লন্ডন/মাদ্রিদ, ৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফুটবল ঐতিহ্য কিংবা সাফল্যে ম্যানচেস্টার ইউনাইটেডের ধারে-কাছেও নেই পোর্তো। তবু মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পর্তুগিজ ক্লাবটির মুখোমুখি হওয়ার সময় ম্যানইউ শিবিরে প্রতিশোধের আগুন জ্বলে ওঠার কথা! কারণ ৫ বছর আগে দ্বিতীয় রাউন্ডে তাদেরকে ৩-২ অ্যাগ্রিগেটে হারিয়েই ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টের শিরোপা জয়ের পথে এগিয়ে গিয়েছিল পোর্তো। দিনের অন্য ম্যাচে আরেক ইংলিশ 'জায়ান্ট' আর্সেনালের প্রতিপক্ষ ভিলারিয়াল।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানইউ'র জন্য বড় সুখবর ওয়েইন রুনি, নেমানিয়া ভিদিচ ও পল স্কলসকে ফিরে পাওয়া। রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে তিন জনই খেলতে পারেননি সাসপেনশনের কারণে। পিঠের ইনজুরি কাটিয়ে ডিফেন্ডার রিও ফার্ডিন্যান্ডের ফেরারও মৃদু সম্ভাবনা আছে। তবে স্ট্রাইকার দিমিতার বার্বাতোভের খেলার কোনো সম্ভাবনা নেই। গোড়ালির ইনজুরির জন্য কমপক্ষে আরো দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
তবে 'রেড ডেভিল'রা তা নিয়ে তেমন দুশ্চিন্তায় নেই। রোববার দারুণ এক জয় পেয়ে এ মুহূর্তে তারা দারুণ উজ্জীবিত। অ্যাস্টন ভিলার বিপক্ষে একটা সময় ১-২ গোলে পিছিয়ে থাকায় লিগে টানা তৃতীয় পরাজয় চোখ রাঙাচ্ছিল তাদের দিকে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ক্রিস্টিয়ানো রোনালদো ও বদলি ফেদেরিকো ম্যাসেদার গোল জয় এনে দিয়েছে ম্যানইউকে। যে জয় আবারো লিগের শীর্ষে ফিরিয়েছে ইংলিশ চ্যাম্পিয়নদের। তাছাড়া ২০০৪ সালে হোসে মরিনিয়োর পোর্তো অ্যালেক্স ফার্গুসনের দলকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করলেও ইংল্যান্ডের মাটিতে পর্তুগিজ ক্লাবটার রেকর্ড খুবই করুণ। ইংল্যান্ডে ১২ ম্যাচ খেলে ১১টিতেই তারা হেরেছে। ড্র করেছে একবারই --- ৫ বছর আগে ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউকে ছিটকে দেয়ার পথে ১-১ গোলে।
ভিলারিয়াল সফরে যাওয়ার আগে আর্সেনালও অনুপ্রাণিত। ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারানোয় ইংলিশ লিগে 'গানার'দের অপরাজিত থাকার কৃতিত্ব উন্নীত হয়েছে ১৭তে। যদিও তাদের লিগ শিরোপা পুনরুদ্ধারের আশা অনেকখানি ধূসর। শীর্ষে থাকা ম্যানইউ'র চেয়ে এক ম্যাচ বেশি খেললেও তারা পিছিয়ে আছে ১০ পয়েন্টে। চতুর্থ স্থানে থাকা আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার তাই চ্যাম্পিয়ন্স লিগ নিয়েই আশায় বুক বাঁধছেন, "প্রথম ১৪ ম্যাচের ৫টিতেই হেরে গেলে আপনার পক্ষে লিগ শিরোপা জয় করা খুবই কঠিন। তবে আমাদের দলটা তরুণদের নিয়ে গড়া এবং আমরা কঠিন পথ পাড়ি দিয়ে এসেছি। আগস্ট-সেপ্টেম্বরের চেয়ে এখন আমরা ভিন্ন দল।"
ম্যানইউ'র মতো আর্সেনালের জন্যও সুখবর --- ম্যানচেস্টার সিটির বিপক্ষে তারা ফিরে পেয়েছে স্ট্রাইকার ইমানুয়েল আদেবায়োর ও মিডফিল্ডার সেস্ক ফ্যাব্রেগাসকে। হাঁটুর ইনজুরির কারণে ডিসেম্বরের পর মাঠে নেমেই দলের দুই গোল তৈরি করে দেয়ার কৃতিত্ব দেখিয়েছেন ফ্যাব্রেগাস। এবং সেই দুটো গোলই করেছেন হ্যামস্ট্রিং ইনজুরির জন্য ১০ ম্যাচ মিস করা আদেবায়োর। ইনজুরি কাটিয়ে প্রথম একাদশে সুযোগ পাওয়া আরেক ফরোয়ার্ড থিও ওয়ালকটের প্রত্যাবর্তনও 'গানার'দের এক বড় প্রাপ্তি। তবে গত সপ্তাহে নেদারল্যান্ডসের পক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে গিয়ে ইনজুরিতে পড়া রবিন ফন পার্সিকে ভিলারিয়ালের বিপক্ষে না-ও পেতে পারে ওয়েঙ্গারের দল। আন্দ্রেই আরশাভিনকেও তারা পাচ্ছে না। শীতকালীন দলবদলের সময় আর্সেনালে যোগ দেয়া আরশাভিন মৌসুমের শুরুতে জেনিত সেন্ট পিটার্সবার্গের পক্ষে উয়েফা কাপে খেলেছিলেন। তাই উয়েফার নিয়মানুযায়ী এ মৌসুমে লন্ডনের ক্লাবটির জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন না তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১২৫ঘ.
bdnews24