২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফের ১৯ লাখ টাকা আয়, গাড়ির মালিক মিলছে না!

সুপার কাপের কোটি টাকা ঢাকা মোহামেডানের ঘরে গেলেও আসল শিরোপা জিতেছে বাংলাদেশের ফুটবল। যে ফুটবল নিকট অতীতের জীর্ণতা ঝেড়ে আবারো আমজনতার বিনোদনের উপলক্ষ হয়েছে। এবং মানুষকে আবার স্টেডিয়ামমুখো করেছে। তাতে বাফুফের আয় হয়েছে ১৯ লাখ টাকার বেশি !

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 04:17 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- সুপার কাপের কোটি টাকা ঢাকা মোহামেডানের ঘরে গেলেও আসল শিরোপা জিতেছে বাংলাদেশের ফুটবল। যে ফুটবল নিকট অতীতের জীর্ণতা ঝেড়ে আবারো আমজনতার বিনোদনের উপলক্ষ হয়েছে। এবং মানুষকে আবার স্টেডিয়ামমুখো করেছে। তাতে বাফুফের আয় হয়েছে ১৯ লাখ টাকার বেশি ! ফুটবলের গত এক দশকের প্রেক্ষাপটে আয়ের অংকটা বিস্মিত হওয়ার মতোই। ২০০৩ সালে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ বাদ দিলে টিকিট বিক্রি থেকে এত এরকম হওয়ার নজির নেই। তাই দারুণ খুশি সুপার কাপের আয়োজক বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টুর্নামেন্টের চেয়ারম্যান হারুনুর রশীদ রোববার বেশ ঘটা করেই আয়ের খবর জানিয়েছেন, "টিকিট বিক্রি থেকে মোট আয় হয়েছে ১৯ লাখ ৩৮ হাজার ৩৬০ টাকা।" মানে টুর্নামেন্টের ২১টি ম্যাচে টিকিট বিক্রি বাবদ এই আয় হয়েছে। তার মধ্যে ফাইনাল ম্যাচের অবদান ৭ লাখ ৬৮ হাজার ৫৩০ টাকা। যদিও সেদিন গ্যালারির উপস্থিতির সঙ্গে আয়ের অংকটা মেলে না। অনেকের চোখে ফাইনালের উপস্থিতি ৪৫ হাজারের বেশি। এ ব্যাপারে টুর্নামেন্ট কমিটির কো-স্পন্সর শওকত আলী খান জাহাঙ্গীর বলেছেন, "জাতীয় ক্রীড়া পরিষদের হিসাব অনুযায়ী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নির্ধারিত আসন সংখ্যা ৩৫ হাজার। ফাইনালে ২৭ হাজার ৬০০ টিকিট বিক্রি হয়েছে। এছাড়া টুর্নামেন্টের শুরুতে ক্লাবগুলোতে ৫ হাজার গেট-পাস দেওয়া হয়েছিল। মহিলাদেরও জন্য দেওয়া হয়েছিল চার'শ টিকিট। এছাড়া স্কুল-ছাত্রদের জন্য বিনা পয়সায় খেলা দেখার ব্যবস্থা ছিল। এসব হিসেব করলে কিছু হয়তো গড়মিল পাবেন, সেটা ঠেকানো যাবে না। কারণ বাফুফে কর্তারা গেট পাহারা দেন না।" অতো অস্বস্তিকর হিসেবে না গিয়ে বাফুফে-কর্তারা এখন স্বস্তি পেতে চাইছেন ফুটবলের জনপ্রিয়তা ফিরে পাওয়ার খবরে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের আনন্দও সেখানে, "টুর্নামেন্টের তিনটি দিক ছিল। প্রথমত খেলা, তারপর দর্শক এবং শেষটা হচ্ছে অতিথি। খেলার মানের আরো উন্নতি করতে হবে। কিন্তু পরের দুটোতে আমি দারুণ সন্তুষ্ট। এর চেয়ে তো ভাল দর্শক হতে পারে না। টিকিট না পেয়েও অনেক লোক খেলা না দেখে ফিরে গেছেন। ফাইনালে দেশের প্রধানমন্ত্রীর চেয়ে বড় কোনো অতিথিও হতে পারে না।" আরেকটা খবর হচ্ছে, দর্শকের জন্য নিটল গ্র"প যে গাড়িটা পুরস্কার হিসেবে দিয়েছে তার বিজয়ীকে খুঁজে পাওয়া যায়নি এখনো। বিজয়ীর টিকিটের নম্বরটা বি-০১২৪। এটা ১২ মার্চ ব্রাদার্স-ফরাশগঞ্জের ম্যাচের টিকিট বলে জানিয়েছে বাফুফে কর্তারা। তারা আরো কয়েকদিন অপেক্ষা করবেন ওই টিকেটধারীর জন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯৪৫ঘ.