২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদেবায়রের গোলে ড্র করেও স্বস্তিতে আর্সেনাল

টোগোলিজ স্ট্রাইকার ইমানুয়েল আদেবায়রের দর্শনীয় এক গোল ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে সুবিধাজনক অবস্থায় পৌঁছে দিয়েছে আর্সেনালকে। মঙ্গলবার প্রথম লেগের খেলায় ভিলারিয়ালের সঙ্গে আগে গোল খেয়েও ১-১ গোলে ড্র করেছে গানাররা, কিন্তু আদেবায়রের করা সমতাসূচক গোলটি প্রতিপক্ষের মাঠে হওয়ায় দ্বিতীয় লেগের আগে একটু হলেও স্বস্তিতে থাকছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2009, 03:20 AM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ভিলারিয়াল, স্পেন, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টোগোলিজ স্ট্রাইকার ইমানুয়েল আদেবায়রের দর্শনীয় এক গোল ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে সুবিধাজনক অবস্থায় পৌঁছে দিয়েছে আর্সেনালকে। মঙ্গলবার প্রথম লেগের খেলায় ভিলারিয়ালের সঙ্গে আগে গোল খেয়েও ১-১ গোলে ড্র করেছে গানাররা, কিন্তু আদেবায়রের করা সমতাসূচক গোলটি প্রতিপক্ষের মাঠে হওয়ায় দ্বিতীয় লেগের আগে একটু হলেও স্বস্তিতে থাকছে তারা। এ মৌসুমে নিজেদের মাঠে কোনো ম্যাচই হারেনি ভিলারিয়াল। মঙ্গলবারও জেতার মতোই খেলেছে তারা। মার্কোস সেনার গোলে ম্যাচের দশম মিনিটেই এগিয়েও গিয়েছিল স্প্যানিশ লিগে চতুর্থ স্থানে থাকা দলটি। তারপর গোলরক্ষক ম্যানুয়েল অ্যালমুনিয়া আর ডিফেন্ডার উইলিয়াম গ্যালাসের ইনজুরি আরো দুর্বল করে দিয়েছিল আর্সেনালকে। কিন্তু ৬৬ মিনিটে আদেবায়রের ওই গোল বদলে দিয়েছে সবকিছু। সেস্ক ফ্যাব্রেগাসের বাড়ানো পাস যখন ভিলারিয়ালের পেনাল্টি বক্সে তার সামনে এসে পড়ে, তখন তিনি চেয়ে ছিলেন উল্টোদিকে, মানে নিজেদের সীমানার দিকে। ওই অবস্থায় বুক দিয়ে বলটা ধরে বাতাসে নিজেকে ঘুরিয়ে নিয়ে করা অ্যাক্রোব্যাটিক এক ভলিতে ভিলারিয়ালের গোলরক্ষক ডিয়েগো লোপেজকে পরাস্ত করেছেন আদেবায়র। আগামী ১৫ এপ্রিল দ্বিতীয় লেগের ম্যাচে আবার মুখোমুখি হবে দুদল, আর সেই ম্যাচটা হবে আর্সেনালের মাঠ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৮৫০ ঘ.