লন্ডন, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অসুস্থ জো কিনিয়ারের জায়গায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন ক্লাবের ইতিহাসের সফলতম স্ট্রাইকার অ্যালান শিয়ারার।
গত ফেব্র"য়ারি থেকে হৃদপিণ্ডে তিনদফা বাইপাস অস্ত্রোপচার করতে হয়েছে ৬২ বছর বয়সী কিনিয়ারের, তিনি হাসপাতালে থাকায় আপাতত কাজ চালিয়ে নিচ্ছেন তার সহকারী ক্রিস হিউটন। কিন্তু তাতে দলের অবস্থা মোটেই ভালো নয়, ইংলিশ লিগে আপাতত নিচের দিক থেকে তিন নম্বরে আছে 'ম্যাগপাই'রা। ১৯৯৩ সালের পর প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ থেকে নেমে যাওয়ার শঙ্কা পেয়ে বসেছে তাদের। এই অবস্থা থেকে উদ্ধার পেতেই তারা সাবেক ইংল্যান্ড তারকা শিয়ারারের দিকে হাত বাড়িয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ টিভি চ্যানেলগুলো।
৩৮ বছর বয়সী শিয়ারার ইংল্যান্ডের হয়ে ৬৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৩০ গোল করেছিলেন। তবে ইংল্যান্ডের চেয়েও নিজের শহর নিউক্যাসলের ক্লাব ইউনাইটেডের হয়ে তার পারফরম্যান্স ছিল অনেক উজ্জ্বল। ১৯৯৬ থেকে টানা এক দশকেরও বেশি সময় এই ক্লাবে খেলে তিনি ক্লাবের পক্ষে রেকর্ড ২০৬টি গোল করেছিলেন। ২০০৬ সালে এই ক্লাবের হয়েই অবসর নেওয়ার পর থেকে টিভি ভাষ্যকার হিসেবে কাজ করছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১০১৫ ঘ
bdnews24