ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্যুট-কোট-টাই পরা ভদ্রলোকটি অস্বস্তিতে পড়েছেন নতুন এক দামি খাবারের মুখোমুখি হয়ে। খাওয়ার তরিকাটা কীরকম সেটা তারা জানা নেই। তা আবার অন্যরা বুঝে ফেললেও মান যায়। ঢাকার দুই ফুটবল পরাশক্তির কাছেও 'সুপার কাপ' সেরকম এক দুর্বোধ্য ব্যাপার। সুন্দর ট্রফির সঙ্গে এক কোটি টাকা ! এদেশের কোনো দল প্রথমবারের মতো এত বিশাল অংকের অর্থচাপের মুখে পড়েছে, শুক্রবারের ফাইনালে তার সঙ্গে যোগ হতে পারে ৩৫/৪০ হাজার দর্শক-সমর্থকের চাপ।
ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ওই বহুমুখী চাপের ব্যাপারটা চেপে গেল আবাহনী-মোহামেডান। কিন্তু দুদলের কোচই তলে তলে খুঁজে বেড়াচ্ছেন সুপার কাপ জেতার ফর্মূলা।
শুক্রবার বিকেল ৫ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু সিটিসেল সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডান। এ উপলক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোনো পক্ষেরই 'সুপার কমেন্ট' নেই। তারা জিততে চায় তবে নিজেদের ফেবারিট ভাবতে দ্বিধা করছে। সারকথা হচ্ছে খেলোয়াড়রা নিজেদের উজাড় করে দেবেন ফাইনালে।
উজাড় করে দেওয়ার গল্প আগেও শোনা গেছে। যদিও গল্পের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবের মিল রাখতে পারেননি মোহামেডানের খেলোয়াড়রা। ভিন্ন স্বাদের এই ফাইনালে চাপটা স্বাভাবিকভাবে বেশি, আর তাই কতোটা তারা উজাড় করে দিতে পারবেন সে নিয়ে প্রশ্ন থেকেই যায়। খেলোয়াড়দের আগে যে মোহামেডানের কোচ নিজেই চাপে পড়ে গেছেন। মারুফুল হকের কোচিংয়ের সমালোচনায় মুখর হয়েছেন ক্লাবের কয়েকজন সাবেক খেলোয়াড়। এই প্রশ্নে মোহামেডান কোচের জবাব, "আমি অতিমানব বা যন্ত্রমানব নই। কিছু চাপ আসতেই পারে তবে তা সামলানোর মতো ক্ষমতা আমার আছে।"
আসলে চাপটা হচ্ছে ভাল খেলার চাপ। দল খারাপ খেললে এমনিতেই তৈরি হয় চাপ। মোহামেডান ফাইনালে উঠেছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এমনিকে সেমিফাইনালে চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে টাইব্রেকারের অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়েছিল তাদের। সেখানে দেশের এক নম্বর গোলরক্ষক আমিনুল হকের অতিমানবীয় কীর্তি তাদের ফাইনালে পৌঁছে দিয়েছে। এসব বাজে ম্যাচ থেকে কোচ খুঁতগুলো খুঁজে বের করার চেষ্টা করেছেন, "শেষের ম্যাচগুলো থেকে আমি কিছু ভুল-ত্র"টি খুঁজে বের করেছি। এসব নিয়ে আমি কাজও করছি। আশাকরি ফাইনালে আমরা ভাল ম্যাচ খেলবো।"
ভাল ম্যাচের তাগিদ দিয়ে ক্লাবের কর্মকর্তারাও নাকি খেলোয়াড়দের অন্যভাবে উদ্দীপ্ত করার চেষ্টা করছেন। মোহামেডান অধিনায়ক আরমান আজিজ যেমন বলেছেন, "ক্লাবের কাছে আমাদের কোনো টাকা-পয়সা বাকি নেই। সব শোধ করে দিয়ে গত তিন দিন ধরে কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে আমাদের সঙ্গে আছেন।"
খেলোয়াড়দের অর্থকড়ি নিয়ে কোনো ঝামেলা নেই আবাহনীতে। উল্টো বোনাসের ঘোষণা আছে। এছাড়া পারফরম্যান্সের দিক থেকেও সাদাকালোদের চেয়ে তারা এগিয়ে। কিন্তু আবাহনীর কোচ অমলেশ সেন এ নিয়ে আত্মতৃপ্তিতে ভোগার কারণ দেখছেন না, "আগের ম্যাচগুলো ভাল খেলেছি আমরা, সেটা ঠিক। কিন্তু এবার ফাইনাল এবং ম্যাচের দিনে খেলোয়াড়দের মানসিক অবস্থা, ফিটনেসের ওপর সবটাই নির্ভর করছে।"
সেটা ঠিক। অনেক সময় মানসিকভাবেই খেলোয়াড়রা পিছিয়ে পড়ে। যেমন ব্রাদার্সের বিপক্ষে ফিরতি সেমিফাইনালে কোচ আক্রমণাত্মক ফুটবলের ঘোষণা দিয়েও সেভাবে খেলাতে পারেননি। খেলোয়াড়দের অবচেতন মনে ড্র ঢুকে যাওয়ায় তারা পুরো ম্যাচ খেলেছেন নিজেদের গোলপোস্ট আগলে। ফাইনালে অবশ্য জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই, এমনকি টাইব্রেকারেও আপত্তি আছে অমলেশের। কারণ ফেডারেশন কাপ ফাইনালে ঢাকা মোহামেডানের কাছে টাইব্রেকারে হারের জ্বালা এখনো ভুলতে পারেনি আবাহনী।
তাই নির্ধারিত সময়ে খেলেই শিরোপার স্বপ্ন দেখছে আকাশী-হলুদরা। কিন্তু এই স্বপ্নও চাপমুক্ত নয়। একসঙ্গে দুই ডিফেন্সিভ মিডফিল্ডার আরিফ খান জয় ও প্রাণতোষ কার্ডের খড়গে কাটা পড়ে ভীষণ চাপে ফেলে দিয়েছেন কোচকে। এ জায়গায় কাকে খেলাবেন তা এখনো ঠিক করেননি, "দলে বাড়তি ডিফেন্ডার ও মিডফিল্ডার আছে। তাদের মধ্য থেকে কাকে খেলাবো সেটা টিম মিটিংয়ে আলোচনা করেই ঠিক করা হবে।" ঘানার ডিফেন্ডার সামাদ ইউসিফকে ডিফেন্সিভ মিডফিল্ডারের দায়িত্ব দেওয়ার কথাই শোনা যাচ্ছে ব্যাপকভাবে। সেক্ষেত্রে গত ম্যাচে একাদশে না থাকা আবাহনী অধিনায়ক নজরুল ইসলামের স্টপার পজিশনে খেলার সম্ভাবনা আছে।
আবাহনীর এই সমস্যা দেখেই কিনা মোহামেডান কোচ বি. লিগ চ্যাম্পিয়নদের দূর্বলতম জায়গা হিসেবে মাঝমাঠকে চিহ্নিত করেছেন। এবং যেখানে আবাহনী দূর্বল সেখানেই নিজেদের শক্তিশালী হিসেবে ভাবছেন। মারুফ অবশ্য সুকৌশলে নিজেদের দূর্বলতার কথা এড়িয়ে গেছেন। মোহামেডানের গোল-মেশিন বুকোলার শারীরিক অবস্থা ভাল নয় বলে জানা গেছে। পানিশূন্যতার কারণে ফিরতি সেমিফাইনালে মাঠের বাইরে থাকা এই নাইজেরিয়ান স্ট্রাইকারের উপস্থিতি সপ্রতিভ না হলে গোল পাওয়া কঠিনই হবে মোহামেডানের জন্য। কারণ সঙ্গী স্ট্রাইকার রবিনও ইনজুরি কাটিয়ে এখনো ফর্মে ফেরেনি। আবাহনীর সেরকম কোনো দুশ্চিন্তা নেই ফরোয়ার্ড-লাইন নিয়ে। সেমিফাইনাল মিস করা আওদু ইব্রাহিম ফাইনালে ফিরছেন, সঙ্গী ৫ গোল করা এমেকার আর দুই গোল করে সেমিফাইনাল উতরে নেওয়া এমিলি। এই ফরোয়ার্ড-ত্রয়ী-ই মূলত শিরোপার স্বপ্ন বুনে দিয়েছে আকাশী-হলুদ শিবিরে।
কিন্তু ভয় একটাই- সুপার কাপের কোটি টাকার শিরোপা! কোটি টাকা যেমন অনুপ্রেরণা তেমনি ভয়েরও কারণ। একটু ভুলেই জাতীয় ভিলেন হওয়ার সম্ভাবনা। খেলোয়াড়দের মনে এই ভীতি ঢুকে গেলে স্বাভাবিক খেলা ব্যাহত হতে বাধ্য। আরেকটা তথ্য হচ্ছে, এদেশে প্রথমবারের মতো ম্যাচের আগের দিন শেষ হয়ে গেছে ১০ লাখ টিকেট ! মানে এই প্রজন্মের ফুটবলাররাও প্রথমবারের মতো অনুভব করবেন দর্শকের চাপ কী জিনিস।
সুতরাং বহুমুখী চাপ সামলে যারা মাঠে নিজেদের মেলে ধরতে পারবে তারাই হবে সুপার কাপ শিরোপা-ধন্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২২২৬ ঘ.
bdnews24