ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- আড়াই বছর আগের অঘটনের জের আর টানতে চান না আসিফ হোসেন খান। নিয়মিত আদালতে হাজিরা দেওয়ার বিব্রতকর অবস্থা থেকে মুক্তি চাইছেন এই শ্যূটার। আর এ ব্যাপারে তাকে আশ্বস্ত করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার সকাল ১০টায় আসিফ তার মা-বাবাকে নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সঙ্গে দেখা করেছেন ক্রীড়া মন্ত্রণালয়ে। মন্ত্রীর সামনে নিজের বিব্রতকার অবস্থার কথা বনর্না করে আসিফ বলেছেন, "আমি শ্যূটিংয়ে পুরোপুরি মনোনিবেশ করতে চাই। আদালতে হাজিরা দিতে দিতে আমি ক্লান্ত। এই অবস্থা থেকে পরিত্রাণ চাইছি।"
২০০৬ সালের ২ অক্টোবর গুলশান শ্যূটিং কমপ্লেক্সে পুলিশি হামলায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন আসিফ। এজন্য বেশ কিছুদিন হাসপাতালেও কাটাতে হয়েছিল। লাঠিপেটা এমন ভয়াবহ ছিল যে কমনওয়েলথ গেমসে সোনাজয়ী এই শ্যূটারকে বিদেশেও যেতে হয়েছিল চিকিৎসার জন্য। তার চেয়েও নির্মম হচ্ছে, ঘটনার রাতেই পুলিশ গুলশান থানায় মামলা দিয়ে বসেছিল আসিফসহ আরো কয়েকজন শ্যূাটারের নামে! অথচ তাদের হাতে মার খাওয়াদের মামলা নেয়নি থানা।
তখন অবশ্য পুরো ক্রীড়াঙ্গন প্রতিবাদ মুখর হয়েছিল, বেশ নিন্দা-মন্দ হয়েছিল পুলিশের। যদিও তাতে কোনো লাভ হয়নি। উল্টো পুলিশের ওই মামলায় এখন জেরবার আসিফ। মামলায় চার্জশিটও হয়ে গেছে। তাই কৃতি শ্যূটার ছুটে এসেছেন ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে যেন এই মামলা থেকে তাকে মুক্তি দেওয়া হয়। আবার অনাহুত কোন চক্করে পড়ে নিজের জীবনট অতিষ্ট হয়ে যেতে পারে, এই ভয় তাকে ঠেলে দিচ্ছে সমঝোতার পথে, "পুলিশের প্রতি আমার কোনো ক্ষোভ নেই। কারো শাস্তি হোক আমি চাই না। যেটা ঘটে গেছে তা-তো ফিরিয়ে আনা যাবে না। এখন সবার দোয়া নিয়ে আমি বাঁচতে চাই।"
এসব শুনে ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারও আশ্বস্ত করেছেন শ্যূটারকে। "মন্ত্রী মহোদয় বলেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এ ব্যাপারে। তারপর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, কীভাবে এর সুষ্ঠু সমাধান করা যায়"--- বলেছেন আসিফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৩০ঘ.
bdnews24