২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গেইল ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড

প্রথম ম্যাচে হারতে হয়েছিল কোচের ভুলে। সেটাকে অঘটন হিসেবেই যেন প্রমাণ করতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে জয় পাওয়ার পর শুক্রবার তৃতীয় ম্যাচে সফরকারীদের রীতিমতো উড়িয়ে দিয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ক্রিস গেইলের দল। আট উইকেটের এই জয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক গেইল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2009, 02:26 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ব্রিজটাউন, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম ম্যাচে হারতে হয়েছিল কোচের ভুলে। সেটাকে অঘটন হিসেবেই যেন প্রমাণ করতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে জয় পাওয়ার পর শুক্রবার তৃতীয় ম্যাচে সফরকারীদের রীতিমতো উড়িয়ে দিয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ক্রিস গেইলের দল। আট উইকেটের এই জয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক গেইল। টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিলেন গেইল। বৃষ্টিতে বিলম্বিত হওয়ায় ৪৪ ওভারে সীমিত এই ম্যাচে ৪১.৩ ওভার পর্যন্ত ব্যাট করে সফরকারীরা তুলতে পেরেছে মাত্র ১১৭ রান। এক পর্যায়ে ৬৮ রানেই ৮ উইকেট হারিয়ে আরো বড় লজ্জাতেই পড়তে যাচ্ছিল তারা, নবম উইকেটে ৪৮ রানের জুটি গড়ে তাদের তিন অঙ্কে নিয়ে গেছেন অ্যান্থনি ম্যাসকারেনহাস (৩৬) আর গ্যারেথ বেটি (১৭)। ইংল্যান্ডের পক্ষে দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন আর মাত্র দুজন - ওয়েইস শাহ (১৭) আর রবি বোপারা (১০)। ১৯ রান দিয়ে চার উইকেট নিয়ে সফরকারীদের সর্বনাশটা করেছেন ডোয়াইন ব্র্যাভো, আর ফিডেল এডওয়ার্ডস পেয়েছেন ২৮ রানে তিন উইকেট। টার্গেটটা এমনিতেই ছিল ছোট, জবাব দিতে নেমে গেইলের ঝড়ো ব্যাটিংয়ে সেটা হয়ে উঠেছে আরো ছোট। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা মাঠে নামার পর বৃষ্টির কারণে ম্যাচ শুরু পিছিয়ে যাওয়ায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট নির্ধারিত হয়েছিল ৪৪ ওভারে ১১৭ রান। সেটা তুলে নিতে স্বাগতিকদের লেগেছে মাত্র ১৪.৪ ওভার। মাত্র ৪৩ বলে ৮০ রান করেছেন গেইল, কেনসিংটন ওভালের দর্শকদের উল্লাসে মাতিয়ে তিনি মেরেছেন আটটি বিশাল ছক্কা আর পাঁচটি বাউন্ডারি। সংক্ষিপ্ত স্কোর ইংল্যান্ড: ৪১.৩ ওভারে ১১৭/১০ (ম্যাসকারেনহাস ৩৬, বেটি ১৭, শাহ ১৭, বোপারা ১০; ব্র্যাভো ৪/১৯, এডওয়ার্ডস ৩/২৮, পোলার্ড ২/১৬) ওয়েস্ট ইন্ডিজ : ১৪.৪ ওভারে ১১৭/২ (গেইল ৮০, সিমন্স ১৪; ব্রড ১/৩১, অ্যান্ডারসন ১/৩৯)। ফল: ওয়েস্ট ইন্ডিজ আট উইকেটে জয়ী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১১৫৪ ঘ.