২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ম্যান ইউকে জেতালেন মাচেদা

গত সপ্তাহে অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগ অভিষেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের ত্রাণকর্তা হয়ে উঠেছিলেন ফেদেরিকো মাচেদা। ইনজুরি সময়ে করা গোলটি রাতারাতি তারকায় পরিণত করেছিল ১৭ বছর বয়সী এই ইতালিয়ানকে। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই শনিবার আবার সেই কীর্তির পুনরাবৃত্তি করেছেন তিনি। ৭৬ মিনিটে বদলি হিসেবে খেলতে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই তার গোল এবার স্যান্ডারল্যান্ডের বিপক্ষে ইংলিশ চ্যাম্পিয়নদের এনে দিয়েছে ২-১ গোলের জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 05:18 AM

Updated : 26 Aug 2022, 11:19 AM

লন্ডন, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত সপ্তাহে অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগ অভিষেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের ত্রাণকর্তা হয়ে উঠেছিলেন ফেদেরিকো মাচেদা। ইনজুরি সময়ে করা গোলটি রাতারাতি তারকায় পরিণত করেছিল ১৭ বছর বয়সী এই ইতালিয়ানকে। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই শনিবার আবার সেই কীর্তির পুনরাবৃত্তি করেছেন তিনি। ৭৬ মিনিটে বদলি হিসেবে খেলতে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই তার গোল এবার স্যান্ডারল্যান্ডের বিপক্ষে ইংলিশ চ্যাম্পিয়নদের এনে দিয়েছে ২-১ গোলের জয়। শনিবার জয় পেয়েছে শিরোপা লড়াইয়ে রেড ডেভিলদের দুই প্রতিদ্বন্দ্বী লিভারপুল আর চেলসিও। ফার্নান্দো তোরেসের জোড়া গোলে অল রেডরা ৪-০ ব্যবধানে হারিয়েছে ব্ল্যাকবার্ন রোভার্সকে, আর দিদিয়ের দ্রগবার জোড়া গোল বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ব্লুজদের এনে দিয়েছে ৪-৩ গোলের জয়। জিতেছে চতুর্থ স্থানে থাকা আর্সেনালও, প্রথমে পিছিয়ে পড়েও পরে উইগান অ্যাথলেটিককে ৪-১ গোলে হারিয়েছে গানাররা। স্যান্ডারল্যান্ডে ম্যাচের শুরুতেই পল স্কলসের গোলে এগিয়ে গিয়েছিল ম্যান ইউ। কিন্তু দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে কেনউইন জোনস সেই গোল শোধ করে দেওয়ায় পয়েন্ট হারানোর শঙ্কা পেয়ে বসেছিল তাদের। দিমিতার বার্বাতোভের বদলি হিসেবে খেলতে নেমে নিজের প্রথম শটেই গোল করে সেই শঙ্কা দূর করে দিয়েছেন মাচেদা। অ্যানফিল্ডের ম্যাচে লিভারপুল দাঁড়াতেই দেয়নি রোভার্সদের। পঞ্চম মিনিটেই অলরেডদের এগিয়ে নিয়েছেন তোরেস, তার ৩৩ মিনিটে এই স্প্যানিয়ার্ডের হেডেই ব্যবধান দ্বিগুণ করেছে তারা। এর সঙ্গে দ্বিতীয়ার্ধে ড্যানিয়েল অ্যাগার ও ডেভিড নগোগের গোল চ্যাম্পিয়নস লিগ বিপর্যয় ভুলিয়ে দিয়েছে লিভারপুলকে। তিনদিন আগে চ্যাম্পিয়নস লিগে লিভারপুলকে হারানো চেলসির জয়টাও এমন নিরঙ্কুশই হতে পারতো। দিদিয়ের দ্রগবার জোড়া গোলের সঙ্গে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড আর মাইকেল বালাকের লক্ষ্যভেদে ৪-০ গোলে এগিয়ে গিয়েছিল তারাও। কিন্তু এরপর বিস্ময়করভাবে ঘুরে দাঁড়িয়ে ব্লুজদের কাঁপিয়ে দিয়েছে বোল্টন। নয় মিনিটের মধ্যে তিন গোল শোধ করে দিয়েছেন অ্যান্ডি ও'ব্রায়েন, ক্রিস বাশাম আর ম্যাট টেলর। ৭১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আগের মতোই রয়েছে ম্যান ইউ, এক ম্যাচ বেশি খেলে ৭০ পয়েন্ট নিয়ে লিভারপুল দ্বিতীয় আর ৬৭ পয়েন্ট নিয়ে চেলসি আছে তৃতীয় স্থানে। আর্সেনালের সংগ্রহ ৬১। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯০৭ ঘ.