লন্ডন/রোম/মাদ্রিদ, ২২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুই সপ্তাহ আগেও মনে হচ্ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের আরেকটি শিরোপা জয় শুধুই সময়ের ব্যাপার। কিন্তু হঠাৎ করেই ইপিএল-এ নাটকীয় পরিবর্তন এসেছে। গত সপ্তাহে লিভারপুলের কাছে ১-৪ গোলে বিধ্বস্ত হওয়া ম্যানইউ আবার হেরে গেছে শনিবারে। ফুলহ্যামের মাঠে 'রেড ডেভিল'রা শুধু ০-২ গোলেই হারেনি, লালকার্ড দেখেছেন ইংলিশ চ্যাম্পিয়নদের দুই তারকা ওয়েইন রুনি এবং পল স্কলসও।
শুধু ম্যানইউ নয়, চেলসিরও ভালো কাটেনি দিনটা। লন্ডন 'ডার্বি'তে তারা ০-১ গোলে হার মেনেছে টটেনহ্যাম হটস্পারের কাছে। গত মাসে গাস হিডিঙ্ক ভারপ্রাপ্ত কোচ হিসাবে দায়িত্ব নেয়ার পর লিগে এটাই 'ব্লুজ'-এর প্রথম পরাজয়। তবে আর্সেনাল জিতেছে। বেন্ডনার, দিয়াবি ও নাসরির গোলে 'গানার'রা ৩-১ ব্যবধানে নিউক্যাসলকে হারিয়ে বাঁচিয়ে রেখেছে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা।
ফুলহ্যামের মাঠ ক্র্যাভেন কটেজে ম্যানইউ'র সর্বনাশের সূচনা ১৮ মিনিটের সময়। ববি জামোরার হেড গোললাইন থেকে হাত দিয়ে ফিরিয়ে দেয়ায় স্কলসকে লালকার্ড দেখানোর পাশাপাশি পেনাল্টির নির্দেশও দিয়েছেন রেফারি। ড্যানি মার্ফির পেনাল্টি গোলে পিছিয়ে পড়া 'রেড ডেভিল'রা অনেক চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি।
বলা ভালো ইংলিশ চ্যাম্পিয়নদের ম্যাচে ফিরতে দেননি মার্ক শোয়ার্জার। ড্যারেন ফ্লেচার, পার্ক জি সুং আর রুনির বেশ কয়েকটা প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন ফুলহ্যামের গোলকিপার। উল্টো ৮৭ মিনিটে জোলতান গেরার গোল জয় নিশ্চিত করে দিয়েছে স্বাগতিকদের। তার পরের মিনিটেই রেফারির গায়ে বল ছুড়ে মারার অভিযোগে লালকার্ড দেখেছেন রুনি।
ফুলহ্যামের মাঠে দীর্ঘ ৪৫ বছর পর এটাই ম্যানইউ'র প্রথম পরাজয়। অথচ কয়েক দিন আগে এফএ কাপে এই ক্র্যাভেন কটেজ থেকেই ৪-০ গোলের বিশাল জয় নিয়ে ফিরেছিল তারা। ২০০৫ সালের পর প্রিমিয়ার লিগে প্রথম বারের মতো টানা দুই পরাজয়ে ২৯ ম্যাচ থেকে অ্যালেক্স ফার্গুসনের দলের সংগ্রহ ৬৫ পয়েন্টই রইলো। চেলসি আর লিভারপুল দু দলেরই পয়েন্ট ৬১। তবে চেলসি ৩০ ও লিভারপুল খেলেছে ২৯টি ম্যাচ। ৩০ ম্যাচ খেলা আর্সেনালের পয়েন্ট ৫৫।
শনিবার ইতালিয়ান সিরি 'আ'তে বড় একটা বাধা পেরিয়েছে জুভেন্টাস। এএস রোমাকে ৪-১ গোলে হারিয়েছে তারা। দুটো গোল করেছেন ইয়াকুইন্তা, অন্য গোল দুটো মেলবার্গ ও নেদভেদের। ২৯ ম্যাচ থেকে জুভেন্টাসের পয়েন্ট ৬২। ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইন্টার মিলান রোববার তাদের ২৯তম ম্যাচ খেলবে রেজ্জিনার বিপক্ষে।
স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় শনিবার দুই বড় দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের খেলা ছিল না। সেই সুযোগে 'স্পটলাইট'-এর পুরোটাই নিজের দিকে টেনে এনেছেন ফ্রেডরিক ক্যানুটে। তার দারুণ এক হ্যাটট্রিকে সেভিয়া ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল ভ্যালাদোলিদকে। বিজয়ীদের অন্য গোলটা লুই ফ্যাবিয়ানোর। দিনের অন্য ম্যাচে কাজোরলা ও ফার্নান্দেজের গোলে ভিলারিয়াল ২-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা সেভিয়া ও ভিলারিয়ালের পয়েন্ট যথাক্রমে ৫৪ ও ৪৮। রোববার শীর্ষে থাকা বার্সেলোনা (৬৬ পয়েন্ট) মালাগা এবং বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ (৬০) মুখোমুখি হবে আলমেরিয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭৫৫ঘ.
bdnews24