২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনা-চেলসি ফেভারিট, কিন্তু সহজে ছেড়ে দেবে না কেউই

প্রথম লেগ ৪-০ গোলে জেতা বার্সেলোনার এখন নিশ্চিন্ত থাকার কথা। কিন্তু মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার আগে পেপ গার্ডিওলার মনে দুশ্চিন্তার কালো মেঘ! বার্সেলোনা কোচের আশঙ্কা ঘরের মাঠে আহত বাঘের মতো তার দলের ওপরে ঝাঁপিয়ে পড়ে একটা বড় চমকের জন্ম দিতে পারে বায়ার্ন। দিনের অন্য ম্যাচে বায়ার্নের মতোই বিধ্বস্ত হওয়া লিভারপুলের প্রতিপক্ষ চেলসি। গত সপ্তাহে লিভারপুল সফরে ৩-১ গোলে জয় পাওয়ায় 'ব্লুজ' নিজেদের মাঠে সুস্পষ্ট ফেভারিট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2009, 02:58 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

লন্ডন/বার্লিন, ১৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম লেগ ৪-০ গোলে জেতা বার্সেলোনার এখন নিশ্চিন্ত থাকার কথা। কিন্তু মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার আগে পেপ গার্ডিওলার মনে দুশ্চিন্তার কালো মেঘ! বার্সেলোনা কোচের আশঙ্কা ঘরের মাঠে আহত বাঘের মতো তার দলের ওপরে ঝাঁপিয়ে পড়ে একটা বড় চমকের জন্ম দিতে পারে বায়ার্ন। দিনের অন্য ম্যাচে বায়ার্নের মতোই বিধ্বস্ত হওয়া লিভারপুলের প্রতিপক্ষ চেলসি। গত সপ্তাহে লিভারপুল সফরে ৩-১ গোলে জয় পাওয়ায় 'ব্লুজ' নিজেদের মাঠে সুস্পষ্ট ফেভারিট। তার পর দিন অর্থাৎ বুধবার ম্যানচেস্টার ইউনাইটেডের জন্যও অগ্নিপরীক্ষা। ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত প্রথম লেগ পোর্তোর সঙ্গে ২-২ গোলে ড্র করায় প্রতিপক্ষের মাঠে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের সামনে জয় কিংবা দুইয়ের চেয়ে বেশি গোল করে ড্র করা ছাড়া আর কোনো উপায় নেই। আরেক ইংলিশ ক্লাব আর্সেনালকে অবশ্য এত কঠিন পরীক্ষার সামনে পড়তে হচ্ছে না। ভিলারিয়াল সফরে ১-১ গোলে ড্র করায় বুধবার লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে গোলশূন্য ড্র করলেই শেষ চারে পৌঁছে যাবে 'গানার'রা। গত বুধবার ন্যু ক্যাম্পে বায়ার্নকে দাঁড়াতেই দেয়নি বার্সেলোনা, প্রথমার্ধেই চার গোল করে ম্যাচের ফল নিয়ে সব অনিশ্চয়তা শেষ করে দিয়েছে। সেদিন স্প্যানিশ 'প্রিমেরা লিগা'র শীর্ষে থাকা দলটির দুর্দান্ত আক্রমণাত্মক খেলা মুগ্ধ করেছে দুনিয়ার কোটি-কোটি ফুটবল-ভক্তকে। বায়ার্নের কোচ ইয়ুর্গেন ক্লিনসম্যান তো এবারের মতো চ্যাম্পিয়ন্স লিগকে বিদায় জানানোর ইঙ্গিতই দিয়ে রেখেছেন সেদিন। অথচ গার্ডিওলার কণ্ঠে সম্পূর্ণ ভিন্ন কথা। সোমবার সংবাদ সম্মেলনে শিষ্যদের সতর্ক করে দিয়ে তিনি বললেন, "বায়ার্নের পক্ষে চার গোল করা সম্ভব। এমনকি আহত হলে তারা এর বেশিও গোল করতে পারে। আমি নিশ্চিত তারা ভালো পারফর্ম করবেই। এবং ম্যাচটা জিততে হলে সেখানে আমাদের অনেক উচ্চাকাক্সক্ষা নিয়েই নামতে হবে। (গত সপ্তাহে) হেরে যাওয়ার পর ওরা যে সব বিবৃতি দিয়েছে আমি তা বিশ্বাস করি না।" এই ম্যাচে বার্সেলোনার জন্য একটাই অস্বস্তিকর তথ্য, সাসপেনশনের জন্য খেলতে পারবেন না সেন্ট্রাল ডিফেন্ডার রাফায়েল মার্কেজ। তবে গার্ডিওলা যা-ই বলুন না কেন, জার্মানির সাবেক তারকা স্ট্রাইকার ক্লিনসম্যান তার দলকে নিয়ে তেমন আশাবাদী নন। শনিবার জার্মান 'বুন্দেসলিগা'য় এইনট্রাখট ফ্র্যাংকফুর্টকে ৪-০ গোলে উড়িয়ে দিলেও বায়ার্নের কোচ খুব বেশি আত্মবিশ্বাসী নন, "(ফ্র্যাংকফুর্টের বিপক্ষে) জয় আমাদের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ বুলিয়েছে। কিন্তু তা পুরোপুরি নয়। মঙ্গলবার আমাদের অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে।" এ মৌসুমের শুরু থেকে বায়ার্নের অধারাবাহিক পারফরম্যান্সের জন্য সমালোচকদের তোপের মধ্যে থাকা ক্লিনসম্যানের জন্য অবশ্য সুখবরও অপেক্ষা করছে। ইনজুরির কারণে প্রথম লেগ মিস করা দুই ডিফেন্ডার লুসিও ও ফিলিপ ল্যামের এই ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে। লন্ডন সফরে লিভারপুলকে অনুপ্রেরণা যোগাতে পারে বোল্টন ওয়ান্ডারার্সের সর্বশেষ পারফরম্যান্স। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির মাঠে ০-৪ গোলে পিছিয়ে পড়েও হাল ছেড়ে দেয়নি বোল্টন, ৩ গোল ফিরিয়ে দিয়েছে 'ব্লুজ'কে। সেদিন অবশ্য জয় নিশ্চিত ভেবে দিদিয়ের দ্রগবা আর ফ্র্যাংক ল্যাম্পার্ডকে তুলে নিয়েছেন গাস হিডিঙ্ক। তবে তারপরও সেই ম্যাচটা থেকে শিক্ষা নিয়ে চেলসির অন্তবর্তী কোচের উপলব্ধি, "(ঐ ম্যাচে) তিন গোল খাওয়ায় আমি কিছুটা হলেও উদ্বিগ্ন। তবে প্রত্যেক ম্যাচই আলাদা। যাহোক, বলা যেতে পারে এটা আমাদের জন্য একটা ভালো শিক্ষা।" সেই শিক্ষা চেলসিকে কতটা উদ্দীপ্ত করতে পারে সেটাই দেখার। যদিও তাদের জন্য একটা দুঃসংবাদ আছে। সাসপেনশনের জন্য এই ম্যাচে খেলতে পারবেন না অধিনায়ক জন টেরি। তার জায়গায় গত তিন ম্যাচ মিস করা পর্তুগিজ ডিফেন্ডার রিকার্ডো কারভালহোর খেলার জোরালো সম্ভাবনা। অন্যদিকে লিভারপুল ফিরে পাচ্ছে হাভিয়ের মাসকেরানোকে। সাসপেনশনের কারণে প্রথম লেগে খেলতে পারেননি এই আর্জেন্টাইন মিডফিল্ডার। তবে শনিবার ব্ল্যাকবার্ন রোভার্সকে ৪-০ গোলে উড়িয়ে দেয়া ম্যাচে কুঁচকির ইনজুরিতে পড়া অধিনায়ক স্টিভেন জেরার্ডকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছে 'অলরেড'রা। যদিও লিভারপুল কোচ রাফায়েল বেনিটেজ জেরার্ডের খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি, "সে এখন অনেকটাই সুস্থ। তবে এখনো তাকে নিয়ে কাজ করছেন ফিজিওরা। সে আরো এক দিন ট্রেনিংয়ের সুযোগ পাবে। তারপরই আমরা দেখবো তার অবস্থা কী দাঁড়ায়। ম্যাচের আগে আমরা ডাক্তারের সঙ্গে এবং তার সঙ্গেও কথা বলবো। এটা পরিষ্কার যে তাকে আমাদের ভীষণ দরকার। সে আমাদের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আর সে খেললে আমাদের পারফরম্যান্সে পার্থক্য চোখে পড়েই।" তিন গোলের ব্যবধানে জিততেই হবে এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে থাকা লিভারপুলকে অনুপ্রাণিত করতে পারে তাদের সর্বশেষ চেলসি সফরও। গত অক্টোবরে স্ট্যামফোর্ড ব্রিজে ১-০ গোলে জিতে তারা ইংলিশ লিগে চেলসির টানা ৮৬ ম্যাচ অপরাজিত থাকার কৃতিত্ব ধূলায় মিশিয়ে দিয়েছিল। তবে লুই ফেলিপে স্কলারির বদলে হিডিঙ্ক দায়িত্ব নেয়ার পর থেকেই 'ব্লুজ'-এর দুর্দান্ত পারফরম্যান্স। এই ডাচ কোচের অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচ খেলে ৯টিতেই জিতেছে তারা। ঘরের মাঠে সেটা আবার চেলসির জন্য বাড়তি অনুপ্রেরণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১০০ঘ.