২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ফুটবলের দীর্ঘস্থায়ী বন্ধু হচ্ছে নকিয়া

'মৌসুমী' বন্ধুত্বের ধারা পাল্টে নকিয়া এবার দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়তে যাচ্ছে বাংলাদেশের ফুটবলের সঙ্গে। তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়ন এবং যথারীতি জাতীয় দলকে স্পন্সর করতে তারা এক বছরের জন্য বাফুফের সঙ্গী হচ্ছে। আগে তারা বন্ধুত্ব পাতাতো মৌসুম বুঝে। যখন বাংলাদেশ ফুটবল দল কোনো টুর্নামেন্ট খেলতে যেতো। গতবছর মে মাসে প্রথমবারের মতো নকিয়া ইমার্জিং লিমিটেড ফুটবল অঙ্গনে আসে এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ দলের স্পন্সর হয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 03:36 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- 'মৌসুমী' বন্ধুত্বের ধারা পাল্টে নকিয়া এবার দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়তে যাচ্ছে বাংলাদেশের ফুটবলের সঙ্গে। তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়ন এবং যথারীতি জাতীয় দলকে স্পন্সর করতে তারা এক বছরের জন্য বাফুফের সঙ্গী হচ্ছে। আগে তারা বন্ধুত্ব পাতাতো মৌসুম বুঝে। যখন বাংলাদেশ ফুটবল দল কোনো টুর্নামেন্ট খেলতে যেতো। গতবছর মে মাসে প্রথমবারের মতো নকিয়া ইমার্জিং লিমিটেড ফুটবল অঙ্গনে আসে এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ দলের স্পন্সর হয়ে। তারপর জুনে চ্যাম্পিয়নশিপেও তারা সঙ্গী হয়েছিল। মাঝে বিরতি দিয়ে তারা আবার অক্টোবরে ফিরেছে বাংলাদেশ দলের মারদেকা কাপ ও মিয়ানমার গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপ মিশনে। দু'দফায় ফুটবল দলের জন্য তাদের বরাদ্দ ছিল মাত্র ২৬ লাখ টাকা। তবে ক্ষণিকের ওই বন্ধুর মূল আগ্রহ ছিল এদেশের ফুটবল উন্নয়নে তৃণমূলে কাজ করা। সেই আগ্রহের পরিণতিই হচ্ছে নকিয়ার সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, "আজ (মঙ্গলবার) নকিয়ার সঙ্গে আমার বিশদ আলোচনা হয়েছে। আনেক অগ্রগতিও হয়েছে। আশা করছি কিছুদিনের মধ্যে সব কিছু চূড়ান্ত হয়ে যাবে।" বাফুফের পক্ষ থেকে এরকম একটা সুসংবাদের জন্যই হয়তো অপেক্ষায় করেছিল নকিয়া। কারণ অনেক আগেই মোবাইল প্রস্তুতকারী কোম্পানির আগ্রহ প্রকাশ করেছিল। সেই ৫ নভেম্বর সংবাদ সম্মেলনে কোম্পানির দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক প্রেমচাঁদ আরো বড় পরিসরে ফুটবলের উন্নয়ন-সহযোগী হওয়ার ইচ্ছা প্রকাশ করে বলেছিলেন, "আমি জানি এদেশে ফুটবল খুব জনপ্রিয় খেলা। তাই ইয়ুথ ডেভেলপমেন্টের জন্য আমরা গ্রামে, জেলা পর্যায়ে এবং স্কুলগুলোতে ফুটবল উন্নয়নের জন্য কাজ করতে চাই। এ নিয়ে বাফুফের সঙ্গে আলোচনা করবো, তারপর ঠিক করবো কীভাবে আমরা এদেশের ফুটবল উন্নয়নে ব্যাপকভাবে সাহায্য করতে পারি।" এরকম আহ্বানেও তেমন সাড়া দেয়নি বাফুফে। কাজী সালাউদ্দিন চেয়েছিলেন আগে মাঠের ফুটবলকে একটু চাঙ্গা করতে, দর্শকদের মাঠে ফেরাতে। তাতে স্পন্সরদের কাছে ফুটবল একটা ভাল পণ্য হিসেবে দাঁড়ায়, দর কষাকষিরও সুযোগ করে দেয়। তা-ই করে দিয়েছে সুপার কাপ। ফুটবলের সঙ্গী হয়েছে দর্শক, তাতেই নাকি চুক্তির অংক কোটি ছাড়িয়ে যাচ্ছে ! বাফুফে সভাপতি অবশ্য টাকার অংক নিয়ে মুখ খুলতে চাননি, "টাকার অংক এখনই বলা যাচ্ছে না। তবে ইয়ুথ ফুটবল ডেভলপমেন্টের পাশাপাশি অর্থের একটা অংশ জাতীয় দলের জন্য থাকবে।" নকিয়ার বিপনন বিভাগের প্রধান নওফেল আনোয়ারও স্বীকার করেছেন বাফুফের সঙ্গে সফল আলোচনার কথা, "আমরা অনেকদিন ধরে চাইছি ফুটবলের ইয়ুথ ডেভলপমেন্টে কাজ করতে। অবশেষ এ ব্যাপারে বাফুফের সঙ্গে ভাল একটা আলোচনা হয়েছে। চুক্তি সম্পাদন হয়নি বলে টাকার অংকটা বলতে পারছি না। তবে যেরকম আলোচনা হয়েছে তাতে আশা করছি এ মাস থেকেই আবার ফুটবলের সঙ্গে কাজ করতে পারবো।" এ মাসে হওয়ার সম্ভাবনাই প্রবল। কারণ আগামী ২৬ এপ্রিল থেকে ঢাকায় শুরু হচ্ছে এএফসি চ্যালেঞ্জ কাপ, তাতে বড় এক চ্যালেঞ্জার বাংলাদেশ। এ সুযোগ নিশ্চয় হাতছাড়া করতে চাইবে না নকিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪০ঘ.