বুয়েনস এইরেস, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দেশের মাঠে, প্রতিযোগিতামূলক ম্যাচে কোচ হিসেবে অভিষেকে ডিয়েগো ম্যারাডোনাকে দারুণ এক জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। শনিবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ভেনেজুয়েলাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।
মেসি নিজে করেছেন দলের প্রথম গোলটি, তারপর কার্লোস তেভেজের দেওয়া দ্বিতীয় গোলের উৎসও গড়ে দিয়েছেন তিনি। অন্য দুটি গোল করেছেন ম্যাক্সিমিলানো রড্রিগেজ আর সার্জিও অ্যাগুয়েরো।
এদিনের অন্যান্য ম্যাচে জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি, রানার্স আপ ফ্রান্স, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, নেদারল্যান্ডস এবং জার্মানিও। ইতালি ২-০ গোলে মন্টেনেগ্রোকে, ফ্রান্স ১-০ গোলে লিথুয়ানিয়াকে, নেদারল্যান্ডস ৩-০ গোলে স্কটল্যান্ডকে এবং জার্মানি ৪-০ গোলে লিচেনস্টেইনকে হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯০৫ ঘ.
bdnews24