ঢাকা, ১০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- তিন মাসের মধ্যে লিমিটেড ক্লাবে রূপান্তরিত হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। একইসঙ্গে সাভারে তৈরি করবে নিজেদের জন্য একটা স্টেডিয়ামও। শুক্রবার সুপার কাপের শিরোপা এনে দেওয়া ফুটবলারদের জন্য আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাব সভাপতি মোসাদ্দেক আলী ফালু দিয়েছেন এই ঘোষণা।
''ক্লাবের সামগ্রিক উন্নতির জন্য আমরা মোহামেডানকে লিমিটেড কোম্পানিতে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছি। আর সাভারে সরকারের কাছ থেকে বরাদ্দপ্রাপ্ত ২৫ একর জায়গার মধ্যে আমরা মোহামেডান স্টেডিয়াম তৈরি করব'' এভাবে ঘোষণাটা দেওয়ার পর ফালু জানিয়েছেন, সরকারের কাছ থেকে জায়গা পাওয়ার পরই শুরু হবে স্টেডিয়াম তৈরির কাজ।
ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের ২৫ খেলোয়াড় ও কোচের প্রত্যেককে এক লাখ টাকার চেক এবং একটি করে ক্রেস্ট দেয়া হয়। এছাড়াও এই মৌসুমেই বিদায় নেয়া সাবেক অধিনায়ক জুয়েল রানাকেও সম্মাননা দেয়া হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, জাতীয় দলের কোচ এডসন সিলভা ডিডোসহ ফেডারেশন এবং ক্লাবের অন্যান্য কর্মকর্তা এবং মোহামেডানের সাবেক ফুটবলারদের অনেকেই উপস্থিত ছিলেন স্টেডিয়ামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২১৪৫ঘ.
bdnews24