লন্ডন, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লক্ষ্য এক মৌসুমে পাঁচটি শিরোপা জেতা। রোববার সেই লক্ষ্যের পথে দ্বিতীয় ধাপটা অতিক্রম করেছে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। বিশ্ব ক্লাব কাপের শিরোপার সঙ্গে তারা যোগ করেছে ইংলিশ লিগ কাপের ট্রফিও। গতবারের চ্যাম্পিয়ন টটেনহ্যাম হটস্পারসকে ফাইনালে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়েছে তারা।
নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্যভাবে শেষ হওয়া এই ম্যাচে রেড ডেভিলদের জয়ের নায়ক তাদের রিজার্ভ গোলরক্ষক বেন ফস্টার। নিয়মিত তারকাদের অনেককেই বিশ্রাম দিয়ে এই ম্যাচে খেলতে নেমেছিল তারা, সেই সুবাদেই সুযোগ পাওয়া ফস্টার টাইব্রেকারে জেমি ও'হারার শট ঠেকিয়ে দিয়েছেন বাঁ দিকে ঝাঁপিয়ে। স্পারসদের পক্ষে পেনাল্টি মিস করেছেন ডেভিড বেন্টলিও, তার শট চলে গেছে পোস্টের বাইরে দিয়ে। অন্য দিকে ম্যানচেস্টার ইউনাইটেড প্রথম চারটি পেনাল্টিই কাজে লাগানোয় পঞ্চমটির আর প্রয়োজন হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/৯০৭ ঘ.
bdnews24