২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসল অভিষেকেও জয় চান ম্যারাডোনা

কোচ হিসেবে আনুষ্ঠানিক অভিষেক হয়ে গেছে আগেই। দিয়েগো ম্যারাডোনার অধীনে দুটি ম্যাচ খেলে দুটিতেই জয়ও পেয়েছে আর্জেন্টিনা। তবে সেগুলো ছিল প্রীতি ম্যাচ, আর ছিল দেশের বাইরে। দেশের মাটিতে, সত্যিকারের প্রতিযোগিতামূলক ম্যাচে কোচ ম্যারাডোনার অভিষেকের লগ্নটা এসেছে অবশেষে, শনিবার বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটা তাই পেয়েছে এক নতুন মাত্রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2009, 02:47 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কোচ হিসেবে আনুষ্ঠানিক অভিষেক হয়ে গেছে আগেই। দিয়েগো ম্যারাডোনার অধীনে দুটি ম্যাচ খেলে দুটিতেই জয়ও পেয়েছে আর্জেন্টিনা। তবে সেগুলো ছিল প্রীতি ম্যাচ, আর ছিল দেশের বাইরে। দেশের মাটিতে, সত্যিকারের প্রতিযোগিতামূলক ম্যাচে কোচ ম্যারাডোনার অভিষেকের লগ্নটা এসেছে অবশেষে, শনিবার বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটা তাই পেয়েছে এক নতুন মাত্রা। রিভারপ্লেটের মনুমেন্টাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার ভোর সাড়ে চারটায় শুরু হতে যাওয়া এই ম্যাচকে ঘিরে প্রত্যাশার চাপও কম নয়। লিওনেল মেসি, সার্জিও অ্যাগুয়েরো আর কার্লোস তেভেজ ত্রয়ীকে নিয়ে গড়া ফরোয়ার্ড লাইনের আক্রমণাত্মক ফুটবল দেখার জন্য মুখিয়ে আছে সমর্থকরা। শোনা যাচ্ছে এই ম্যাচেই ম্যারাডোনার দশ নম্বর জার্সিটা উঠতে পারে মেসির গায়ে। এই প্রত্যাশার চাপটা নিয়েই ভয় আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির, খেলোয়াড়দের তাই সাবধান করে দিয়েছেন তিনি, "জনগণের প্রত্যাশা অনেক। কিন্তু আমরা যদি তাদের মুখে হাসি ফোটাতে চাই, তাহলে সত্যিই ভালো খেলতে হবে, আর ম্যাচটা জিততেও হবে।" বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় এই মুহূর্তে ম্যারাডোনার দল আছে তিন নম্বরে, শীর্ষে থাকা প্যারাগুয়ের চেয়ে ৭ পয়েন্ট পেছনে। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে দশ দলের এই গ্র"পে দ্বিতীয় স্থানে থাকা চির-প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের জন্য এই রাউন্ডের ম্যাচটা এসেছে একেবারেই উল্টো আবহ নিয়ে। কার্লোস দুঙ্গার দল রোববার রাতে (বাংলাদেশ সময় সোমবার ভোর) মুখোমুখি হবে ইকুয়েডরের, আর ম্যাচটা হবে কিটোতে। সমুদ্র-পৃষ্ঠ থেকে সাড়ে তিন হাজার ফুট উঁচু এই শহরে খেলা বিশ্বকাপ বাছাই পর্বের সর্বশেষ দুটো ম্যাচেই ১-০ গোলে হেরেছিল তারা, শুধু তা-ই নয় ইকুয়েডরের মাটিতে খেলা অন্য ম্যাচটিতেও গোলের দেখা পায়নি। তার ওপর ইনজুরির কারণে প্লে মেকার কাকাকে পাবে কি না তারা সেটা নিয়েও রয়েছে সংশয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০৪০ ঘ.