২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাগ্য আর চাপ জয়ের ক্ষমতায় কোটি টাকা মোহামেডানের

মাত্র এক গোলেই সব চাপকে চাপা দিয়ে কোটি টাকার সুপার কাপকে আলিঙ্গন করেছে ঢাকা মোহামেডান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2009, 04:45 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- মাত্র এক গোলেই সব চাপকে চাপা দিয়ে কোটি টাকার সুপার কাপকে আলিঙ্গন করেছে ঢাকা মোহামেডান। ম্যাচ শুরুর আগে বোদ্ধারা বসেছিলেন মাঠের অংক ও চাপের হিসেব নিয়ে। বুকোলার পানিশূন্যতা এবং সৈকতের ইনজুরিতে মোহামেডান বেকায়দায়। সঙ্গী হয়েছিল ভাল খেলতে না পারার চাপ এবং মারুফের কোচিং নিয়ে প্রশ্ন। কিন্তু ম্যাচ শেষে কোনো প্রশ্নই আর প্রশ্ন থাকেনি। কারণ মাঠের খেলা সরল অংকে মেলানো যায় না। যেদিন যার হবে সেদিন কোনো অংক দিয়েই তাকে ঠেকানো যাবে না। তাই ২১ মিনিটের পর থেকে আবাহনী শত চেষ্টা করেও সাদা-কালোদের ঠেকাতে না পেরে চোখের পানিতে বিদায় নিয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে। জাতীয় লিগ এবং বি. লিগের মতো সুপার কাপের প্রথম ট্রফি জয় হলো না আকাশী-হলুদের। আসলে নিয়তিই যেন সুপার কাপের সঙ্গে সাদা-কালোদের বন্ধন লিখে রেখেছিল টুর্নামেন্টের শুরু থেকেই। খুড়িয়ে খুড়িয়ে সেমিফাইনালে ওঠার পর দলকে টাইব্রেকারে পার করে দিয়েছেন গোলরক্ষক আমিনুল। তারপর শুক্রবার চূড়ান্ত বৈতরনী পার করে দিলেন জন গুডউইন। ২১ মিনিটে মাঝমাঠ থেকে মিশরীয় হাজেম খালেদ একটি লব ফেলেছিলেন আবাহনীর ডি বক্সে। ডান দিকে বলটা নিয়ে বুকোলা একটু দুরূহ কোনে চলে গেলেও শেষমুহূর্তে ঠেলে দেন আনমার্কড গুডউইনকে। তারপর ডান পায়ের জোরালো শটে কোটি টাকার গোল করে এই নাইজেরিয়ান বিজয়-বার্তা বইয়ে দেন মোহামেডান শিবিরে। এটা ঠিক, তখন কেউ জানতো না যে এটাই হবে জয়সূচক গোল, কোটি টাকার গোল! তবে মোহামেডান সেরকম পরিকল্পনা নিয়েই নেমেছিল, ম্যাচ শেষে মোহামেডান অধিনায়ক আরমান আজিজ যেভাবে বলেছেন, "আমরা চেয়েছিলাম প্রথম ৩০ মিনিটের মধ্যে দুই গোল। তবে এক গোল করার পর তা ধরে রাখতেই ব্যস্ত ছিলাম আমরা। কারণ বিগম্যাচে সুযোগ আসে কম। স্বাভাবিকভাবে আবাহনী তখন অল-আউট অ্যাটাকে গেছে আর আমরা চেষ্টা করেছি কাউন্টার অ্যাটাকে যাওয়ার।" শেষপর্যন্ত এই কৌশলে তারা সফল। তবে একটু এদিক- সেদিক হলেই কিন্তু সব কৌশল মাঠে মারা যেতো। সেজন্য অবশ্যই কৃতিত্বের দাবিদার গোলরক্ষক আমিনুল, সুবাদে সেরা গোলরক্ষকের ১ লাখ টকা পুরস্কারও উঠেছে তার হাতে। কারণ ওই ২১ মিনিটেই মোহামেডানের খেলা শেষ। এর মধ্যে আবাহনীর একটি শিক্ষাও হয়ে যায়। সেটা হলো পাঁচ ডিফেন্ডার দিয়ে রক্ষনাত্মক মেজাজে খেলে চ্যাম্পিয়ন হওয়া যায় না। এরপরই শুরু হয় আকাশী-হলুদের খেলা। একের পর এক আক্রমণে রীতিমতো কেঁপে উঠে মোহামেডানের ডিফেন্স। ৫৪ মিনিটে সিরাজীর একটি লবে এমেকা সুযোগ তৈরি করেও পোস্টের সামনে থেকে বলটি তুলে দেন ক্রসবারের ওপরে। মিনিট দুয়েক পরেই এমিলির বদলি হয়ে মাঠে নামা আবুলের দুর্দান্ত এক শট আমিনুল ঠেকিয়ে দেন। ফাইনালের শুরুর একাদশে ছিলেন না আবুল, তার জায়গায় খেলেছেন জাহিদ পারভেজ। এ সিদ্ধান্ত ঠিক ছিল না কিনা, তা নিয়ে এখন প্রশ্ন উঠতেই পারে। তবে ৩৪ মিনিটের মাথায় এই মিডফিল্ডারকে মাঠে নামতে হয়েছে। কারণ ম্যাচ শুরু হতে না হতেই মোহামেডানের রজনীর এক ট্যাকলেই এমিলি অচল। বাঁপায়ের উরুতে চোট নিয়ে খুড়িয়ে খুড়িয়ে কিছুক্ষণ খেলে প্রথমার্ধেই মাঠ ছেড়ে যান এই স্ট্রাইকার। সেরা খেলোয়াড় হিসেবে গাড়ির চাবিটি তার হাতে উঠলেও ফাইনালে মাঠ ছেড়ে যাওয়ার যন্ত্রণা তাকে পোড়াবে অনেকদিন। তার অনুপস্থিতিতেও আবাহনীর আক্রমণে ভাটা পড়েনি। ৭১ মিনিটে মাঝমাঠ থেকে জাহিদ পারভেজ চৌধুরী দুর্দান্ত গতিতে বল নিয়ে ইব্রাহিমের সঙ্গে একটা ওয়ান-টু খেলে দারুন একটি শট নিয়েছিলেন। ডিফেন্ডারের গায়ে লেগে তা বাইরে না গেলে হয়তো অন্যরকম হতো, মোহামেডানের গোলরক্ষক আমিনুল হক যে তখন ঠিক জায়গায় ছিলেন না। কিন্তু ৭৭ মিনিটে তিনিই মোহামেডানকে রক্ষা করেছেন মামুনের হেডটি ফিস্ট করে। এর দুই মিনিট পরেই মোহামেডানের নাইজেরিয়ান ডিফেন্ডার ইমানুয়েল ড্যামি আবুলের হেড ঠেকিয়ে দিয়েছেন গোল লাইন থেকে। এভাবে তারা একটা করে ঠেকায় আর মোহামেডান সমর্থকরা টেনশন ঝেড়ে হাততালি দিয়ে অভিনন্দন ঠেকায়। মানে প্রতিটা মুহূর্ত কেটেছে সমর্থকদের স্নায়ুচাপের মধ্যে। অন্যদিকে আবাহনীতে গ্যালারিতে দীর্ঘশ্বাস ক্রমেই প্রলম্বিত হতে থাকে। শেষপর্যন্ত সেই কষ্ট নিয়েই তাদের বাড়ি ফিরতে হয়েছে। তবে তারা সান্ত্বনা খুঁজে নিতে পারেন ফাইনালের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য থেকে, "খেলায় এক দল হারবে, এক দল জিতেবে। মোহামেডানকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমার অভিনন্দন। আর রানার্স-আপ আবাহনীকে ভাল খেলার জন্য অভিনন্দন।" পুরো স্টেডিয়ামের দিকে তাকিয়ে প্রধানমন্ত্রীর কাছে ম্যাচের জয়-পরাজয়ের চেয়ে বড় হয়ে উঠেছে ফুটবল, "দীর্ঘদিন পর ফুটবলে প্রাণ ফিরেছে। এজন্য সকল দর্শককে আমি ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও আপনার আসবেন, খেলোয়াড়দের উৎসাহ যোগাবেন।" আসলে সিটিসেল সুপার কাপের ফাইনালই যেন বলে দিয়ে গেছে এদেশের মানুষের প্রাণের খেলা ফুটবল। যা দেখতে প্রায় ৪৫ হাজার দর্শক মাঠে এসেছে এবং ফুটবলে নতুন করে প্রাণসঞ্চার করে গেছে। মোহামেডান : আমিনুল, ড্যামি, রজনী, হাসান আল মামুন, শরীফ (কামাল), হাজেম খালেদ, আরমান আজিজ, নাসির, রবিন (মারুফ), বুকোলা (সৈকত), গুডউইন। আবাহনী : বিপ্লব, নজরুল (টিপু), সামাদ, সুজন, ওয়ালী ফয়সাল, মামুন, এমিলি (আবুল), এমেকা, সিরাজী, জাহিদ পারভেজ, আওদু ইব্রাহিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৪৫ঘ.