ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হঠাৎ করেই সুপার কাপ জয়ী কোচের সঙ্গে মোহামেডানের সম্পর্কের অবনতি ঘটেছে। ঘটনার পারস্পর্যে এমনকি দু'পক্ষের বন্ধন ছিন্ন হওয়ার উপক্রমও হয়েছে!
ছিন্ন হলেও সেটা হবে মারুফুল হকের জন্য নায়কোচিত বিদায়। এক বছর আগেও ফুটবল কোচ হিসেবে যার সেরকম পরিচিতি ছিল না এখন তাকে সবাই চেনে মোহামেডানের সফল কোচ হিসেবে। যার হাত ধরেই এসেছে সুপার কাপ, অবশ্য শুরু করেছিলেন ফেডারেশন কাপ জয় দিয়ে। কিন্তু কোটি টাকার টুর্নামেন্ট জয়ের পর তিনি অভিমানী। এক বছরের নানা ক্ষোভ-বঞ্চনার কথা সামনে নিয়ে এসেছেন এই কোচ। এবং হুমকিও দিয়েছেন, "মোহামেডানকে কিছু শর্ত দেবো, সেগুলো পূরণের প্রতিশ্র"তি পাওয়া গেলে পরেই আমার সঙ্গে ক্লাবের চুক্তি নবায়ন হবে।" আগামী ৩১ মার্চ মারুফুল হকের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে সাদাকালো শিবিরে।
কোচের পক্ষ থেকে এমন কঠিন উচ্চারণ শুনেও ক্লাব কর্মকর্তারা যোগাযোগ করেননি তার সঙ্গে। ক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমানের দাবি, "এটা আমি পত্রিকা পড়েই জেনেছি। কোচের মনে যে এত অভিযোগ ছিল তা জানতাম না। এগুলো সামনাসামনি কথা বলেই সমাধান করা যেতো। তার এসব কথাবার্তায় মোহামেডান ক্লাবের সুনাম ক্ষুন্ন হয়েছে। এটা আমি আশা করিনি।" কোচের অভিযোগগুলো তিনি জানবেন না, এটা হয় কী করে! সবাই জানে, সুপার কাপ চলাকালীন মোহামেডানের কয়েকজন সাবেক খেলোয়াড় মুখর হয়ে উঠেছিলেন কোচের সমালোচনায়। এমনকি তার কোচিং নিয়ে এসএমএস চালাচালিও হয়েছিল।
কিন্তু মারুফের পাশে দাঁড়িয়েছে নিয়তি। সমালোচকদের মুখ ভোতা করে দিয়েছেন এ কোচ দলকে সুপার কাপ উপহার দিয়ে। এজন্য মোস্তাকুর রহমান তাকে কৃতিত্বও দিয়েছেন, "ক্লাব চায় শিরোপা। কোচ আমাদের ফেডারেশন কাপ ও সুপার কাপ জিতিয়েছেন, এজন্য তাকে নিয়ে ব্যক্তিগতভাবে আমার কোনো আপত্তি নেই।" তবে সমষ্টিগত সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে সাদা-কালো শিবিরে মারুফের ভাগ্য, "ফুটবল কমিটিতে টেকনিক্যাল লোকজন আছেন। মোহামেডানের কোচের ব্যাপারটা তারাই ঠিক করবেন।" ফুটবল কমিটির টেকনিক্যাল লোকের দলে আছেন ইমতিয়াজ সুলতান জনি, রুম্মন বিন ওয়ালী সাব্বির, ছাইদ হাছান কানন। তারাই ঘরের সমস্যা ঘরে না মিটিয়ে প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন কোচের বিরুদ্ধে। আবার তাদের হাতেই মারুফের ভাগ্য! সেজন্যই হয়তো জোরালো হচ্ছে মারুফের মোহামেডান ছেঁড়ে যাওয়ার গুঞ্জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৫৫ঘ.
bdnews24