মিউনিখ, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম লেগে নিজের মাঠে পেয়ে ৪-০ গোলে উড়িয়ে দিলেও মিউনিখের মাঠে বায়ার্ন মিউনিখকে হারাতে পারেনি বার্সেলোনা। তবে কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় লেগের ম্যাচে ১-১ গোলে ড্র করেও অনায়াসেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। সেখানে তাদের দেখা হবে চেলসির সঙ্গে। অন্য কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে লিভারপুলের সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে ব্লুজরা।
মিউনিখের অ্যালায়ানজ অ্যারেনা স্টেডিয়ামে খেলতে নামার আগে থেকেই জার্মান চ্যাম্পিয়নরা এক রকম জানতো এবারের চ্যাম্পিয়নস লিগে এটাই হতে যাচ্ছে তাদের শেষ ম্যাচ। কিন্তু বিরতির পর খেলা শুরু হতে না হতেই ফ্রাঙ্ক রিবেরির গোল ক্ষণিকের জন্য এক অসম্ভব স্বপ্ন দেখিয়েছিল তাদের। বার্সেলোনার অফসাইডের ফাঁদ এড়িয়ে ব্রাজিলিয়ান সতীর্থ জে রবার্তোর বাড়ানো ক্রস ধরে গোলরক্ষক ভিক্টর ভ্যালদেসকে পরাস্ত করেছেন এই ফরাসি প্লে মেকার।
তবে ৭৩ মিনিটে সেইডু কেইটা সেই গোলটি শোধ করে দিয়ে বাঁচিয়েছেন ক্যাটালানদের সম্মান। আন্দ্রেস ইনিয়েস্তা আর জাভি হার্নান্দেজের মিলিত প্রচেষ্টার গড়ে ওঠা আক্রমণ থেকে বল পেয়ে দূরপাল্লার শটে গোল করেছেন বার্সেলোনার এই মিডফিল্ডার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯০৭ ঘ.
bdnews24