২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোল পেলেও জয়ের দেখা পেল না ব্রাজিল

ইকুয়েডরের মাটিতে এর আগে কোনো ম্যাচে গোল করতে পারেনি ব্রাজিল। রোববার সেই বন্ধ্যাত্ব ঘুচিয়েছেন হুলিও বাপ্তিস্তা। কিন্তু বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে তার সেই গোল জয় এনে দিতে পারেনি ব্রাজিলকে। বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকান অঞ্চলের এই ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2009, 08:28 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

কিটো, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইকুয়েডরের মাটিতে এর আগে কোনো ম্যাচে গোল করতে পারেনি ব্রাজিল। রোববার সেই বন্ধ্যাত্ব ঘুচিয়েছেন হুলিও বাপ্তিস্তা। কিন্তু বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে তার সেই গোল জয় এনে দিতে পারেনি ব্রাজিলকে। বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকান অঞ্চলের এই ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। দিনের অন্য একটি ম্যাচে চিলি ৩-১ গোলে হারিয়েছে পেরুকে। কিটোর মাঠে ব্রাজিলকে একটি পয়েন্ট এনে দিয়েছেন আসলে তাদের গোলরক্ষক হুলিও সিজার। সমূদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার মিটার উচ্চতার অস্বাভাবিক পরিস্থিতিতে অভ্যস্ত ইকুয়েডরের আক্রমণের সামনে অসহায়ই মনে হচ্ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের, কিন্তু গোলবারের নিচে সিজারের অসাধারণ নৈপুণ্য গোল পেতে দেয়নি স্বাগতিকদের। বিশেষ করে প্রথমার্ধে এডিসনের মেন্ডিসের নেওয়া একটি ফ্রিকিক ফিরিয়ে দেওয়ার পর জেফ্রি গেরনের খুব কাছ থেকে নেওয়া ফিরতি শটটা কোনো রকমে পা দিয়ে ঠেকিয়ে ব্রাজিল সমর্থকদের স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ এনে দিয়েছেন ইন্টার মিলানের এই গোলরক্ষক। দ্বিতীয়ার্ধেও অন্তত দুবার ব্রাজিলকে নিশ্চিত গোল খাওয়ার হাত থেকে বাঁচিয়েছেন সিজার। একবার ক্রিস্টিয়ান বেনিটেজের শট ঠেকিয়ে দিয়েছেন, আর ওয়াল্টার অ্যায়োভির শট গোলে ঢোকার মুখে কোনো রকমে হাত ছুঁইয়ে বদলে দিয়েছেন বলের গতিপথ। এতগুলো সুযোগ নষ্ট করার পর উল্টো ৭৪ মিনিটে বাপ্তিস্তার গোলে আরেকটু হলে জিতেই যাচ্ছিল ব্রাজিল। ৮৯ মিনিটে আরেক বদলি খেলোয়াড় ক্রিস্টিয়ান নোবোয়ার গোলে সমতা এনেছে ইকুয়েডর। ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ব্রাজিল এখন দক্ষিণ আমেরিকান অঞ্চলের পয়েন্ট তালিকার তিন নম্বরে। তাদের চেয়ে পাঁচ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে প্যারাগুয়ে, ১৭ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা দ্বিতীয় স্থানে। ইকুয়েডরের সংগ্রহ ১৩ পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৩৪৫ ঘ.