২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলকে শীর্ষে তুলে নিলেন বেনাইয়ুন

আগের তিন ম্যাচে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড আর অ্যাস্টন ভিলার মতো শক্তিশালী দলের জালে ১৩ গোল দিয়েছিল লিভারপুল। কিন্তু শনিবার যেন হঠাৎ করে থেমে গেছে তাদের সেই গোলবন্যা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2009, 05:10 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

লন্ডন, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগের তিন ম্যাচে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড আর অ্যাস্টন ভিলার মতো শক্তিশালী দলের জালে ১৩ গোল দিয়েছিল লিভারপুল। কিন্তু শনিবার যেন হঠাৎ করে থেমে গেছে তাদের সেই গোলবন্যা। আরেকটু হলেই গোলহীন একটা ম্যাচ কাটানোর উপক্রম হয়েছিল 'অলরেড'দের, কিন্তু শেষ পর্যন্ত সেটা ঠেকিয়েছেন ইয়োশি বেনাইয়ুন। ইনজুরি সময়ে এই ইসরাইলি স্ট্রাইকারের দেওয়া একমাত্র গোলে ফুলহ্যামকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে তার দল। এই অবস্থানটা একেবারেই সাময়িক, চব্বিশ ঘন্টার চেয়েও কম স্থায়ি হওয়ার সম্ভাবনা। ৩১ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৬৭, দু ম্যাচ কম খেলা বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড তাদের চেয়ে মাত্র দুই পয়েন্ট পেছনে। রোববার অ্যাস্টন ভিলাকে হারাতে পারলেই আবার শীর্ষে ফিরবে চ্যাম্পিয়নরা। শনিবারই অন্য এক ম্যাচে নিউ ক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে তৃতীয় স্থানে থাকা চেলসি। 'ব্লুজ'দের পক্ষে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড আর ফ্লোরেন্ত ম্যালুদার গোল নিউ ক্যাসলের কোচ হিসেবে অ্যালান শিয়ারারের অভিষেককে বিষাদময় করে তুলেছে। জয় পেয়েছে চতুর্থ স্থানে থাকা আর্সেনালও। ইমানুয়েল আদেবায়রের জোড়া গোলে তারা ২-০তে হারিয়েছে ম্যানচেস্টার সিটিকে। অনেকদিন পর দলে ফেরা টোগোর এই স্ট্রাইকারকে দুটি গোলই তৈরি করে দিয়েছেন তারই মতো দলে ফেরা আরেক তারকা সেস ফ্যাব্রিগাস। চেলসির সংগ্রহ আপাতত ৬৪, আর গানারদের ৫৮। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯১৫ ঘ.