২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউ'র পথ ধরে হতাশ করল ম্যানচেস্টার সিটিও

ম্যানচেস্টারের ফুটবল-ভক্তদের হতাশা নিয়েই কাটলো এ সপ্তাহটা। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর বৃহস্পতিবার উয়েফা কাপে 'রেড ডেভিল'দের প্রতিবেশী ম্যানচেস্টার সিটি ১-৩ গোলে হেরেই গেছে হামবুর্গের কাছে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জিতেছে আরেক জার্মান ক্লাব ওয়ার্ডার ব্রেমেনও। ইতালির উদিনেসেকে তারা একই ব্যবধানে হারানোয় 'অল-জার্মান' সেমিফাইনালের সম্ভাবনাও উজ্জ্বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2009, 11:54 AM

Updated : 26 Aug 2022, 11:18 AM

বার্লিন, ১০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ম্যানচেস্টারের ফুটবল-ভক্তদের হতাশা নিয়েই কাটলো এ সপ্তাহটা। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর বৃহস্পতিবার উয়েফা কাপে 'রেড ডেভিল'দের প্রতিবেশী ম্যানচেস্টার সিটি ১-৩ গোলে হেরেই গেছে হামবুর্গের কাছে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জিতেছে আরেক জার্মান ক্লাব ওয়ার্ডার ব্রেমেনও। ইতালির উদিনেসেকে তারা একই ব্যবধানে হারানোয় 'অল-জার্মান' সেমিফাইনালের সম্ভাবনাও উজ্জ্বল। দিনের অন্য দুটো ম্যাচ ছিল জার্মানি বনাম ইউক্রেনের লড়াই। সেই লড়াইয়ে স্বাগতিক শাখতার দোনেৎস্ক ২-০ গোলে অলিম্পিক মার্সেইকে হারালেও প্যারিস সেন্ট জার্মেইকে তাদেরই মাঠে গোলশূন্যভাবে রুখে দিয়েছে ডায়নামো কিয়েভ। হামবুর্গ অ্যারেনায় দর্শকরা গুছিয়ে বসতে না বসতেই গোল পেয়ে গেছে ম্যানচেস্টার সিটি। প্রথম মিনিটেই রবিনিয়োর সঙ্গে দারুণভাবে ওয়ান-টু খেলে তাদের এগিয়ে দিয়েছেন স্টিভেন আয়ারল্যান্ড। কিন্তু এগিয়ে থাকার আনন্দ বেশিক্ষণ উপভোগ করতে পারেনি ইংলিশ ক্লাবটি। নবম মিনিটে কর্নার থেকে জোরিস মাথিজেনের হেড সমতায় ফিরিয়েছে হামবুর্গকে। আর বিরতির পর পিওতর ট্রচস্কির পেনাল্টি এবং বদলি পাওলো গুয়েরেরোর গোল জয় এনে দিয়েছে তাদের। ব্রেমেনে স্বাগতিকদের জয়ের নায়ক ডিয়েগো। দলের তিন গোলের দুটোই এই ব্রাজিলিয়ান প্লেমেকারের। অন্য গোলটা হুগো আলমেইদার। এ মৌসুমে ইউরোপের দুই সেরা ক্লাব টুর্নামেন্টে (চ্যাম্পিয়ন্স লিগ ও উয়েফা কাপ) সর্বশেষ ইতালিয়ান ক্লাব হিসাবে টিকে থাকা উদিনেসের সান্ত্বনাসূচক গোলদাতা ফ্যাবিও কাগলিয়ারেল্লা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/