লিভারপুলের মাঠ থেকে ৩-১ গোলে জিতে ফেরায় সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছিল চেলসি। এরপর দ্বিতীয় লেগে অলৌকিক কিছুর আশা করা ছাড়া উপায় কি? কিন্তু ১৯ মিনিটে ফ্যাবিও অ্যারোলিওর গোলে এগিয়ে যাওয়ার পর ২৮ মিনিটে পেনাল্টি পেয়ে জাভি অ্যালোন্সো যখন ব্যবধানটা করে তুললেন ২-০, তখন সত্যিই অলৌকিক কিছুর স্বপ্ন উঁকি দিচ্ছিল লিভারপুল সমর্থকদের মনে। চেলসির কোচ গাস হিডিঙ্ক পর্যন্ত মেজাজ হারিয়ে বসেছিলেন তখন। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে এরপর এগিয়ে গেছে চেলসিই। ৫১ মিনিটে দিদিয়ের দ্রগবা আর ৫৭ মিনিটে অ্যালেক্সের গোলে সমতায় ফেরার পর ৭৬ মিনিটে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড হাসি ফুটিয়েছেন স্ট্যামফোর্ড ব্রিজে সমবেত ব্লুজ সমর্থকদের। নাটকের কিন্তু এখানেই শেষ নয়। এরপর দুই মিনিটের মধ্যে লুকাস আর ডার্ক ক্যাউটের গোল আরো একবার ফিরিয়ে এনেছিল লিভারপুলের স্বপ্ন। ৮১ আর ৮৩ মিনিটের ওই দুটি গোলের পর বাকি ৭ মিনিটে আর একটি গোল করলেই প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবাদে শেষ চারে উঠে যেতে পারতো তারা তবে শেষ পর্যন্ত তা হয়নি, উল্টো ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ল্যাম্পার্ড নিশ্চিত করেছেন চেলসির সেমিফাইনাল উত্তরণ। দু লেগ মিলিয়ে ৭-৫ অ্যাগ্রিগেটে জিতেছে ব্লুজরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯০৭ ঘ.