২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বক্সিং কোচের হাতাহাতি!

দুই বক্সিং কোচের হাতাহাতিতে উত্তপ্ত হয়ে উঠেছিল বিকেএসপিতে এসএ গেমসের ক্যাম্প। কোচিং পদ্ধতি নিয়ে দুজনের মধ্যে ঝগড়া, তারপর তা পৌঁছে যায় হাতাহাতিতে!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 04:30 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- দুই বক্সিং কোচের হাতাহাতিতে উত্তপ্ত হয়ে উঠেছিল বিকেএসপিতে এসএ গেমসের ক্যাম্প। কোচিং পদ্ধতি নিয়ে দুজনের মধ্যে ঝগড়া, তারপর তা পৌঁছে যায় হাতাহাতিতে! হাতাহাতি না বলে বক্সিং বলাই উচিত। কারণ তারা দুজনই সাবেক বক্সার, একজন আমজাদ আলী, অন্যজন আতিয়ার রহমান। দুই কোচ মঙ্গলবার ক্যাম্পের ৩৩ জনকে নিয়ে প্র্যাকটিস করাতে নেমে এই বিবাদে জড়িয়ে পড়েন। তারা একে অন্যের মেথড নিয়ে সমালোচনায় মুখর হয়ে উঠেন এবং এক পর্যায়ে এই বিবাদটা হাতাহাতি পর্যন্ত পৌঁছে যায়। তারপর বিকেএসপির কর্মকর্তারা গিয়ে দু'জনকে থামিয়ে পরিস্থিতি সামাল দেন। ঢাকায় বসে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তারা এই অঘটনের কথা জেনেছেন। বিওএ'র সহ সভাপতি মিজানুর রহমান মানু জানিয়েছেন, "আমরা যতটুকু জেনেছি নিজেদের ট্রেনিং পদ্ধতি নিয়ে দুই কোচের তর্ক-বিতর্ক এক পর্যায়ে গণ্ডগোলে রূপ নেয়। আগামী বুধবার আমরা বিকেএসপিতে যাবো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে।" মানু আবার এস এ গেমস ট্রেনিং কমিটিরও চেয়ারম্যান। তিনি দায়িত্ব নিয়ে বলেছেন, "ফেডারেশন যে কোচকে চাইবে তাকেই আমরা ট্রেনিংয়ে রাখবো।" এখন বিকেএসপিতে এসএ গেমসের বক্সিং ক্যাম্পে কাজ করছেন চার জন কোচ, তাতে বিকেএসপির দুজন এবং জাতীয় ক্রীড়া পরিষদের দুজন। এর মধ্যে আলোচিত দুই কোচের পরিচিতি হচ্ছে, আমজাদ আলী বিকেএসপির কোচ এবং আতিয়ার রহমান জাতীয় ক্রীড়া পরিষদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৩৫ঘ.