লন্ডন, ২৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্পেন, ইতালি, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস --- জিতেছে সবাই। বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপের পরাশক্তিদের জয়ের ভীড়ে শুধু পর্তুগালই জিততে পারেনি। সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্বাগতিক পর্তুগিজরা।
মাদ্রিদে তুরস্কের বিপক্ষে ইউরোপীয় চ্যাম্পিয়নদের জয়ের নায়ক জেরার্ড পিকে। দ্বিতীয়ার্ধে বার্সেলোনা ডিফেন্ডারের লক্ষ্যভেদেই ১-০ গোলে জিতেছে স্পেন। জাতীয় দলের হয়ে এটাই পিকের প্রথম গোল। স্বদেশের জার্সি গায়ে প্রথম গোল পেয়েছেন জিয়ামপাওলো পাজ্জিনিও। অভিষেক ম্যাচেই তিনি গোল করায় ইতালি অ্যাওয়ে ম্যাচে ২-০ ব্যবধানে হারিয়েছে মন্টেনেগ্রোকে। বিশ্ব চ্যাম্পিয়নদের পক্ষে প্রথম গোলটা ছিল আন্দ্রিয়া পির্লোর।
ঘরের মাঠ লিপজিগে বড় ব্যবধানে জিতেছে জার্মানি। লিচেনস্টেইনের বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়নদের চার গোলদাতা অধিনায়ক মাইকেল বালাক, মার্সেল জ্যানসেন, বাস্তিয়ান শোয়েইনস্টাইগার ও লুকাস পোডলস্কি। সহজ জয় পেয়েছে নেদারল্যান্ডসও। আমস্টার্ডামে তারা ৩-০ গোলে হারিয়েছে স্কটল্যান্ডকে। ডাচদের গোল তিনটি ক্লাস জ্যান হান্টেলার, রবিন ফন পার্সি ও পেনাল্টি থেকে ডার্ক কিউয়েটের।
ফ্রান্স অবশ্য অত সহজে জিতেনি। লিথুয়ানিয়াকে কোনো রকমে ১-০ গোলে হারিয়েছে তারা। প্রতিপক্ষের মাঠে '৯৮ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের একমাত্র গোলটি ফ্র্যাঙ্ক রিবেরির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১১০ঘ.
bdnews24