ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- ফুটবলের পর এবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসছে অ্যাথলেটিকসের আসর। শুক্রবার শুরু হচ্ছে ৩৪-তম জাতীয় অ্যাথলেটিকস।
নির্বাচিত নতুন কমিটি ফেডারেশনের দায়িত্ব নেওয়ার ৫ মাস পর অ্যাথলেটিকসের বড় কোনো আয়োজন করতে যাচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশন সভাপতি এ টি এম হায়াতুজ্জামান খান বলেছেন, "এটা আরো আগে আয়োজন করার কথা ছিল। কিন্তু স্টেডিয়াম ফুটবলে ব্যস্ত থাকায় এবং কিছু সমস্যার কারণে করা হয়ে উঠেনি। ইতিমধ্যে আমরা দেশের ৫টি বিভাগীয় শহরে অ্যাথলেটিকসের আয়োজন করেছি।"
দুদিন ব্যাপী অনুষ্ঠেয় জাতীয় অ্যাথলেটিকসে বিভিন্ন বিভাগ, জেলা, শিক্ষাবোর্ড, বিশ্ববিদ্যালয় ও সার্ভিসেস দলগুলো থেকে ৫০০ জন অ্যাথলেট অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা। এই মিটে দেখা যাবে না গতবারের দ্রুততম মানব আবু আব্দুল্লাহ ও এবং ১০০ মিটারে রূপা জয়ী শামসুদ্দিনকে। গত মাসে গ্রিসে বিশ্ব মিলিটারি স্পোর্টসে অংশ নিতে গিয়ে পালিয়ে গেছেন দুই সেনা অ্যাথলেট। তাদের আগে নিজের ক্যারিয়ারকে জলাঞ্জলী দিয়ে দেশান্তরী হয়েছিলেন মাহফুজুর রহমান মিঠু। বেজিং অলিম্পিকের আগে চীনে দীর্ঘদিন ট্রেনিং করে ইতালিতে একটি মিটে অংশ নিতে গিয়ে লাপাত্তা হয়েছেন এসএ গেমসে সোনাজয়ী হার্ডলার। অ্যাথলেটদের এই পলায়ন মনোবৃত্তি কেন সেব্যাপারে তেমন কোনো ধারনা নেই ফেডারেশন সভাপতির। তাই অবস্থা পাল্টানোরও ইঙ্গিত নেই।
এই আয়োজনের বাজেট ১২ লাখ টাকার মধ্যে ৫ লাখ দিচ্ছে স্পন্সর প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। মোট ৩৪টা ইভেন্টের এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশন সম্পাদক শাহ আলম ও ইউসিবি'র ডি এম ডি শফিকুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১১০ঘ.
bdnews24