পোর্তো আলেগ্রে, ব্রাজিল, ৩১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইকুয়েডরের সঙ্গে কোনো রকমে ড্র করে এমনিতেই ব্রাজিল এখন ভীষণ চাপের মধ্যে, গভীর সঙ্কটে। সেই চাপটা যেন আরো বাড়িয়ে দিলেন ডুঙ্গা। ব্রাজিল কোচের আশঙ্কা বিশ্বকাপ বাছাইপর্বের শেষ পর্যন্ত তার দলের দুরবস্থা বজায় থাকতে পারে! সেই শঙ্কা মাথায় নিয়ে বুধবার ঘরের মাঠ পোর্তো আলেগ্রেতে পেরুর মুখোমুখি হতে যাচ্ছে রেকর্ড পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায়।
গত নভেম্বরে পর্তুগালকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল, ফেব্র"য়ারিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়েছিল ২-০ গোলে। তবে প্রীতি ম্যাচে ইউরোপের দুই পরাশক্তির বিপক্ষে সহজ জয় পেলেও লাতিন আমেরিকার 'প্রতিবেশী'দের সঙ্গে তাদের অবস্থা একেবারেই করুণ। বিশ্বকাপ বাছাইপর্বে ১১ ম্যাচের মধ্যে ৬টাতেই ড্র করেছে তারা, হেরেছে একটিতে। বাকি ৪ ম্যাচে জয় পাওয়ায় ১৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন চতুর্থ। দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি ৪টা দল আগামী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আর পঞ্চম দল প্লেঅফ খেলবে কনকাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা) অঞ্চলের চতুর্থ দলের সঙ্গে।
দলের এমন করুণ অবস্থা দেখে ডুঙ্গা স্বাভাবিকভাবেই হতাশ। রোববার ইকুয়েডরের রাজধানী কিটো থেকে অতিকষ্টে এক পয়েন্ট নিয়ে ফেরার পর ব্রাজিলের '৯৪ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়কের কণ্ঠে হতাশাটা স্পষ্টভাবেই ফুটে উঠেছে, "আমরা অবশ্যই এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চাই। কিন্তু ২০০৬ সালের ব্যতিক্রম ছাড়া অতীতের বিশ্বকাপ বাছাইপর্বগুলোতে আমাদের সুতার ওপর দিয়েই হাঁটতে হয়েছে। এই টুর্নামেন্টে প্রতিটা পয়েন্টের জন্যই লড়াই করতে হয়। কারণ শেষ পর্যন্ত প্রায় সব দলই খুব কাছাকাছি থাকে। তাই আমাদের কঠিন মনঃসংযোগের মাধ্যমে ঘরের মাঠে জিততেই হবে।"
বাছাইপর্বে ব্রাজিল সম্পর্কে ডুঙ্গার বিশ্লেষণ পুরোপুরি সঠিক। ১৯৯৪ ও ২০০২ সালে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেও সেই দুবার বাছাইপর্বের বৈতরণী পেরোতে ভীষণ লড়াই করতে হয়েছিল ব্রাজিলকে। '৯৪এ শেষ ম্যাচে উরুগুয়েকে আর ২০০২এ শেষ ম্যাচে ভেনেজুয়েলাকে হারিয়ে তারা বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছিল। ২০০৬এর জার্মানি বিশ্বকাপ অবশ্য দুই ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছিল তারা।
গোলকিপার জুলিও সিজারের অসাধারণ নৈপুণ্যে ইকুয়েডরের সঙ্গে ড্র করার পর ডুঙ্গা বলেছেন, "এটা স্বাভাবিক ফলাফল।" কিন্তু সমালোচকরা তাতে কর্ণপাত না করে আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ব্রাজিল কোচকে। ব্রাজিলের '৭০ বিশ্বকাপজয়ী দলের সদস্য টোস্টাও তো ডুঙ্গার ট্রেনিং পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলেছেন তার লেখা এক কলামে, "আমি টেলিভিশনে দলের অনুশীলনের যে ছবি দেখেছি সেটা একেবারে প্রাথমিক পর্যায়ের অনুশীলন। জাতীয় দলে এ ধরণের ট্রেনিংকে আমি একটুও মেনে নিতে পারছি না। ক্লাব পর্যায়ে বিশেষ করে তরুণদের জন্য এটা ভালো ব্যাপার হতে পারে। কিন্তু জাতীয় দলে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী যেমন মার্কিং, সেটপিস, ডিফেন্সের পজিশন নিয়ে প্র্যাকটিস করাই উচিৎ।"
এমন দুঃসময়ে ব্রাজিলের জন্য একটা সুসংবাদ, বাঁ পায়ের ইনজুরিতে পড়ে ইকুয়েডরের বিপক্ষে খেলতে না পারা কাকার পেরুর সঙ্গে মাঠে নামা প্রায় নিশ্চিত। ডুঙ্গা অবশ্য এসি মিলান তারকার প্রথম একাদশে থাকার কথা নিশ্চিত করতে পারেননি। শুধু বলেছেন, "সে খেলার মতো অবস্থায় আছে। যদিও আমরা জানি না সে কতক্ষণ মাঠে থাকতে পারবে।" তবে ২০০৭এর ফিফা বর্ষসেরা ফুটবলার পুরো ৯০ মিনিট মাঠে থাকতে পারার নিশ্চয়তা দিয়ে জানিয়েছেন, "আমি কোনো ব্যথা অনুভব করছি না।"
কাকাকে পাওয়ার পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য অনুপ্রাণিত করতে পারে ব্রাজিলকে। তাদের বুধবারের প্রতিপক্ষ পেরুর অবস্থান এখন দক্ষিণ আমেরিকা অঞ্চলে সবার নিচে। সবগুলো বিশ্বকাপে অংশ নেয়া একমাত্র দলটি 'দুর্বল প্রতিবেশী'কে হারিয়ে জয়ের ধারায় ফিরতে পারে কিনা এ মুহূর্তে সেই অপেক্ষারই প্রহর গুনছে বিশ্বের কোটি-কোটি ব্রাজিল-ভক্ত!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৪৫ঘ.
bdnews24