২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার কাপ শুরুর নতুন তারিখ ১১ মার্চ

পাঁচদিন পিছিয়ে সিটিসেল সুপার কাপ শুরুর নতুন তারিখ ১১ মার্চ। বিডিআর বিদ্রোহে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার কারণেই এই সিদ্ধান্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2009, 04:18 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)------ পাঁচদিন পিছিয়ে সিটিসেল সুপার কাপ শুরুর নতুন তারিখ ১১ মার্চ। বিডিআর বিদ্রোহে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার কারণেই এই সিদ্ধান্ত। রোববার বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় বর্তমান অবস্থার প্রেক্ষিতে কোটি টাকার টুর্নামেন্টের ব্যাপারে নতুন সিদ্ধান্ত হয়েছে। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদ ব্যাখ্যা করে বলেছেন, "আমাদের ক্লাবগুলো প্রস্তুত, তারা বিদেশ থেকে খেলোয়াড় নিয়ে এসেছে এ টুর্নামেন্টের জন্য। এছাড়া এএফসি চ্যালেঞ্জ কাপের জন্য জাতীয় দলকেও প্রস্তুত করতে হবে। এসব বিষয় চিন্তা করলে মার্চে এ টুর্নামেন্ট আয়োজন ছাড়া কোনো উপায় নেই। তাই আগামী ১১ থেকে ২৭ মার্চ সুপার কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।" গত শনিবার তিনিই দেশের উদ্ভুত পরিস্থিতিতে ৬ তারিখের টুর্নামেন্ট স্থগিত করার কথা জানিয়ে বলেছিলেন সরকারের ওপর মহলের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও সেরকম কিছু করা হয়নি। রোববার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, "সরকারের সঙ্গে আলোচনা হয়নি। তবে এরকম শোকাচ্ছন্ন পরিস্থিতিতে নিজেদের বিবেকের তাড়নায় ১১ তারিখ নিয়ে যাওয়া হয়েছে সুপার কাপ।" তাতেও কিন্তু ক্রিকেটের আগ্রসন মুক্ত থাকছে না এ টুর্নামেন্ট। কারণ টুয়েন্টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে ১০ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট সিরিজ, শেষ হবে ২২ মার্চ। এ সময় সুপার কাপ কতোটা মনোহারী হবে, এ নিয়ে প্রশ্ন উঠেছে। জবাবে কাজী সালাউদ্দিন দুঃসাহসী, "খেলার আগেই হেরে গেলে কী করে হবে। ফুটবল-ক্রিকেট, দুটো খেলার আবেদন দু'ধরনের। মানুষকে পছন্দ করতে দিন। হোক না একটা অন্য ধরনের লড়াই।" অবশ্য অর্থ-বিত্তে সুপার কাপ নিজেও মনোহারী এক টুর্নামেন্ট। তাছাড়া দর্শক টানার জন্য ব্যাপক পরিকল্পনা আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২১৫ঘ.