ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-----
ক্স সুপার কাপের ফাইনালের টিকেটের জন্য নাকি বাফুফের ওপর চাপ ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান শওকত আলী খান জাহাঙ্গীরের সঙ্গে এক ক্লাব কর্মকতার বচসাও হয়ে গেছে টিকেট নিয়ে।
ক্স কোটি টাকার শিরোপা লড়াইয়ের উত্তেজনা নাকি প্রধানমন্ত্রীর দপ্তরেও ঢুকে গেছে। ক্রীড়া-মনস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইনালে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেও নানা কারণে আসতে পারছেন না। তবে আবাহনীর এই মৌন সমর্থক কয়েকজন মোহামেডানপন্থী সাংসদের সঙ্গে ফাইনাল নিয়ে হাসি-ঠাট্টা করেছেন বলে বাফুফে সূত্রের খবর।
ঘটনা দুটো কী আপনার কাছে অচেনা মনে হচ্ছে ? গত এক দশকে যারা এদেশের ফুটবলকে জানেন এবং চেনেন তাদের জন্য অবশ্যই এটা নতুন করে চেনা। তার আগের দর্শকরা বলবেন, ফুটবলের সোনালী অতীতে ফিরে যাওয়ার পদধ্বনি শুনতে পাচ্ছি। সেই সালাউদ্দিন, বাদল, মুন্নাদের সময়ে। ফুটবল যখন মাঠের খেলার পাশাপাশি হ্নদয়ের খেলা হয়ে উঠেছিল। তার সম্মোহনী টানেই তখন গ্যালারি উপচে পড়ত। গত এক দশকে গ্যালারি-ভর্তি দশর্কের গল্পটা গোলাভরা ধানের মতোই কল্পকাহিনীতে রূপ নিয়েছে।
কল্পনার সেই ফুটবলকে খানিকটা হলেও বাস্তবের কাছাকাছি এনে দাঁড় করিয়ে দিয়েছে সিটিসেল সুপার কাপ। ফুটবলের সঙ্গে কোটি টাকার মোহ! যার ফাইনালে সামিল হয়ে ঢাকার দুই পরাশক্তি আবাহনী ও মোহামেডান রীতিমতো চাপে। চাপ ভাল খেলতে না পারার। দর্শকদের মন জয় করতে না পারার। সর্বোপরি স্নায়ুযুদ্ধের চাপ। আসলে ফুটবলের মোড়কে কোটি টাকার জুয়ায় তারা সামিল হয়েছে প্রথমবারের মতো।
বি. লিগের রানার্স-আপ ঢাকা মোহামেডান সুপার কাপে এখনো ছন্দে ফিরতে পারেনি। টাইব্রেকারে কোনোমতে সেমিফাইনাল উতরে যাওয়া মোহামেডানের সহ-অধিনায়ক রজনী কান্ত বর্মণ বলেছেন, "নিজেদের সেরা খেলাটা এখনো খেলতে পারিনি। এতে দর্শকরা নিরাশ হয়েছে জানি, তবে ফাইনালে আমরা চেষ্টা করবো।" প্রিয় দলের বাজে পারফরম্যান্সে সমর্থকরা এমনই হতাশ যে ফিরতি সেমিফাইনালে চট্টগ্রাম মোহামেডানের গোল হজম করেও তারা ঢোল-বাদ্য বাজিয়ে বিদ্রুপ করেছে। ঢাকা মোহামেডানের খেলোয়াড়রা সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন মাঠে। দলের কোচ মারুফুল হকও নাকি ইতিমধ্যে চাপের মুখে পড়ে গেছেন। ক্লাবের কে বা কারা যেন তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বসেছেন। তবে সরাসরি নয়, মোবাইল ফোনে ম্যাসেজ চালাচালি করে। দল বেকায়দায় পড়েছে বলে সুযোগ নিতে ছাড়ছে না অন্যরা !
মারুফের মতো অতো তাত্ত্বিক নন আবাহনীর অমলেশ সেন। নিজের খেলোয়াড়ী জীবনের অভিজ্ঞতাকে পুঁজি করে তিনি দ্বিতীয়বারের মতো বি. লিগ শিরোপা এনে দিয়েছেন আবাহনীকে। লিগ নিয়ে খুব ভাবতে না হলেও সুপার কাপ ফাইনালের আগে আবাহনী কোচের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। কার্ডের খড়গে একসঙ্গে তার দুই ডিফেন্সিভ মিডফিল্ডার জয় ও প্রাণতোষ নাই হয়ে গেছে ফাইনালে। জায়গাটি কীভাবে পূরণ হবে তা এখনো জানেন না কোচ। সঙ্গে যোগ হয়েছে টানা দুটো সেমিফাইনালে বাজে পারফরম্যান্সের দুশ্চিন্তা। গ্র"প ম্যাচগুলো ভাল খেলার পর সেমিফাইনালে হঠাৎ করে অধঃপতনের ধারা আকাশী-হলুদ শিবিরে। ব্রাদার্সের বিপক্ষে ফিরতি সেমিফাইনালে সমর্থকরা রীতিমতো প্রমাদ গুনে দলকে ফাইনালে তুলে দিয়েছে। আরিফ খান জয় স্বীকার করেছেন, "ফিরতি সেমিফাইনালে ড্র করতে হবে, এটাই অবচেতন মনে চাপ হয়ে গিয়েছিল খেলোয়াড়দের জন্য। এজন্য আমরা স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি।" ফাইনালের চাপ আরো বিশাল, জিততেই হবে। অমলেশ সেনের কাছে চাপ প্রশমনের উপায় একটাই, "ভাল খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে হবে শুরু থেকে। নইলে পারা যাবে না।"
আসলে অন্য কোনো বিকল্পও নেই সামনে। ফাইনালের জন্য তিনজন রেফারি আসছেন ইরান থেকে। স্বদেশী হলে না হয় আবাহনী-মোহামেডানের নামের ভারে খানিকটা ভড়কে যেতেন। ইরানিদের কাছে বাংলা নামে কিছু যায়-আসে না, ন্যায্য বাঁশিতে যা হয়। কিন্তু এই নাম দুটোতেই যে মোহাচ্ছন্ন এদেশের ফুটবল দর্শকরা। কারণ সোনালী অতীত কিংবা ক্ষয়িষ্ণু নিকট অতীত যে সময়ের কথাই বলুন, ফুটবলের ঝান্ডাটা উঁচিয়ে রেখেছিল এই দুটো দলই। তাদের টানেই সেমিফাইনালে ১৪/১৫ হাজার করে দর্শক হয়েছে। ফাইনালে তা ২৫ ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।
ইঙ্গিত সত্যি হলে কাজী সালাউদ্দিনের সিটিসেল সুপার কাপ সার্থক হবে। আবাহনী-মোহামেডানকে দিয়ে এদেশের মানুষের মধ্যে আবার ফুটবল নেশা ধরিয়ে দেওয়ার ষড়যন্ত্রটা তারাই করা! তার তত্ত্বটা হচ্ছে শুধু প্রথাগত লিগ নয়, নতুন কিছু দিয়ে চমকে দিতে হবে সবাইকে। এজন্য পেতেছেন কোটি টাকার ফুটবল ষড়যন্ত্রের ফাঁদ। যে ফাঁদে আটকা পড়ে নানামুখী চাপে হাঁসফাঁস করছে আবাহনী ও মোহামেডান। তাদের ফাঁস ছেড়ে বের হওয়ার দৃশ্য দেখতেই শুক্রবার মানুষের ঢল নামবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯২০ঘ.
bdnews24