ঢাকা, ২৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সুপার কাপ ফুটবলের শিরোপা জিতেছে ঢাকা মোহামেডান। সুবাদে টুর্নামেন্টের ঘোষিত প্রাইজমানি এক কোটি টাকার মালিক তারা। শূক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে জন গুডউইনের ২১ মিনিটের গোলে তারা চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে। প্রতিপক্ষ আবাহনী গোলের আগে-পরে অনেক সুযোগ পেলেও তার কোনোটিই কাজে লাগাতে পারেনি। তাই তাদের সন্তুষ্ট থাকতে হয়েছে ২০ লাখ টাকা নিয়েই। আবাহনীর জাহিদ হোসেন এমিলি হয়েছেন সেরা খেলোয়াড়, পুরষ্কার হিসেবে পেয়েছেন একটি গাড়ি। মোহামেডানের গোলরক্ষক আমিনুল হক পেয়েছেন সেরা গোলরক্ষকের ১ লাখ টাকার পুরষ্কার।
দেশের তো বটেই উপমহাদেশের ফুটবল ইতিহাসেই সর্বোচ্চ পুরস্কারের এই টুর্নামেন্ট নিয়ে আগ্রহ প্রায় আকাশ ছুঁয়েছিল। আর তাই ফাইনাল ম্যাচ শুরুর আগেই ঢাকা স্টেডিয়াম মোটামুটি জনারন্য। বহুদিন পর আবার ফুটবলকে ঘিরে কানায় কানায় ভরে উঠে গ্যালারি। ফুটবলের এই বিরাট উৎসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শরীক হয়েছিলেন প্রধান অতিথি হিসেবে। বিজয়ী মোহামেডান অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন তিনি।
এর আগে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৩-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম মোহামেডানকে। ব্রাদার্সের পক্ষে গোলগুলো করেছেন হেনরি, লিটন এবং তপু। চট্টগ্রাম মোহামেডানের গোলটি রাফায়েলের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৮০০ঘ.
bdnews24