২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যারাডোনার 'বুকে ছুরি মেরে' বলিভিয়ার জয়, জিতেছে ব্রাজিল

আগের ম্যাচেই ভেনেজুয়েলাকে ৪-০ গোলে হারিয়ে আকাশে উড়ছিল আর্জেন্টিনা। সপ্তাহ পেরোনোর আগেই তাদের রীতিমতো মাটিতে নামিয়ে এনেছে বলিভিয়া, বুধবার লা পাজে বিশ্বকাপ বাছাই পর্বের এক ম্যাচে ডিয়েগো ম্যারাডোনার দলকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 02:16 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

লা পাজ, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগের ম্যাচেই ভেনেজুয়েলাকে ৪-০ গোলে হারিয়ে আকাশে উড়ছিল আর্জেন্টিনা। সপ্তাহ পেরোনোর আগেই তাদের রীতিমতো মাটিতে নামিয়ে এনেছে বলিভিয়া, বুধবার লা পাজে বিশ্বকাপ বাছাই পর্বের এক ম্যাচে ডিয়েগো ম্যারাডোনার দলকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। দু:স্বপ্নের এই হারে দক্ষিণ আমেরিকান অঞ্চলের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে নেমে গেছে তারা। এদিনই অন্য এক ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ড্র করেছে শীর্ষে থাকা প্যারাগুয়ে, আর লুই ফ্যাবিয়ানোর জোড়া গোলে পেরুকে ৩-০তে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে ব্রাজিল। উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে চিলিও টপকে গেছে আর্জেন্টিনাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৬০০ মিটার উচ্চতার শহর লা পাজে খেলতে সব বিদেশি দলেরই অসুবিধা হয়। কিন্তু হারের জন্য ম্যারাডোনা সে রকম কোনো অজুহাত দেখাতে চাননি, বরং প্রতিপক্ষকেই পুরো কৃতিত্বটা দিয়েছেন তিনি। আর সেই সঙ্গে একেবারে সাধারণ আর্জেন্টাইন সমর্থকের কাতারে নেমে গিয়ে বলেছেন, "আমিও তাদের মতোই কষ্ট পেয়েছি। বলিভিয়ার প্রত্যেকটি গোল যেন ছুরি হয়ে বিঁধেছে আমার হৃদপিণ্ডে।" আর্জেন্টাইন ফুটবল-ঈশ্বরের বুকে ছুরি মারায় সবচেয়ে বড় ভূমিকা মেক্সিকোর দ্বিতীয় বিভাগের দল কোরেকামিনোস-এর হয়ে খেলা স্ট্রাইকার জোয়াকিন বোটেরোর। বলিভিয়ার পক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি, আর অন্য তিনটি গোল করেছেন মার্সেলো মার্টিনস, ডিডি টোরিকো এবং ব্রাজিলিয়ান বংশোদ্ভুত প্লে মেকার অ্যালেক্স ডা রোসা। আর্জেন্টিনার পক্ষে একমাত্র গোলটি করেছেন লুইস গনজালেস। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে বদলি হিসাবে নেমে তৃতীয় মিনিটেই লালকার্ড দেখে মাঠ ছেড়েছেন মিডফিল্ডার অ্যানজেল ডি মারিয়া। ১৯৯৩ সালে কলম্বিয়ার কাছে ০-৫ গোলে হারার পর এটাই বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার সবচেয়ে বড় হার। আগের ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ড্র করা ব্রাজিল অবশ্য এদিন সহজ জয়ই পেয়েছে। পোর্তো আলেগ্রোয় নিজেদের মাঠে খেলা এই ম্যাচে তাদের দলে ফিরেছেন তারকা ফরোয়ার্ড কাকা, আর তাতেই অনেকখানি বদলে গেছে ব্রাজিল দলের চেহারাও। কাকাকে ঠেকাতে গিয়ে পেরুভিয়ানদের উপহার দেওয়া পেনাল্টি থেকেই দলের পক্ষে প্রথম গোলটি করেছেন ফ্যাবিয়ানো। পরে দর্শনীয় আরেকটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেছেন তিনি আর পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষে শেষ গোলটি করেছেন ফেলিপ মেলো। নিজেদের মাঠে পেয়ে আগের ম্যাচে ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর বুধবার প্যারাগুয়ের সঙ্গেও একই ব্যবধানে ড্র করেছে ইকুয়েডর। আর চিলি ও উরুগুয়ের মধ্যকার অন্য ম্যাচটি হয়েছে গোলশূন্য ড্র। ১২ ম্যাচ থেকে প্যারাগুয়ের সংগ্রহ এখন ২৪ পয়েন্ট, ব্রাজিলের ২১, চিলির ২০ আর আর্জেন্টিনার ১৯। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১০০৩ ঘ.