২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল-বার্সেলোনা দুদলেরই ঘাম ঝরানো জয়

বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ, স্প্যানিশ প্রিমেরা লিগার এই দুই শীর্ষ দলকেই শনিবার ঘাম ঝরাতে হয়েছে জয় পেতে। লিওনেল মেসি আর ড্যানিয়েল অ্যালভেসসহ নিয়মিত একাদশের বেশ কয়েকজনকে বেঞ্চে বসিয়ে খেলতে নেমে শীর্ষে থাকা বার্সেলোনা স্যামুয়েল এতো'র দেওয়া একমাত্র গোলে কোনো রকমে হারিয়েছে রিয়াল ভ্যালাদোলিদকে, আর গনজালো হিগুয়াইনের গোলে মালাগার বিপক্ষে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদও জিতেছে ন্যুনতম ব্যবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2009, 05:11 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

মাদ্রিদ, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ, স্প্যানিশ প্রিমেরা লিগার এই দুই শীর্ষ দলকেই শনিবার ঘাম ঝরাতে হয়েছে জয় পেতে। লিওনেল মেসি আর ড্যানিয়েল অ্যালভেসসহ নিয়মিত একাদশের বেশ কয়েকজনকে বেঞ্চে বসিয়ে খেলতে নেমে শীর্ষে থাকা বার্সেলোনা স্যামুয়েল এতো'র দেওয়া একমাত্র গোলে কোনো রকমে হারিয়েছে রিয়াল ভ্যালাদোলিদকে, আর গনজালো হিগুয়াইনের গোলে মালাগার বিপক্ষে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদও জিতেছে ন্যুনতম ব্যবধানে। আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে হবে বায়ার্ন মিউনিখের, তার আগে মেসি-অ্যালভেসদের খানিকটা বিশ্রাম দিতে চেয়েছিলেন বার্সেলোনার কোচ পেপ গার্ডিওলা। তবে পরে এই দুজনকেই নামিয়েছেন তিনি বদলি হিসেবে। তার আগেই অবশ্য এবারের লা লিগার সর্বোচ্চ গোলদাতা এতো'র ২৬তম গোলে এগিয়ে গেছে ক্যাটালানরা। ৪০ মিনিটে জাভির পাস থেকে ম্যাচের ভাগ্য নির্ধারক গোলটি করেছেন এই ক্যামেরুনিয়ান স্ট্রাইকার। মালাগার বিপক্ষে গোল পেতে আরেকটু বেশি সময় অপেক্ষা করতে হয়েছে রিয়ালকে। বিরতির একটু পর হিগুয়াইনের গোল স্বস্তি এনে দিয়েছে তাদের কোচ হুয়ানডে র‌্যামোসকে। এই জয়ের ফলে ৯ ম্যাচ বাকি থাকতে ৭২ পয়েন্ট নিয়ে আগের মতোই শীর্ষে রইলো বার্সেলোনা। তাদের চেয়ে ৬ পয়েন্ট পেছনে রয়েছে রিয়াল। এদিনের অন্য এক ম্যাচে পেনাল্টি থেকে ফ্রেডেরিক ক্যানুটের দেওয়া একমাত্র গোলে রিক্রিয়েটিভো হেলভাকে হারিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে সেভিয়া। তবে চতুর্থ স্থানে থাকা ভিলারিয়াল হোঁচট খেয়েছে। আলমেইরার কাছে ০-৩ গোলে হেরে গেছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯১৫ ঘ.