ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- প্রথম সেমিফাইনালে হেরে যাওয়া চট্টগ্রাম মোহামেডানের সুপার কাপের ফাইনালের স্বপ্নে চিড় ধরেছে। যা ক্রমেই উজ্জ্বলতর হয়ে উঠছে ঢাকা মোহামেডান শিবিরে। তারা মঙ্গলবার ৫টা থেকে শুরু 'একমাত্র সেমিফাইনালে' চট্টগ্রাম মোহামেডানকে হারিয়ে সুপার কাপের ফাইনাল নিশ্চিত করতে চায়!
সিটিসেল সুপার কাপের প্রথম সেমিফাইনালে দুই মোহামেডানের ভ্রাতৃত্বের বন্ধন টুটে গেছে। সেটাকেই সুযোগ হিসেবে নিয়েছিল চট্টগ্রাম মোহামেডান এবং নিজেদেরকে ফেভারিটও মনে করেছিল। ভাল পারফরম্যান্সের পরও সেই ম্যাচে ১-০ গোলে হেরে গিয়ে তারা এখন আশাহত। আগের ম্যাচে নিজেদের ফেভারিট ঘোষণা দেওয়া দলটি ফিরতি সেমিফাইনালে নাকি ভীষণ পিছিয়ে! খোদ চট্টগ্রাম মোহামেডানের কোচ নজরুল ইসলাম লেদুই ভাবছেন এভাবে, "ফিরতি সেমিফাইনালে ঢাকা মোহামেডানকে হারানো কঠিন হয়ে যাবে। আমরা ৪০-৬০তে পিছিয়ে থাকবো।" আসলে প্রথম সুযোগের পরাজয়ই তাদের পিছিয়ে রাখছে মঙ্গলবারের ফিরতি সেমিফাইনালে।
এই জয় ঢাকা মোহামেডানকে দিয়েছে আত্মবিশ্বাস এবং ভাল খেলার প্রেরণা। তাই দলের অধিনায়ক আরমান আজিজের চোখে-মুখে ঝিলিক দিয়ে যাচ্ছে নতুন এক উদ্যম, "আমাদের কাছে ফিরতি সেমিফাইনাল বলে কিছু নেই। মঙ্গলবারের ম্যাচটি আমাদের জন্য একমাত্র সেমিফাইনাল। আগের ম্যাচটি কোয়ার্টার ফাইনাল হিসেবে নিয়েছি, তাতে কী হয়েছে না হয়েছে ভুলে গেছি। এখন একমাত্র সেমিফাইনালে চট্টগ্রাম মোহামেডানকে হারিয়ে ফাইনালে উঠতে চাই আমরা।" এই চাওয়ার মধ্যে কেমন যেন নিষ্ঠুরতা আছে। আছে বড় দলের অহংকারও। প্রথম সেমিফাইনাল জিতে অনেকখানি নির্ভার ঢাকা মোহামেডান এই ম্যাচে রীতিমতো উড়িয়ে দিতে চায় চট্টগ্রামের দলটিকে।
হিসাবটা হচ্ছে, ড্র করলেই ফাইনালে উঠে যাবে ঢাকা মোহামেডান। সে জায়গায় প্রতিপক্ষের প্রয়োজন জয়। আবার এক গোলের ব্যবধানে জিতলেও হবে না, তখন টাইব্রেকারের মুখোমুখি হতে হবে। এরকম কঠিন অংকের সামনে পড়ে চট্টগ্রাম মোহামেডান ভাল খেলা ছাড়া আর বিশেষ কোনো প্রতিশ্র"তি দিতে পারেননি, "ঢাকা মোহামেডানকে হারাতে হলে আমাদের গত ম্যাচের চেয়েও ভাল খেলতে হবে। আমাদের দল সেটা কতোটা পারবে বলা মুশকিল। তবে পারফরম্যান্সের যে ধারা বজায় রেখে আমরা এ পর্যন্ত এসেছি তা অবশ্যই ধরে রাখবো।" এ ম্যাচে বড় একটা ধাক্কা হচ্ছে, অধিনায়ক মাসুদ পারভেজ কায়সারকে পাচ্ছে না চট্টগ্রাম মোহামেডান। হাঁটুর ইনজুরি এ মিডফিল্ডারকে দর্শক বানিয়ে দিয়েছে। এটা বড় কোনো সমস্যা হতো না যদি দলে একজন ম্যাচ উইনার থাকতো। মোহামেডান কোচের চোখে এটাই বড় ঘাটতি, "ঢাকা মোহামেডান ও আবাহনীতে ম্যাচ উইনার আছে যেটা আমার নেই। ভাল অবস্থায় তো বটেই বড়, খারাপ সময়েও ম্যাচ বের করে নিয়ে আসতে এরম একজন খেলোয়াড় থাকলে ফিরতি সেমিফাইনাল নিয়েও আমি আশাবদী হতে পারতাম।"
যেমন ঢাকা মোহামেডানের আছে বুকোলা ওলালিখান। প্রথম সেমিফাইনালে প্রায় ড্র হয়ে যাওয়া ম্যাচে এ নাইজেরিয়ান শেষ মুহূর্তে একটি গোল করে জিতিয়ে দিয়েছেন সাদা-কালোদের। সেদিনের চেয়ে তাদের ফিরতি সেমিফাইনালের দল অনেক বেশি শক্তিশালী হওয়ার ঘোষণা দিয়েছেন অরমান আজিজ। প্রথম ম্যাচ মিস করা ঢাকা মোহামেডানের অধিনায়ক গ্যারান্টির সুরে বলেছেন, "আমরা ড্রয়ের জন্য মাঠে নামবো না। এই প্রথমবারের মতো আমাদের পূর্ণশক্তির একাদশ নামবে। হাসান আল মামুন, শরীফ ও আমি খেলবো। কোনো ইনজুরি নেই, কার্ডের সমস্যাও নেই।"
মানে আশাহত চট্টগ্রাম মোহামেডানকে গুঁড়িয়ে দিয়ে কোটি টাকার ম্যাচের ফাইনালে ওঠার প্রস্তুতি নিচ্ছে ঢাকা মোহামেডান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৭৩৫ঘ.
bdnews24