ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সুপার কাপে আলফাজের অভিষেক ম্যাচে অতি কষ্টে জিতেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতার ম্যাচটি অতিরিক্ত সময়েও কেউ নিজেদের করে নিতে না পারলে টাইব্রেকারে ৫-৩ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে প্লেট পর্বের ফাইনালে উঠেছে রাসেল।
টাইব্রেকারে রাসেলের পক্ষে গোল পাঁচটি করেছেন মরক্কোর রাচিদ, বুলবুল, মাহমুদুল হাসান, মিলুনোভিচ ও আলফাজ। চট্টগ্রাম আবাহনীর পক্ষে ইমন শুরুতেই বাইরে মেরে শুরু করেছেন, পরে ওথেলো, সাইদুল ও টমি মিলার গোল করে বাঁচাতে পারেননি দলকে।
সুপার কাপের গ্র"প পর্বে কোনো এক অজ্ঞাত কারণে শেখ রাসেল একাদশে জায়গা হয়নি আলফাজ আহমেদের। বি. লিগের তৃতীয় দলটি সম্মান খুইয়ে প্লেট পর্বে নেমে আসার পর মনে পড়েছে একসময়ে দেশের সেরা এই স্ট্রাইকারের কথা। আর মাঠে নেমেই তিনি যে ফুরিয়ে যাননি তা মনে করিয়ে দিলেন আরো একবার। ৩০ মিনিটে একবার বল ক্রসবারে লাগানোর পর ৫৩ মিনিটে পেয়ে গেলেন গোলের দেখাও। বাঁদিক থেকে রাজনের ক্রসে মিলুনোভিচের বানিয়ে দেওয়া সুযোগের সদ্বব্যহার করে শেখ রাসেলকে এগিয়ে নেন লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।
অর্থমূল্যে বিচার করলে শেখ রাসেলের বহুজাতিক দলটির সঙ্গে চট্টগ্রাম আবাহনীর তুলনা হয় না। তবে মাঠের খেলায় যে পার্থক্য ধরা পড়েছে তাতে চট্টগ্রাম আবাহনীর সামনেও অসহায় শেখ রাসেল ক্রীড়াচক্র। আধিপত্যে ও আক্রমণে বরাবরই এগিয়ে চট্টগ্রামের দলটি। ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে তারা যেতো পারতো যদি লাইবেরিয়ান যোসেফ ফুলোর শট ক্রসবারে লেগে না ফিরতো। ৩৩ মিনিটে আরেক লাইবেরিয়ান যোসেফ রোমিও বল নিয়ে রাসেলের ডিফেন্সে হানা দিয়েও শটটি রাখতে পারেননি পোস্টে। ৪২ মিনিটে তার যে শটটি পোস্টে ছিল তা কোনোরকমে পাঞ্চ করেন রাসেল গোলরক্ষক, যদিও ফিরতি বলটি জাহাঙ্গীর মেরেছেন ক্রসবার উঁচিয়ে। মিনিট খানেক পরেই রোমিও আবার সহজ সুযোগ নষ্ট করেছেন পোস্টের সামনে থেকে বলটি অবিশ্বাস্যভাবে ক্রসবার উঁচিয়ে মেরে। শেষমেষ তিনি সফল হয়েছেন ৮৩ মিনিটে। তবে তা রাসেলের মরক্কোর ডিফেন্ডার রাচিদের উপহার; তার ভুলে বল জমা হয় রোমিও'র পায়ে এবং তাতেই ম্যাচে ফেরে চট্টগ্রাম আবাহনী। এই ফেরাও তাদের প্লেট পর্বের ফাইনালে পৌঁছে দিতে পারেনি।
আগামী ২৫ ফেব্র"য়ারি হবে প্লেট পর্বের ফাইনাল। তাতে রাসেল খেলবে রহমতগঞ্জ আর ফরাশগঞ্জের মধ্যকার বিজয়ী দলের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২১০০ ঘ.
bdnews24