ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- মোহামেডান গ্যালারির থেমে যাওয়া বাদ্য-বাজনা আবারো বেজে উঠল বুকোলার শেষ মুহূর্তের গোলে। নাইজেরিয়ান স্ট্রাইকারের এই মহামূল্যবান গোলে চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে ১-০ গোলে জিতে ঢাকা মোহামেডান এক ধাপ এগিয়ে গেল সুপার কাপ ফাইনালের পথে।
শুক্রবার দুই মোহামেডানের সেমিফাইনালের লড়াই ভ্রাতৃত্বের বন্ধনমুক্ত হবে শুনেই হয়তো ১২/১৩ হাজার দর্শক হাজির হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। স্বাভাবিকভাবেই আনন্দ-উত্তেজনাটা বেশি মোহামেডান গ্যালারিতে। শুরু থেকে ঢোল বাদ্য-বাজনা বাজিয়ে তারা সাদা-কালোদের অনুপ্রাণিত করছিল। চট্টগ্রাম মোহামেডানের গায়ে সবুজ রঙের দ্বিতীয় জার্সি। কিন্তু মাঠে সবুজের ঔজ্জ্বল্যের কাছে সাদা-কালোদের উপস্থিতি ক্রমেই ম্লান হয়ে যাচ্ছে। গোলেরও সেরকম কোনো লক্ষণ নেই। এসব দেখে মোহামেডানের সমর্থকরা বাদ্য-বাজনা থামিয়ে দিয়েছিল আগেই। শেষমেষ হতাশা নিয়ে গ্যালারি ছাড়ার উদ্যোগ নিতেই তাদের মুখে হাসি ফুটিয়ে দিলেন বুকোলা। ৯০ মিনিটের মাথায় স্বদেশী গুডউইনের ডান দিক থেকে পাঠানো ক্রসে এই নাইজেরিয়ান মাথা ছোঁয়াতেই হর্ষধ্বনিতে দুলে উঠে পুরো স্টেডিয়াম। ক্রসটা এত নিখুঁত হয়েছে তাতে চট্টগ্রাম মোহামেডানের গোলরক্ষক মামুন যেমন বিভ্রান্ত তেমনি টুর্নামেন্টের তৃতীয় গোল করতে বুকোলাকে হেডও করতে হয়নি, মাথাটা কেবল ছ্ুঁইয়েছেন।
যদিও এই হার মানতে কষ্ট হচ্ছিল চট্টগ্রাম মোহামেডানের কোচ নজরুল ইসলাম লেদুর। এজন্য তিনি দায়ী করেছেন গোলরক্ষক মামুনকে, "তার ভুলে আমরা এ ম্যাচ হেরেছি। ইনজুরি টাইম ধরলে ম্যাচের আর মিনিট তিনেকের মতো বাকি। এ অবস্থায় গোলরক্ষক বল ফেলবে পার্শ্বরেখার দিকে। সে কেন বার বার মাঝমাঠে বল ফেলল আমি বুঝতে পারছি না, তাতে কাউন্টার অ্যাটাক হয়েছে। মামুনের অনভিজ্ঞতার কারণে আমরা ম্যাচটা হেরেছি।" ম্যাচ নিয়ে লেদুর বিশ্লেষণ হচ্ছে, "আমিনুল ওদের (ঢাকা মোহামেডান) বাঁচিয়েছে, মামুন হারিয়েছে আমাদের। আমিনুল থাকায় তারা বেঁচে গেছে।" আসলে ম্যাচের সেরা সুযোগটি পেয়েছিল চট্টগ্রাম মোহামেডান। ৭৩ মিনিটে ডানদিক থেকে রাফায়েলের মাইনাসটি আয়ত্তে নিয়ে নাসির মাত্র আট গজ দূর থেকে বাঁ-পায়ে জোরালে শট নিয়েছিলেন। তা অবিশ্বাস্যভাবে তালুবন্দী করে আমিনুল ঢাকা মোহামেডানকে রক্ষা করেছেন। তার জায়গায় অন্য কেউ হলে তখনই পিছিয়ে পড়ে সাদা-কালোরা।
ঢাকা মোহামেডান অবশ্য সেরকম কোনো সুযোগ তৈরি করতে পারেনি পুরো ম্যাচে। ইনজুরি কাটিয়ে ওঠা রবিনকে প্রথম একাদশে বুকোলার সঙ্গী করেও চট্টগ্রাম মোহামেডানের ডিফেন্স ভাঙ্গতে পারেনি। ৩৩ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে নাইজেরিয়ান স্ট্রাইকার বল নিয়ে ঢুকেও ওয়ান টু ওয়ানে পেরে উঠেননি। ডাইভ দিয়ে পড়ে গেলে রেফারি আজাদ রহমান আগের মতো পেনাল্টির বাঁশির বাজানোর ভুলটি করেননি। দ্বিতীয়ার্ধেও দু'বার বুকোলা ডান দিক দিয়ে ঢুকেছিলেন তবে শট পোস্টে রাখতে পারেননি। এজন্য কৃতিত্ব দিতে হবে চট্টগ্রাম মোহাডোনের প্রদীপ, শওকত, শরীফ ও লিঙ্কনকে। মাঝমাঠও খেলেছে ভাল। বিশেষ করে কামারা সাইফুল্লা ও অধিনায়ক কায়সার বেশ ভালো কয়েকটি সুযোগ তৈরি করে দিয়েছিলেন। কিন্তু সেগুলো কাজে না লাগাতে ড্র-ই
তাই ড্র-ই ছিল তাদের প্রত্যাশিত ফল। কিন্তু বুকোলার শেষ মুহূর্তের ঝলকে সব ওলট-পালট করে দিয়ে ঢাকা মোহামেডান ফিরতি সেমিফাইনালের আগে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে। তাদের কোচ মারুফুল হকও সন্তুষ্ট দলের পারফরম্যান্সে, "আগের ম্যাচগুলোতে আমরা ভাল খেলতে না পারলেও এ ম্যাচে আমাদের পারফরম্যান্স সন্তোষজনক। কারণ বুকোলার ছিল জ্বর, হাজেম খালেদের পিঠে ব্যথা এবং রবিনের ইনজুরি পুরোপুরি সারেনি। এসব বিবেচনায় আমাদের পারফরম্যান্স ভাল বলতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২০৫ঘ.
bdnews24