২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার কাপে বাফুফের সঙ্গী মাস্টহেড পিআর

'মৃতপ্রায় ফুটবলকে' জাগানোর জন্য বাফুফে পেশাদার লোকজনকে দিয়েই সুপার কাপ আয়োজন করবে। এ পেশাদার প্রতিষ্ঠানের নাম মাস্টহেড পিআর। তাদের সঙ্গে সোমবার আনুষ্ঠানিক চুক্তি করেছে ফুটবল ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2009, 06:04 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, ২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'মৃতপ্রায় ফুটবলকে' জাগানোর জন্য বাফুফে পেশাদার লোকজনকে দিয়েই সুপার কাপ আয়োজন করবে। এ পেশাদার প্রতিষ্ঠানের নাম মাস্টহেড পিআর। তাদের সঙ্গে সোমবার আনুষ্ঠানিক চুক্তি করেছে ফুটবল ফেডারেশন। দেখে মনে হচ্ছে ফুটবলের নতুন এই কমিটি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাইছে। সংবাদ সম্মেলনে সুপার কাপের চেয়ারম্যান হারুনুর রশীদের কন্ঠেও বেজেছে তার প্রতিধ্বনি, "এখন বিশ্বে এমন সব প্রতিষ্ঠান হয়েছে যাদের চিন্তা-চেতনা এবং কর্মকান্ডই হচ্ছে একটি আয়োজনকে কীভাবে সফল করা যায়। এজন্যই মাস্টহেডকে সঙ্গে নিয়েছি আমরা। অনুষ্ঠানের প্রচার ও আয়োজনকে সর্বাঙ্গ সুন্দর করতে তারা নতুন নতুন আইডিয়া দেবে। তাছাড়া আমি বা আমরা সবকিছু জানবো, এমন কোনো কথা নেই।" নিশ্চিতভাবেই এটা ফেডারেশনের নতুন উপলব্ধি। এই পরিবর্তনের পেছনে স্বাধীন বাংলা ফুটবল দলের সংবর্ধনা অনুষ্ঠানের ধাক্কাটাও একটা বড় কারণ। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও স্পষ্ট করে বলেছেন, "ওই সংবর্ধনা অনুষ্ঠানের ভীষণ সমালোচনা হয়েছে মিডিয়ায়। ভবিষ্যতে আমি এ সুযোগ দিতে চাই না।" সেই অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতও ঠিকমতো বাজেনি। এছাড়া নানা অসঙ্গতি তো ছিলই। তাই এবার বাফুফে মাস্টহেড পিআর-কে সঙ্গী করেছে সুপার কাপের জন্য। অবশ্য তারা মূলত একটি জনসংযোগ প্রতিষ্ঠান। তবে তাদের অনুষ্ঠান আয়োজনের মতো ক্ষমতা আছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ফাহাদ করিম। যদিও তিনি স্বীকার করেছেন ক্রীড়াঙ্গনে এটা তাদের অভিষেক, "আমরা নকিয়া, ব্রিটিশ আমেরিকান টোবাকোসহ বিভিন্ন বড় বড় সংস্থার সঙ্গে কাজ করেছি। তবে ফুটবলে আমরা নতুন, তাই এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। ভিন্ন ধরনের এ কাজ করার জন্য আমরা প্রস্তুত।" এতে নাকি বাফুফের তেমন কোনো খরচ হবে না। চুক্তির ব্যাপারে হারুনুর রশীদ বলেছেন, "ক্রীড়াঙ্গনে তাদের অভিষেক বলেই তারা এ আয়োজন করতে যতটুকু খরচ হয় ততটাই নেবে। এছাড়া আর বড় ধরনের কিছু নেই চুক্তিতে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১২৯ঘ.