২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমিলির জোড়া গোলে এগিয়ে রইলো আবাহনী

ঢাকা আবাহনীর প্রার্থনাই কবুল করেছেন ফুটবল দেবতা। খারাপ দিনটি আসি আসি করেও আসতে পারেনি হয়তো সে কারণেই। ব্রাদার্সের মুখের গ্রাসটি কেড়ে নিয়ে সেই আশির্বাদেই মুখে পুরেছে আকাশি-হলুদরা। পরাজয়ের দ্বারপ্রান্ত থেকে ঘুরে দাঁড়িয়ে জিতেছে ৩-২ গোলে। আর তাতে উপলক্ষ হয়েছেন জাহিদ হাসান এমিলি। এক মিনিটের ব্যাবধানে এই তরুণ স্ট্রাইকারের জোড়া গোল সুপার কাপের ফাইনালে ওঠার দৌড়ে এক ধাপ এগিয়ে রেখেছে আবাহনীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2009, 04:47 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা আবাহনীর প্রার্থনাই কবুল করেছেন ফুটবল দেবতা। খারাপ দিনটি আসি আসি করেও আসতে পারেনি হয়তো সে কারণেই। ব্রাদার্সের মুখের গ্রাসটি কেড়ে নিয়ে সেই আশির্বাদেই মুখে পুরেছে আকাশি-হলুদরা। পরাজয়ের দ্বারপ্রান্ত থেকে ঘুরে দাঁড়িয়ে জিতেছে ৩-২ গোলে। আর তাতে উপলক্ষ হয়েছেন জাহিদ হাসান এমিলি। এক মিনিটের ব্যাবধানে এই তরুণ স্ট্রাইকারের জোড়া গোল সুপার কাপের ফাইনালে ওঠার দৌড়ে এক ধাপ এগিয়ে রেখেছে আবাহনীকে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনাল প্রথম লেগের ম্যাচটির শেষ বাঁশি বাজার পরও যেন তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড়দের। এত ভাল খেলেও ফল নিয়ে ফিরতে না পারার আক্ষেপ তাদের চোখেমুখে। পারবেও-বা কী করে, ম্যাচের আগে থেকেই যে আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রূপু প্রার্থনা করছিলেন, "খারাপ দিনটি যেন না আসে।" তবে দিন খারাপ হলে যে কীরকম হতে পারে তা খেলোয়াড়রা টের পেয়েছেন হাড়ে হাড়ে। ম্যাচ শেষে ১১ মিনিট মতো বাকি থাকতেও বি. লিগ চ্যাম্পিয়নরা ছিল খাদের কিনারায় দাঁড়িয়ে। ২-১ গোলে এগিয়ে থাকা ব্রাদার্স শিবিরে তখন উৎসবে মেতে ওঠার অপেক্ষা। বলের দখল কিংবা অধিপত্যেও তারা এগিয়ে। দ্বিতীয়ার্ধে একটি বারের জন্যও আবাহনী হানা দিতে পারেনি প্রতিপক্ষের ডিফেন্সে। গ্র"প পর্বে যারা দোর্দন্ড প্রতাপ দেখিয়েছেন তাদের তখন দেখা যাচ্ছে ব্রাদার্সের খেলোয়াড়দের পেছন পেছন ছূটতে। ঠিক তখনই ফুটবল দেবতার স্নেহধন্য হয়ে আভির্ভূত হয়েছেন এমিলি। ৭৯ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে ওয়ালি ফয়সালের একটা ফ্রি-কিকে হেড করে এই তরুণ স্ট্রাইকার ম্যাচে ফিরিয়েছেন আকাশী-হলুদদের। আর মিনিট খানেক বাদে তিনি দেখিয়েছেন পায়ের কারিগরি! অফ-সাইডের ফাঁদ টপকে ইব্রাহিমের লবটি আয়ত্তে নিয়ে আগুয়ান গোলরক্ষ জিয়ার পাশ দিয়ে বল পাঠিয়েছেন ব্রাদার্সের জালে। এক মিনিটের মধ্যেই বদলে গেছে গ্যালারির চেহারাও। আর ম্যাচশেষে সুপার কাপে তিন গোল করা এই তরুণ স্ট্রাইকারের চোখে-মুখেও গ্যালারির সেই আনন্দের ছাপ, "আমরা প্রতিজ্ঞা করেছিলাম এই ম্যাচ জিতবো। আমার কাজ গোল করা। সেটা করে দলকে দুর্দান্ত একটা জয় এনে দিতে পেরেছি, এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না।" একসময় যদিও মনে হয়েছিল ম্যাচ থেকে ছিটকে গেছে আবাহনী, কিন্তু জাতীয় দলের এই স্ট্রাইকার বলেন অন্যভাবে, "না। এক গোলে পিছিয়ে থাকলেও আমরা কখনোই হাল ছাড়িনি।" হাল হয়তো ছাড়েননি। তবে এটাও সত্য নজরুলের ভুলে গোল খেয়ে হালে পানি পাওয়া কঠিন হয়ে গিয়েছিল আবাহনীর। এক সময়ের তুখোড় স্টপার নজরুল ইসলাম ফর্ম হারিয়ে হয়ে গেছেন রাইট-ব্যাক। কিন্তু সেখানেও খুব একটা সুবিধে করতে পারছেন না আজকাল, পা যেন চলছেই না তার। কাউন্টার অ্যাটাক থেকে ব্রাদার্সের রিক্ত'র শটটি নিজের পায়ে নিয়েও তিনি রাখতে পারেননি। কেড়ে নিয়ে শাকিল জোরালো শটে আবাহনীর গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্যকে পরাস্ত করে ৬০ মিনিটে ২-১ গোলে এগিয়ে নেন ব্রাদার্সকে। এই শটে বিপ্লবের অসহায়ত্ব মেনে নেওয়ার মতো, কিন্তু আসলে এদিন পুরো ম্যাচে তাকে কখনোই আস্থার প্রতীক বলে মনে হয়নি। সাধারণ বলেও বার বার তার হাত কেঁপে উঠেছে। ৩৮ মিনিটে তিনি অকারণে পাঞ্চ করে হেনরিকে সুযোগ করে দিয়েছিলেন, যদিও ব্রাদার্স স্ট্রাইকার সেটা কাজে লাগাতে পারেননি। তবে ৪৩ মিনিটে বিপ্লবের সেরকমই একটি পাঞ্চ থেকে বল নিয়ে সমতাসূচক গোলটি করেছেন ওই হেনরিই। রিক্ত'র নীচু শট গ্রিপ না করে বিপ্লব পাঞ্চ করে ফেলেছিলেন তার পায়ে। আরেকবার ৫৭ মিনিটে জাহিদ হোসেনের হেড গ্রিপ করতে না পেরে আবারো ডিফেন্সে ভীতির সঞ্চার করেছেন। এর আগে আবাহনীর শুরুটা অবশ্য ছিল দারুনই। ১৬ মিনিটে আওদু ইব্রাহিমের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় তারা। সেখানেও কাউন্টার অ্যাটাক থেকে লবটা পাঠিয়েছেন এমিলি। কিন্তু দুই ডিফেন্ডারের মাঝে ঘানাইয়ান স্ট্রাইকার বলটা মাথা দিয়ে নামিয়ে ব্রাদার্স গোলরক্ষক জিয়ার মাথার ওপর দিয়ে পাঠিয়ে দিয়েছেন জালে। মিনিট দুয়েক পরেই সেই গোল শোধের মতো অবস্থায় পৌঁছে গিয়েছিল ব্রাদার্স। আবাহনীর ডিফেন্ডার ওয়ালী ফয়সাল হেড করতে গিয়ে বল লেগে যায় হাতে। দৃশ্যতঃ পেনাল্টি হওয়ার মতোই অপরাধ কিন্তু রেফারি তৈয়ব হাসান তা উপেক্ষা করে অকারণে উত্তেজনা সৃষ্টি করেন মাঠে এবং গ্যালারিতে। ব্রাদার্সের খেলোয়াড়দের পেনাল্টির জোর দাবির মুখে খেলা বন্ধ থাকে মিনিট পাঁচেক। এরপর তারা ম্যাচে ফিরলেও রেফারির বাঁশি যেন ক্রমেই আরো বেসুরো হয়ে উঠে। এজন্যই হয়তো আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রূপুর অভিযোগ, "ব্রাদার্সের পেনাল্টি দাবির পর থেকে রেফারি খেলাটা নষ্ট করে দিয়েছেন। মনে হয়েছে তিনি নিজের একটা ভুল ঢাকতে আরেকটা ভুল বাঁশি বাজিয়েছেন। তাতে করে আবাহনীর বেশি ক্ষতি হয়েছে।" কিন্তু শেষ পর্যন্ত সব ক্ষতি পুষিয়ে দিয়েছে ফুটবল দেবতা। তাই ম্যাচ শেষে ব্রাদার্স কোচ ওয়াসিম ইকবালও হতভম্ব, "এরকম একটা ম্যাচ খেলার পর আমরা দু-তিন মিনিটে দুটো গোল খেয়ে ফেললাম! আমরা আসলে উপহার দিয়েছি গোল দুটো।" ২৩ মার্চ ফিরতি লেগের ম্যাচের আগে ওই দুটি গোলই এগিয়ে রাখলো আবাহনীকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২২৩৭ ঘ.