ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- বাংলাদেশের আবাহাওয়া ডিডোর কাছে নতুন। পাশপাশি এখানকার ফুটবলাররাও, কারো নাম কিংবা তারকাখ্যাতি তার কাছে গুরুত্বহীন। তার কাছে গুরুত্বপূর্ণ বি. লিগ ও সুপার কাপের ম্যাচগুলো, দুটোতে পারফরম্যান্স দেখিয়েছেন এমন ২৫ জনকে নিয়েই এই ব্রাজিলিয়ান কোচের চ্যালেঞ্জ শুরু হচ্ছে। উপলক্ষ আগামী ২৬ এপ্রিল থেকে ঢাকায় শুরু হতে যাওয়া এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্ব।
বড় খবর হচ্ছে, প্রাথমিক এই দলে নেই হাসান আল মামুন, নজরুল ইসলাম, আবুল হোসেন ও আমিত খান শুভ্র। ইনজুরির কারণে মোহামেডানেই অনিয়মিত মামুন। স্টপার থেকে রাইটব্যাক হয়ে যাওয়া নজরুলের অবস্থা সঙ্গীন। আবুলের গতি স্লথ এবং শুভ্র অনির্ভরযোগ্য। এই হচ্ছে চার ডিফেন্ডারের বাদ পড়ার কারণ। দলে নতুন সংযোজন ৯ জন--- হিমেল, নাসির, মিশু, জাহেদ পারভেজ চৌধুরী, মামুন মিয়া, ইমন বাবু, মানিক, রাশেদ ও মিথুন। প্রথম চারজনের আগে কোনো না সময় জাতীয় দলে ডাক পাওয়ার অভিজ্ঞতা থাকলেও শেষের পাঁচজন একেবারেই নতুন। তাদের ব্যাপারে কোচ এডসন ডিডোর ব্যাখ্যা, "বিকেএসপির মানিক মাঝমাঠে ভাল খেলে এবং রাশেদ খেলে ফুলব্যাক পজিশনে। এখানে অনূর্ধ্ব-২০ ফুটবলারদের কোনো লিগ হয় না, তাই আমার দেখার সুযোগ হয়নি। তবে আমার সহকারীর সঙ্গে কথা বলে তাদের নেওয়া হয়েছে ভবিষ্যতের জন্য। কারণ এসএ গেমসকে সামনে রেখে এই দল গঠন করা হয়েছে।" এছাড়া ফরাশগঞ্জের ম্যাচ দেখে ইমন বাবুকে এবং চট্টগ্রাম আবাহনী থেকে স্ট্রাইকার মিঠুন চৌধুরীকে পছন্দ হয়েছে বাংলাদেশের এই ব্রাজিলিয়ান কোচের।
তার সঙ্গে প্রাথমিক দলে আছেন আরো তিন স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি, এনামুল হক ও মোহাম্মদ রবিন। চারজনের মধ্যেও জায়গা হয়নি লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা আলফাজ আহমেদের। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি শেখ রাসেলের এই স্ট্রাইকারের নাম প্রস্তাব করলেও ডিডো রাজি হননি। কারণ আলফাজ ক্যারিয়ারের গোধূলী লগ্নে চলে এসেছে বলে মনে করছেন কোচ।
প্রাথমিক দল নিয়ে ২৮ এপ্রিল থেকে শুরু হবে প্রশিক্ষণ শিবির। তবে কোথায় চলবে এই আবাসিক প্রশিক্ষণ তা জানাতে পারেননি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়াম্যান বাদল রায়। আর নতুন কাচের চোখে চার সপ্তাহ সময়ও পর্যাপ্ত নয়, "মাত্র চার সপ্তাহ সময় আমি পাচ্ছি। তাতে করে দলকে ভালভাবে তৈরি করা সম্ভব নয়। কারণ ফিটনেসের পাশাপাশি টেকটিক্যাল কোচিং না করালে হবে না। তারপরও আমি এই দল নিয়ে এএফসি চ্যালেঞ্জ কাপ জিততে চাই।" যদিও বাছাইপর্বে বাংলাদেশর প্রতিপক্ষ কম্বোডিয়া, মায়ানমার এবং মঙ্গোলিয়া-ম্যাকাওয়ের বিজয়ী দল।
ব্রাজিলিয়ান কোচের সঙ্গে থাকবেন আর্জেন্টাইন ট্রেনার কোলম্যান। আগামী ২৭ তারিখ তিনি ঢাকা এসে পৌঁছাবেন। এছাড়া এই দলের ম্যানেজারেরর দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ফুটবলার ইমতিয়াজ সুলতান জনিকে।
২৫ জনের দল : আমিনুল, বিপ্লব, হিমেল, নাসির, আরিফ, ওয়ালী ফয়সাল, মিশু, রাশেদ, রজনী, সুজন, সৈকত, মামুন মিয়া, আরমান আজিজ, শরীফ, প্রাণতোষ, মানিক, জাহেদ পারভেজ চৌধুরী, জাহিদ হোসেন, মামুন, ইমন বাবু, এমিলি, এনামুল, রবিন ও মিঠুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪০ঘ.
bdnews24