রিও ডি জেনিরো, ১০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইতালিতে থাকতে আর একটুও ভালো লাগছে না আদ্রিয়ানোর। তাই সেখানে ফিরতে চাচ্ছেন না ইন্টার মিলানের ব্রাজিলিয়ান স্ট্রাইকার। শুধু তাই নয়, ফুটবল থেকেই কিছু দিনের জন্য 'মুক্তি' চাচ্ছেন তিনি!
২০০৪ সালের কোপা আমেরিকা এবং পরের বছর অনুষ্ঠিত কনফেডারেশন্স কাপে সর্বোচ্চ গোলদাতা হয়ে দুটো টুর্নামেন্টেই ব্রাজিলকে শিরোপা জিততে সাহায্য করেছিলেন আদ্রিয়ানো। কিন্তু বেশ কিছুদিন ধরেই তার ফর্ম নেই। ইন্টার এবং ব্রাজিল দু দলের বেশিরভাগ ম্যাচেই তার ভূমিকা কেবল দর্শকের। গত সপ্তাহে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর আর পেরুর বিপক্ষেও মাঠে নামার সুযোগ পাননি। এবং দেশ থেকে ইতালিতেও ফিরে যাননি। কেন যাননি সেই ব্যাখ্যার পাশাপাশি কিছুদিন মাঠের বাইরে থাকার পরিকল্পনার কথাও জানালেন ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার, "আমি খেলার আনন্দটাই হারিয়ে ফেলেছি। আমার আর ইতালিতে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। আমি ব্রাজিলেই শান্তিতে থাকতে চাই। জানি না আগামী এক, দুই বা তিন মাস খেলার বাইরেই থাকবো কিনা। ক্যারিয়ার নিয়ে নতুন করে চিন্তা-ভাবনাও করতে হবে আমাকে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০১০ঘ.
bdnews24