বুয়েনস এইরেস, ২৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ডিয়েগো ম্যারাডোনার অধীনে ক্রমশই উজ্জ্বল আর্জেন্টিনা। লিওনেল মেসির পারফরম্যান্সও দিন-দিন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর। সব কিছু মিলে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত ভেনেজুয়েলা। শনিবার ম্যারাডোনার অধীনে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দাঁড়াতেই দেয়নি ভেনেজুয়েলানদের, জিতেছে ৪-০ গোলে। প্রথম গোল করেছেন মেসি। পরেরটা তারই বানিয়ে দেয়া বল থেকে কার্লোস তেভেজ। বাকি গোল দুটো ম্যাক্সি রড্রিগেজ ও সার্জিও অ্যাগুয়েরোর।
স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ গোলে জয়। পরের ম্যাচে '৯৮ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সকে আর্জেন্টিনা হারিয়েছিল ২-০ গোলে। কিন্তু সেই দুটো ছিল প্রীতি ম্যাচ এবং দুটোই বিদেশের মাটিতে। তাই শনিবার এক হিসাবে অভিষেক
ম্যাচ ছিল আর্জেন্টিনা কোচ ম্যারাডোনার। প্রথম প্রতিযোগিতামূলক ছাড়াও ঘরের মাঠে তার কোচিংয়ে এটাই যে মেসিদের প্রথম ম্যাচ! বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে প্রবেশের সঙ্গে সঙ্গে তাই গ্যালারি ভরা দর্শকের উল্লসিত ভালবাসায় সিক্ত হয়েছেন আর্জেন্টাইন 'ফুটবল-ঈশ্বর' ।
ম্যারাডোনার ভালবাসায় ভরা অভিষেক ম্যাচে যথারীতি মাঠে আলো ছড়িয়েছেন মেসি। ২৫ মিনিটে আর্জেন্টিনার প্রথম সুযোগটাও তার মাধ্যমেই। কিন্তু তার দারুণ ক্রসে কেউ পা ছোঁয়াতে না পারায় সে যাত্রা গোল পায়নি স্বাগতিকরা।
পরের মিনিটেই অবশ্য ম্যারাডোনার দলের সেই হতাশা কেটে গেছে। নিজেদের ডিফেন্স থেকে প্রায় ৬০ মিটার দৌড়ে হাভিয়ের জানেত্তি বল দিয়েছেন তেভেজকে। তার কাছ থেকে মেসি যখন বল পেয়েছেন তখনো প্রতিপক্ষের গোলপোস্ট থেকে তিনি প্রায় ৩০ মিটার দূরে। সেখান থেকেই দুর্দান্ত গতিতে ঢুকে পড়ে, তেভেজের সঙ্গে ওয়ান-টু খেলে নিচু শটে দূরের পোস্টে বল পাঠিয়ে দিয়েছেন বার্সেলোনা-তারকা। এবারের বিশ্বকাপ বাছাইপর্বে এটা তার চতুর্থ গোল।
বিরতির আগে ঐ মেসিই আরেকটা সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু তার বাড়িয়ে দেয়া বল ধরে গোলকিপারকে কাটিয়েও গোল করতে পারেননি অ্যাগুয়েরো। লাইন থেকে গোলটা বাঁচিয়ে দিয়েছেন ভেনেজুয়েলার এক ডিফেন্ডার।
তবে দ্বিতীয়ার্ধে আর গোল মিসের হতাশায় পুড়তে হয়নি আর্জেন্টাইনদের। ৪৭ মিনিটে মেসির ক্রস থেকে তেভেজের ভলি ২-০তে এগিয়ে দিয়েছে তাদের। দুই ম্যাচে লালকার্ড দেখা তেভেজের বাছাইপর্বে এটাই প্রথম গোল। ৫ মিনিট পর রড্রিগেজের শট তৃতীয় গোল এনে দিয়েছে স্বাগতিকদের। ৭৩ মিনিটে শেষ গোল করেছেন অ্যাগুয়েরো।
এই জয়ে ম্যারাডোনা রীতিমতো উচ্ছ্বসিত, অভিভূত। ম্যাচশেষের সংবাদ সম্মেলনে সেই উচ্ছ্বাস ধরা পড়েছে আর্জেন্টিনার '৮৬ বিশ্বকাপ জয়ের নায়কের কণ্ঠে, "এটা ছিল আমার প্রত্যাশার চেয়েও ভালো (পারফরম্যান্স), কল্পনাকেও ছাপিয়ে যাওয়া বাস্তবতা। আজ যা হয়েছে আমি তার কল্পনাও করতে পারিনি। একেবারে নিখুঁত ম্যাচ। ভেনেজুয়েলার বিপক্ষে চার গোল করা সহজ নয়। সেজন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে।"
মেসির দুর্দান্ত পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন তিনি, "আজকের মেসিকে যদি সব ম্যাচে পাওয়া যায় তাহলে সেটা হবে দুর্দান্ত ব্যাপার।" এই জয়ের আনন্দে ভাসতে ভাসতেও ম্যারাডোনা পেলেকে খোঁচা মারতে ছাড়েননি, মনে করলেন ''পেলের মতো বন্ধুর কথা, যার শত্র"র দরকার হয়!''শেষ কথাটার কারণ কয়েকদিন আগে পেলে তাকে খারাপ রোল মডেল হিসাবে চিহ্নিত করেছিলেন। ম্যারাডোনাও পেলেকে 'সমকামী' বলে দাবী করে জবাব দিয়েছিলেন সেই কথার।
ভেনেজুয়েলার বিপক্ষে ষোড়শ ম্যাচে সমান সংখ্যক জয় পাওয়ায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পেছনে ফেলে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আপাতত আর্জেন্টিনার অবস্থান দ্বিতীয়। ১১ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রাখলেও শনিবার প্যারাগুয়ে ০-২ গোলে হেরে গেছে উরুগুয়ের কাছে। অন্য ম্যাচে কলম্বিয়া একই ব্যবধানে হারিয়েছে বলিভিয়াকে। এই রাউন্ডে রোববার বাংলাদেশ সময় রাত ৩টায় ব্রাজিল (১৭ পয়েন্ট) মুখোমুখি হবে ইকুয়েডরের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/
bdnews24