ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- আশংকার জায়গায় আশার প্রদীপ জ্বালিয়ে চট্টগ্রাম মোহামেডান ঘোষণা দিয়েছে, এই ম্যাচে তারা ভ্রাতৃত্বের বন্ধনমুক্ত। এবং ফেবারিটও! এরকম কিছু বলেনি ঢাকা মোহামেডান, তবে ঐতিহ্যগতভাবে তাদের চোখ বরাবরের মতোই এক কোটি টাকার সম্মানী ও সম্মানের দিকে। এটাই হচ্ছে সেমিফাইনাল লাইন-আপ দেখে মন খারাপ করা ফুটবল দর্শকদের জন্য সুখবর। শুক্রবার বিকেল ৫ টা থেকে শুরু দুই মোহামেডানের সুপার কাপ সেমিফাইনাল লড়াইও ম্যাড়ম্যাড়ে হচ্ছে না।
সুপার কাপের গ্র"প পর্বের খেলা দেখার অভিজ্ঞতা থেকেও বলে দেওয়া যায় এই লড়াইটা বেশ জমবে। বড় কারণ হচ্ছে ঢাকা মোহামেডান বাজে পারফরম্যান্স। অবনমনের ধারায় তাদের সঙ্গে চট্টগ্রাম মোহামেডানের খুব বেশি পার্থক্য খুঁজে পাচ্ছেন না খোদ মোহামেডান সমর্থকরাও। সংবাদ সম্মেলনে ঢাকা মোহামেডানের কোচ মারুফ স্বীকার করেছেন, "বি. লিগে আমরা যে মানের ফুটবল খেলেছি সুপার কাপের তিন ম্যাচে তা ধরে রাখতে পারিনি। মনে হয় বড় টুর্নামেন্টের কথা ভেবে খেলোয়াড়রা বাড়তি চাপ নিয়েছে।" চাপ তাদের স্বাভাবিক খেলাকে ব্যাহত করেছে, তাই দুটো ম্যাচ জিততেও পোড়াতে হয়েছে অনেক কাঠখড়। এবং অবশ্যই সঙ্গী হয়েছিল পেনাল্টি-বিতর্ক। মজার ব্যাপার হচ্ছে, তাদের তিনটি ম্যাচেই রেফারির মান নিয়ে প্রশ্ন তুলেছে প্রতিপক্ষ দলগুলো।
সেদিক থেকে চট্টগ্রাম মোহামেডানের অনেক 'ক্লিন ইমেজ।' তাদের চমৎকার ফুটবল শৈলীতে শেখ রাসেলের মতো 'বহুজাতিক' বড় দলও ধরাশায়ী হয়েছে। ফরাশগঞ্জও পারেনি। এবং ঢাকা আবাহনীর বিপক্ষে হারা ম্যাচেও প্রথম গোল করে তারা চমকে দিয়েছিল। সেমিফাইনালের আগে ওই আত্মবিশ্বাসের স্ফুরণ দেখা গেছে তাদের কোচ নজরুল ইসলাম লেদুর গলায়, "চমক দিয়ে শুরু করেছি, চমক দিয়েই শেষ করতে চাই। এই ম্যাচে চট্টগ্রাম মোহামেডানই ফেবারিট।" কথাগুলো যেন অচেনা লাগছে। একই গোত্র-বর্ণের দল হয়েও প্রথমবারের মতো এরকম হুমকি উচ্চারণ করছে চট্টগ্রাম মোহামেডান! এ ব্যাপারে লেদুর ব্যাখ্যাটা এরকম, "এক পরিবারের মধ্যে জমি-জমা নিয়ে যখন ভাগাভাগি হয় তখন ভাই ভাইকেও ছাড়ে না।" সহজ ভাষায় কোটি টাকার টুর্নামেন্টে তারা ভ্রাতৃত্বের বন্ধনমুক্ত; মাঠের লড়াইয়ে তারা জিততে চায়। চট্টগ্রাম মোহামেডানের অধিনায়ক মাসুদ পারভেজ কায়সার আরো স্পষ্ট করে দিয়েছেন, "কোটি টাকাই আমাদের সেমিফাইনালে খেলার অনুপ্রেরণা। আমাদের ওপর কোনো চাপ নেই এবং পা-ও মাটিতে আছে।"
মানে সেমিফাইনালে উঠার খ্যাতি তাদের পারফরম্যান্সে এতটুকু বিরূপ প্রভাব ফেলতে পারবে না। কারণ চট্টগ্রাম মোহামেডান কোচ নজরুল ইসলাম লেদু। প্রোফাইল অতো উঁচু না হলেও তার দাবি, "আমি খেলোয়াড়দের খুব ভাল বুঝি, জানি তাদের ক্ষমতাও। আমরা কী করতে পারবো কী পারবো না সে সম্পর্কে আমার ধারণা আছে। আমার নিজের পরিশ্রম ও খেলোয়াড়দের চেষ্টায় দলটা আজ এ পর্যন্ত এসেছে। এখান থেকে তো হাল ছেড়ে দেওয়া যায় না।"
তবে তিনিও ভাল করে জানেন ঢাকা মোহামেডান যে কোনো সময় জ্বলে উঠতে পারে। সেখানেও কিন্তু মূল জ্বালানী কোচ মারুফুল হক যার হাত ধরে তারা মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ জেতে। তার আহ্বান, "বাড়তি চাপ না নিয়ে স্বাভাবিক খেলতে হবে খেলোয়াড়দের। তাতেই আমাদের খেলার গতি এবং আক্রমণের ধার বেড়ে যাবে।" দলের নিয়মিত অধিনায়ক মিডফিল্ডার আরমান আজিজ ও শরীফকে সেমিফাইনালে না পাওয়াটাকেও কোচ বড় সমস্যা মনে করছেন না। কার্ডের খড়গে কাটা পড়া দুজনের জায়গায় খেলবেন মারুফ ও পাপ্পু। ইনজুরিতে পড়া স্ট্রাইকার রবিনের জায়গায় নতুন নাইজেরিয়ান জন গুডউইনের ব্রাদার্সের বিপক্ষে চমৎকার এক গোল দেখার পর কোচের মনে কোনো সন্দেহ নেই। এখন তার চোখ বুকোলা ও গুডউইনের স্ট্রাইকিং জুটির ওপর।
একমাত্র তারাই পারে চট্টগ্রাম মোহামেডানের 'ফেবারিট তত্ত্ব' ভেঙ্গে ঢাকা মোহামেডানকে সুপার কাপের ফাইনালে নিয়ে যেতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৭৫৫ঘ.
bdnews24